চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ১০ মাস পেরিয়ে গেলেও রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা পূরণে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মে মাস শেষ হওয়ার পথে হলেও রাজস্ব আহরণ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের কারণে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে যার বিরূপ প্রভাব পড়ছে রাজস্ব আহরণে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য এনবিআরকে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এপ্রিল পর্যন্ত এই লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি ৯১ লাখ টাকা। কিন্তু বাস্তবে এ সময় পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে মাত্র ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি ৮৪ লাখ টাকা, অর্থাৎ ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি ৭ লাখ টাকা। আর পুরো অর্থবছরের লক্ষ্য অনুযায়ী এখনো বাকি রয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৪৩ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ এখন পর্যন্ত এনবিআরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জনের ঘাটতি ৩৮ দশমিক শূন্য ২ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে ঘাটতি সবচেয়ে প্রকট। এই খাতে ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৭ হাজার ৬৮০ কোটি ৫ লাখ টাকা। কিন্তু আহরণ হয়েছে মাত্র ৯৪ হাজার ৯৩৮ কোটি ৮৪ লাখ টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪ দশমিক ৬৪ শতাংশ কম।
স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আহরণেও লক্ষ্য পূরণ হয়নি। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪২২ কোটি ৩৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আয় করেছে ১ লাখ ১১ হাজার ২০২ কোটি টাকা অর্থাৎ ঘাটতি রয়েছে ৩৫ দশমিক ১৬ শতাংশ।
আমদানি ও রফতানি পর্যায়ের রাজস্ব আদায়েও রয়েছে বড় ঘাটতি। সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত লক্ষ্য ছিল ১ লাখ ১ হাজার ৬৩০ কোটি ৪৭ লাখ টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ৮১ হাজার ১১৬ কোটি টাকা, ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ শতাংশ।
তবে আগের অর্থবছরের তুলনায় এ বছর কিছুটা প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব আহরণ হয়েছিল ২ লাখ ৭৮ হাজার ২৪২ কোটি ৬৯ লাখ টাকা, যেখানে চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি ৮৪ লাখ টাকায়। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ।
শুধু এপ্রিল মাসের হিসাবেও লক্ষ্য পূরণ হয়নি। ওই মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৮০ কোটি ৫২ লাখ টাকা। আদায় হয়েছে মাত্র ৩০ হাজার ৭৭০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় ৫ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার ঘাটতি দেখা গেছে। যদিও গত অর্থবছরের একই মাসে রাজস্ব আদায় ছিল ২৮ হাজার ৬৫০ কোটি ৩৮ লাখ টাকা, এবার সেই তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। তবে এপ্রিলের মোট লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় পিছিয়ে আছে ১৫ দশমিক ৮৮ শতাংশ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অর্থবছরের শেষ দুই মাস মে ও জুন রাজস্ব আহরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ঠিক এই সময়েই এনবিআরের বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট ও কাস্টমস হাউজে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বাতিলের দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। এর ফলে রাজস্ব আহরণ কার্যক্রমে বড় ধরণের ব্যাঘাত দেখা দিয়েছে।
কাস্টমস বিভাগের সূত্রে জানা গেছে, সাধারণত প্রতিদিন গড়ে ৩ হাজার ৩০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়। অর্থবছরের শেষ দুই মাসে এ পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর সব খাতে রাজস্ব আদায়ে মারাত্মক বিপর্যয় ঘটছে।
অর্থনীতিবিদ ও র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “গত ১০ মাসের রাজস্ব আহরণের তথ্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এনবিআর এ বছর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না। এর প্রভাবে উন্নয়ন বাজেটেও কাটছাঁট করতে হয়েছে এবং আগামী অর্থবছরে সরকারকে বড় অঙ্কের ঋণ নিতে হবে যার সুদ দিতে গিয়ে বাজেটের একটা বড় অংশ ব্যয় হয়ে যাবে। তাই এনবিআরের চলমান আন্দোলনকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে না হলে চলতি মাসে আরও বড় ধাক্কা আসবে রাজস্ব আদায়ে।”
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ প্রসঙ্গে বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডকে বরাবরই কঠিন লক্ষ্যমাত্রা দেওয়া হয়। অর্থনৈতিক কার্যক্রম কিছুটা ধীর হওয়া, জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া ইত্যাদি কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়ে। তবে শত প্রতিকূলতার মধ্যেও গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে, যা একটি ইতিবাচক দিক। আমরা আশা করি, কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে ডিজিটাল করে রাজস্ব আহরণ আরও বাড়ানো সম্ভব হবে।”
এই পরিস্থিতিতে চলতি অর্থবছরের বাকি সময় এবং আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নে এনবিআরের স্থবিরতা নিরসন এখন সময়ের দাবি। আন্দোলনের কারণে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

