দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনও উদ্বেগজনক অবস্থানে রয়েছে। এপ্রিল মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ৯.৩৫ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৯.১৭ শতাংশে। খাদ্য মূল্যস্ফীতির হারও কিছুটা হ্রাস পেয়ে ৮.৯৩ শতাংশ থেকে ৮.৬৩ শতাংশে নেমেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
শনিবার প্রকাশিত ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক: মে ২০২৫’ শীর্ষক এই প্রতিবেদনে জানানো হয়, কঠোর মুদ্রানীতি ও লক্ষ্যভিত্তিক রাজস্ব হস্তক্ষেপের ফলে মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয়ার্ধে কার্যকর হওয়া কড়াকড়ি মুদ্রানীতির মাধ্যমে অর্থ সরবরাহ ও চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি চাল ও ভোজ্যতেলের মতো জরুরি খাদ্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাসের মতো পদক্ষেপ ভোক্তা পর্যায়ে চাপ হ্রাসে সহায়ক হয়েছে। এছাড়া, অনুকূল আবহাওয়া এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কৃষিপণ্য ও মৌসুমি শাকসবজির সরবরাহ নির্বিঘ্ন থেকেছে।
প্রতিবেদন অনুসারে, সরকারের এই সম্মিলিত উদ্যোগগুলো ২০২৫ সালের জুন মাস নাগাদ মূল্যস্ফীতির হার ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
তবে বিশ্লেষণে দেখা গেছে, এপ্রিল মাসেও মূল্যস্ফীতির সবচেয়ে বড় উৎস ছিল খাদ্য খাত, যা এককভাবে ৪২.২ শতাংশ অবদান রেখেছে। খাদ্যবহির্ভূত খাতগুলোর মধ্যে গৃহায়ন ও ইউটিলিটি খাত ১৩ শতাংশ, পোশাক ও জুতা খাত ৯.৮ শতাংশ, এবং পরিবহন খাত ৭ শতাংশ মূল্যস্ফীতিতে প্রভাব রেখেছে।
খাদ্য মূল্যস্ফীতির বিস্তারিত বিশ্লেষণে উঠে এসেছে কিছু নির্দিষ্ট পণ্যের উল্লেখযোগ্য প্রভাব। চালের মূল্যস্ফীতিতে অবদান মার্চে ৩৪ শতাংশ থেকে বেড়ে এপ্রিল মাসে ৪০ শতাংশে পৌঁছেছে যার মধ্যে মাঝারি চাল একাই ১৯.৪ শতাংশ অবদান রেখেছে। এটি বাজারে চালের সরবরাহ ঘাটতির ইঙ্গিত দেয়।
মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল বেগুনের দাম যার অবদান ছিল ১৭.১২ শতাংশ। তবে এপ্রিল মাসে এর অবদান কমে ১১ শতাংশে নেমে এসেছে এবং এটি তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে। অপরদিকে সয়াবিন তেল ৮.২ শতাংশ মূল্যস্ফীতির জন্য দায়ী ছিল। আলুর দাম কমে যাওয়ায় এর প্রভাব নেতিবাচক হয়েছে যার অবদান –১৩.৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির প্রভাব শহরাঞ্চলের তুলনায় অনেক বেশি। গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির অবদান ৪৪.৭ শতাংশ হলেও শহরে তা ৩৬.৫ শতাংশ। এ প্রেক্ষাপটে জিইডি শুধু মুদ্রানীতির ওপর নির্ভর না করে সরাসরি হস্তক্ষেপমূলক পদক্ষেপের ওপর জোর দিয়েছে।
দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের জন্য সরকারি খাদ্য মজুত জোরদার এবং লক্ষ্যভিত্তিক খাদ্য হস্তান্তর কর্মসূচি চালুর সুপারিশ করা হয়েছে। সরকার আর্থিকভাবে ভর্তুকি দিতে সীমিত সামর্থ্য রাখলেও প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, বিদ্যালয়ভিত্তিক খাবার বিতরণ, খাদ্যের বিনিময়ে কর্মসূচি, ওপেন মার্কেট সেল (ওএমএস), এবং নিশ্চিত কর্মসংস্থান কর্মসূচির সম্প্রসারণ জরুরি। বিশেষ করে কৃষির অফ-সিজনে এসব কর্মসূচির গুরুত্ব আরও বেশি।
প্রতিবেদনটি শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, গ্রামীণ পরিবারগুলোর মতো তারা খাদ্যপণ্য মজুত করে রাখতে পারে না। এ কারণে শহুরে দরিদ্রদের জন্য নিয়মিত ও স্থায়ী ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
মূল্যস্ফীতির চাপে দেশের নিম্ন আয়ের মানুষ এখনও ভোগান্তির মধ্যে থাকলেও, সাম্প্রতিক নীতিগত পদক্ষেপে কিছুটা স্বস্তি এসেছে। এখন সময় এসেছে এই স্বস্তিকে দীর্ঘমেয়াদে রূপ দিতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ জোরদার করার।

