ঈদুল আজহার আগে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ। প্রতিবছরের মতো এবারও শ্রমিকদের বেতন ও বোনাস ইস্যুতে উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পরও শ্রমিক অসন্তোষের প্রবণতা বন্ধ হয়নি, বরং তা এখনও কিছুটা হলেও চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন নজরদারি চালাচ্ছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে এমন ১৯৮টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এসব কারখানার বিষয়ে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প পুলিশ তথ্য ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে এই কারখানাগুলোর তালিকা তৈরি করেছে।
এই ১৯৮টি কারখানার মধ্যে পোশাকশিল্পের শীর্ষ তিনটি সংগঠনের আওতাভুক্ত বহু প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সদস্য ৬৯টি, বিকেএমইএর আওতায় ২২টি এবং বিটিএমএভুক্ত রয়েছে ২৪টি কারখানা। এছাড়াও বেপজার (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) আওতাধীন রয়েছে ১২টি কারখানা এবং ৭১টি কারখানা কোনো সংগঠনের সদস্য নয়।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ছাঁটাই বা লে-অফ ঘোষণা না করার জন্য মালিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। ঈদের আগে কোনো প্রকার অস্থিরতা যাতে না তৈরি হয় সে জন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সদস্যকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
শিল্প পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল গাজী জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “সরকার যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়নে তদারকি করছি। ছুটিসংক্রান্ত বিষয়গুলোও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
বর্তমানে দেশে শিল্প পুলিশের তত্ত্বাবধানে রয়েছে আটটি বড় শিল্পাঞ্চল আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট। এসব অঞ্চলে সক্রিয় কারখানার সংখ্যা প্রায় ৯ হাজার ৬০০টি। এর মধ্যে গাজীপুরেই রয়েছে ২ হাজার ১৭৬টি এবং আশুলিয়ায় ১ হাজার ৮৬৩টি কারখানা। চট্টগ্রামে রয়েছে ১ হাজার ৭৩৫টি, নারায়ণগঞ্জে ১ হাজার ৮০৬টি, খুলনায় ৭৬৭টি, ময়মনসিংহে ২৮৪টি, কুমিল্লায় ৩১৬টি এবং সিলেটে ৭৪৮টি কারখানা।
সরকার ইতোমধ্যেই ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিয়েছে। গত ১৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগামী ৩ জুনের মধ্যে মে মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে অযৌক্তিক কোনো দাবিতে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবছরের মতো এবারও ঈদের আগে শ্রমিক অসন্তোষের সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা এবং তদারকির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে সতর্ক দৃষ্টি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

