সারা দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিসিএস কাস্টমস ও এক্সাইজ এবং কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব সংস্কার বিষয়ে পরামর্শক কমিটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এনবিআর পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করা হবে।
আজ শনিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব বোর্ডকে শক্তিশালীকরণের পাশাপাশি রাজস্ব নীতিনির্ধারণ কার্যক্রম পৃথক করার লক্ষ্যে ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর আগে পর্যন্ত জারি করা অধ্যাদেশটি কার্যকর করা হবে না।
অর্থ মন্ত্রণালয় আরও জানায়, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এতে কাস্টমস ও কর ক্যাডারের পেশাগত স্বার্থ অক্ষুণ্ন থাকবে। এ বিষয়ে চূড়ান্ত কাঠামো নির্ধারণে এনবিআর, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। এর মাধ্যমে একটি শক্তিশালী, দক্ষ ও কার্যকর এনবিআর গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে যা রাজস্ব নীতির পৃথকীকরণ প্রক্রিয়াকে বাস্তবতা দেবে।
সরকার আশা প্রকাশ করেছে, এই ঘোষণার মাধ্যমে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিদ্যমান উদ্বেগের অবসান ঘটবে এবং রাজস্ব আহরণ ও সেবা কার্যক্রম দ্রুতই পূর্ণোদ্যমে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২২ মে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস নোটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল। সরকার তখনও আশাবাদী ছিল যে, এনবিআরের কর, কাস্টমস ও ভ্যাট শাখার কর্মকর্তারা এই ব্যাখ্যার ভিত্তিতে তাদের উদ্বেগের নিরসন ঘটাবেন।
তবে সম্প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে (যার মাধ্যমে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা আসে) সরকার মনে করছে, বিষয়টি নিয়ে এখনও কিছু অস্পষ্টতা রয়ে গেছে। এসব অস্পষ্টতা দূর করতেই আজকের এই বিবৃতির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা প্রদান করেছে।
এনবিআরের কাঠামোগত সংস্কার নিয়ে সম্প্রতি প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। কর্মকর্তাদের একটি বড় অংশ এনবিআরকে পৃথক করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা তাদের পেশাগত অবস্থান ও ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত আসে যা প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করে।
এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সময়োপযোগী এই ব্যাখ্যা ও উদ্যোগ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এটি রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে আরও দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলোকে বাস্তবমুখী করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

