Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা
    অর্থনীতি

    এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা

    ইভান মাহমুদমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর ন্যায্যতা নিশ্চিত করতে বদলাচ্ছে সারচার্জের নিয়ম
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তাদের চলমান আন্দোলনের ফলে দেশের প্রধান প্রধান বন্দরগুলোতে আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শনিবার (২৪ মে) পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ব্যবসায়ীদের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিল্প সংশ্লিষ্টরা হুঁশিয়ারি দিয়েছেন, এই অচলাবস্থা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা দেশের অর্থনীতিতে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।

    এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা

    ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নামক সংগঠনের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, সরকার তাদের দাবি না মানলে আগামীকাল ২৬ মে থেকে সব ধরনের আমদানি-রপ্তানির ছাড়পত্রসহ শুল্ক কার্যক্রম স্থগিত রাখা হবে। কেবল আন্তর্জাতিক যাত্রী পরিবহন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

    চট্টগ্রাম বন্দর, যেখান দিয়ে দেশের প্রায় ৯০ শতাংশ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয় সেখানেও গতকাল বিকেল ৫টা পর্যন্ত আমদানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। বেনাপোল কাস্টম হাউসেও একই অবস্থা দেখা গেছে, যেখানে কার্যক্রম বন্ধ ছিল। ঢাকায় কাস্টম হাউসে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চালু থাকলেও দেশের বিভিন্ন কর ও ভ্যাট অফিসে কাজ প্রায় পুরোপুরি বন্ধ ছিল।

    এই অচলাবস্থায় আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বেশ কয়েকজন রপ্তানিকারক জানিয়েছেন, পণ্য সরবরাহে সম্ভাব্য বিলম্বের কারণে বিদেশি ক্লায়েন্টরা যোগাযোগ করছেন এবং সময়মতো চালান না পৌঁছালে অর্ডার বাতিল হওয়ার আশঙ্কা করছেন। শিল্প নেতারা বলছেন, সংকট যদি চলতেই থাকে তবে এর ফলে বাংলাদেশ তার আন্তর্জাতিক সুনাম হারাতে পারে বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হতে পারে।

    এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, শনিবার আমদানি ও রপ্তানি কার্যক্রম অনেকটাই স্থবির ছিল এবং সোমবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তার মতে, প্রতিদিন অর্থনীতিতে ২৫০ মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, চালান বিলম্বিত হলে অর্ডার বাতিল কিংবা মূল্যছাড় দিতে হতে পারে যা আমাদের বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা দেবে।

    বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ খানও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আমদানিকৃত পণ্যের শুল্ক ছাড়পত্র শনিবার থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং রপ্তানি কার্যক্রমও কেবল রোববার পর্যন্ত সীমিতভাবে চালু থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছে। সোমবার থেকে সব কার্যক্রম বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে তিনি মনে করেন। তিনি জানান, ইতোমধ্যে এক কোরিয়ান ক্রেতা তার সঙ্গে যোগাযোগ করে সরবরাহ বিঘ্নের সম্ভাবনার কথা জানিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে।

    চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘট চলাকালে সব ধরনের আমদানি মূল্যায়ন বন্ধ ছিল। বিকেল ৫টার পর সীমিত আকারে কার্যক্রম শুরু হলেও সারাদিন রপ্তানি কার্যক্রম অব্যাহত ছিল।

    এনবিআরের এই ধর্মঘটের ফলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। এর ফলে যানজট, স্টোরেজ ফি, পণ্যের বিলম্বিত ছাড়পত্রসহ নানা কারণে আমদানিকারকদের বিপুল ব্যয় বহন করতে হচ্ছে।

    ঢাকার কাস্টম হাউস কমিশনার মো. জাকির হোসেন জানিয়েছেন, রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পচনশীল ও জরুরি পণ্যের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখানো হচ্ছে। তবে বেনাপোলের এক ক্লিয়ারিং এজেন্ট নূর হোসেন জানান, একটি পোশাক চালান শুল্কায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

    চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বন্দরটি ৩.২৭৬ মিলিয়ন টিইইউ কনটেইনার এবং ১২৪ মিলিয়ন টন পণ্য প্রক্রিয়াজাত করেছে, যা দেশের বাণিজ্যের বিশাল অংশ। বর্তমানে সেখানে ৪ হাজারের বেশি কনটেইনার আটকে রয়েছে, যা ১৩ মে থেকে ১৯ মে বিকেল ৩টা পর্যন্ত আমদানি ছাড়পত্র স্থগিত থাকার প্রভাবে সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত কাস্টম হাউসটি ৭৮.৭ মিলিয়ন টন পণ্য আমদানি করেছে এবং ৬২ হাজার ৮১৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

    শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরের সামনে শত শত কর্মকর্তা জড়ো হয়ে এক সংবাদ সম্মেলনে তাদের দাবিসমূহ পুনর্ব্যক্ত করেন। এসব দাবির মধ্যে রয়েছে এনবিআর ভাঙার বিষয়ে অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ এবং যেকোনো সংস্কারের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ করা।

    একজন মুখপাত্র বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সময়মতো রাজস্ব আদায়ের জন্য সরকারের কাছ থেকে একটি স্পষ্ট ঘোষণা প্রয়োজন। দাবি মানা হলে তারা অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস দেন এবং অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

    এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা

    এদিকে এনবিআর সদর দপ্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভবনের বাইরে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেবল বৈধ পরিচয়পত্রধারী কর্মচারীদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ১৪ মে থেকে কলমবিরতি কর্মসূচি শুরু করেছিল, যা ১৯ মে প্রধান উপদেষ্টার আলোচনার প্রস্তাবের পর সাময়িকভাবে স্থগিত করা হয়।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মোহাম্মদ হাতেম বলেন, কর্মকর্তাদের দাবি যৌক্তিক হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হওয়া জরুরি।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, প্রয়োজনে এনবিআর পুনর্গঠন সংক্রান্ত অধ্যাদেশটি স্থগিত রাখা উচিত যতক্ষণ না সমাধানে পৌঁছানো যায়। তিনি মনে করেন, এই অচলাবস্থা আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে নেতিবাচক বার্তা দিচ্ছে যার ফলে তারা অর্ডার কমিয়ে দিতে পারেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক অর্থনীতিবিদ বলেন, একদিকে যেভাবে এই অধ্যাদেশ পাস করা হয়েছে এবং অন্যদিকে যেভাবে কর্মকর্তারা বাণিজ্য কার্যক্রম কার্যত স্থবির করে দিয়েছেন উভয়ই উদ্বেগজনক। এসব সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের রাজস্ব এবং আন্তর্জাতিক বাণিজ্য দুইই ঝুঁকির মুখে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.