বিশ্বের অধিকাংশ দেশই কিছু না কিছু খাদ্যপণ্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল হলেও এর ব্যতিক্রম রয়েছে মাত্র একটি দেশের ক্ষেত্রে। দক্ষিণ আমেরিকার ছোট রাষ্ট্র গায়ানা যা বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে একমাত্র দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে সক্ষম। নতুন এক গবেষণায় উঠে এসেছে, জনগণের প্রয়োজনীয় পুষ্টি মেটাতে গায়ানাই একমাত্র দেশ যা নিজস্ব উৎপাদনের মাধ্যমে সাতটি প্রধান খাদ্য উপাদানের সবটিতেই স্বয়ংসম্পূর্ণ।
‘নেচার ফুড’ নামক আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, ফল, সবজি, দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস, উদ্ভিজ্জ প্রোটিন এবং শর্করার উৎস এই সাতটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের সবগুলোতেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে গায়ানা। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন জার্মানির গটিনজেন বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত গায়ানা একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ। দেশের উত্তরে আটলান্টিক মহাসাগর, উত্তর-পশ্চিমে ভেনেজুয়েলা, পূর্বে সুরিনাম এবং দক্ষিণে ব্রাজিল। প্রায় ৮ লাখ জনসংখ্যার এ দেশটি জনবহুল না হওয়ায় কৃষির জন্য বিস্তৃত জমি সহজলভ্য। উর্বর মাটি, পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল জলবায়ুর কারণে দেশটি খাদ্য উৎপাদনের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে।
গায়ানার অর্থনীতি প্রধানত কৃষি, খনিজসম্পদ ও সাম্প্রতিক সময়ে তেল ও গ্যাস খাতে বিকাশের ওপর নির্ভরশীল। তবে দেশটির দীর্ঘদিনের খাদ্য-স্বনির্ভরতা বিষয়টি এখন আন্তর্জাতিক গবেষণার আলোচনায় এসেছে। ধান, আখ, ফলমূল, সবজি এবং মাছ দেশটির প্রধান কৃষিপণ্য। স্থানীয় চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে পরিচালিত কৃষিকাজের ফলে গায়ানা এই বিশাল অর্জনে সক্ষম হয়েছে বলে গবেষকদের মত।
গবেষণায় প্রতিটি দেশের খাদ্য উৎপাদনের হার ও নাগরিকদের পুষ্টির চাহিদা তুলনা করা হয়েছে, যেখানে বিশ্ব প্রকৃতি তহবিলের (WWF) ‘লাইভওয়েল ডায়েট’-এর মানদণ্ড ব্যবহার করা হয়েছে। গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে প্রায় ৬৫ শতাংশ দেশ মাংস ও দুগ্ধজাত পণ্য চাহিদার চেয়েও বেশি উৎপাদন করে, কিন্তু অধিকাংশ দেশে পর্যাপ্ত পরিমাণে সবজি এবং উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায় না। বর্তমানে মাত্র ২৪ শতাংশ দেশ পর্যাপ্ত পরিমাণে সবজি উৎপাদনে সক্ষম। উদ্ভিজ্জ প্রোটিন ও শর্করার উৎস উৎপাদনেও বিশ্বের অর্ধেকেরও কম দেশ স্বয়ংসম্পূর্ণ।
গায়ানার পর স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে প্রায় কাছাকাছি অবস্থানে আছে চীন ও ভিয়েতনাম। এই দুটি দেশ সাতটি খাদ্য উপাদানের মধ্যে ছয়টিতে স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে, বিশ্বের প্রতিটি সাতটি দেশের মধ্যে মাত্র একটি দেশ পাঁচটি বা তার বেশি উপাদানে স্বয়ংসম্পূর্ণ বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়।
গবেষণায় আরও দেখা যায়, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো তুলনামূলকভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে এগিয়ে। তবে ছোট দ্বীপরাষ্ট্র, আরব উপদ্বীপের দেশগুলো এবং নিম্ন আয়ের রাষ্ট্রগুলো খাদ্য আমদানির ওপর অনেক বেশি নির্ভরশীল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ম্যাকাও, কাতার ও ইয়েমেন—এই ছয়টি দেশ একটিও খাদ্য উপাদানে স্বয়ংসম্পূর্ণ নয়।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও গটিনজেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. জোনাস স্টেহল বলেন, কোনো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলেও তা সবসময় নেতিবাচক বিষয় নয়। কখনো কখনো প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ যেমন—বৃষ্টিপাত, উর্বর মাটি বা স্থিতিশীল তাপমাত্রার অভাব থাকতে পারে, যার কারণে নিজস্ব উৎপাদনের চেয়ে আমদানি করাই বেশি কার্যকর হয়ে ওঠে।
তবে তিনি সতর্ক করে বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা না থাকলে বৈশ্বিক সংকটের সময়, যেমন খরা, যুদ্ধ কিংবা রপ্তানি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ বেড়েছে এবং সেইসঙ্গে জাতীয় স্বয়ংসম্পূর্ণতা নিয়ে আলোচনাও গুরুত্ব পাচ্ছে।
স্টেহলের মতে, এই নতুন আগ্রহের পেছনে রয়েছে জাতীয়তাবাদী রাজনীতির সম্প্রসারণ এবং বিদেশি নির্ভরতা কমানোর প্রবণতা। জনস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসই ও স্থিতিশীল খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও তিনি মত দেন।
এই গবেষণা থেকে পাওয়া তথ্য শুধু গায়ানার অনন্য অবস্থানই নয়, বরং বিশ্ব খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং দেশীয় উৎপাদনের ওপর নির্ভরশীলতা বৃদ্ধির গুরুত্বও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

