চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি যা শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত।
তবে ছুটির মধ্যেও দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার স্বার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং ঈদের পর আমদানি-রপ্তানিমুখী শিল্পের ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বিল নগদায়ন এবং শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৫ জুন (বৃহস্পতিবার) সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা থাকবে। ওইদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল এলাকাগুলোর বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু রাখবে। ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত, যাতে এই সময়ের মধ্যে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা যায়।
এছাড়া ঈদের পরে, ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার)—যা সরকারি ছুটির দিন—সেসময়ও আমদানি-রপ্তানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন সচল রাখতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুদিনও লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং পরবর্তী সময় বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের সংশ্লিষ্ট কার্যক্রম চলবে।
নির্দেশনায় আরও বলা হয়, এসব ছুটির দিনে যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধিমোতাবেক ভাতাদি পাওয়ার যোগ্য হবেন। বাংলাদেশ ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে।
সরকারি ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রমের এই সীমিত উপস্থিতি দেশের রপ্তানিমুখী অর্থনীতি ও গুরুত্বপূর্ণ সেবা খাতসমূহে স্বাভাবিকতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

