২০২৪ সালের শেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক হারে খেলাপি ঋণ বেড়ে গেলেও এক ভিন্ন চিত্র উঠে এসেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই)। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে এনবিএফআই খাতে খেলাপি ঋণ কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এনবিএফআইগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা। তবে ডিসেম্বরের শেষে এই পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৯ কোটি টাকায়। অর্থাৎ এই খাতে খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের ৩৩.২৫ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করে জানান, সব আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা এক রকম নয়। কিছু প্রতিষ্ঠান খুব ভালোভাবে ব্যবসা করছে এবং তাদের ঋণ আদায়ের হারও ঊর্ধ্বমুখী। তবে খেলাপি ঋণের উচ্চ হার সম্পর্কে তিনি বলেন, “যদিও কিছু অগ্রগতি হয়েছে, তারপরও ৩৩.২৫ শতাংশ ঋণ খেলাপি হয়ে যাওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। এই খাতটিকে নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। আমরা এখন ব্যাংক রেজ্যোলিউশন অ্যাক্টের মাধ্যমে ব্যাংক সংস্কারে জোর দিচ্ছি। একইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও সংস্কার প্রক্রিয়া শুরু হবে।”
তবে খেলাপি ঋণ কমার এই প্রবণতা সত্ত্বেও, এনবিএফআই খাতে ২০২৪ সালের শেষে খেলাপি ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় এখনও অনেক বেশি। ২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ছিল সে সময়ের মোট ঋণের ২৯.২৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা।
এনবিএফআই খাতে মোট বকেয়া ঋণের পরিমাণ ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা।
অন্যদিকে একই সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের বিস্ফোরক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০.২ শতাংশ। অথচ মাত্র তিন মাস আগেও, অর্থাৎ সেপ্টেম্বরে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা।
এনবিএফআই খাতে খেলাপি ঋণ কমার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তাদের মতে, প্রতিবছরের ডিসেম্বর প্রান্তিকে ব্যালান্স শিট প্রস্তুতের সময়কাল হওয়ায় এ সময়ে ঋণ আদায় ও পুনঃতফসিল কার্যক্রম জোরদার করা হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ঋণ পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা নিয়েছে, যার ফলে খেলাপি ঋণ কমেছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, খেলাপি ঋণ ১ হাজার কোটি টাকা কমলেও এনবিএফআই খাতে এখনও মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি ঋণ খেলাপি রয়ে গেছে যা এখনো উদ্বেগজনক।
আর্থিক খাতের বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) যেসব আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম করেছেন, সেইসব প্রতিষ্ঠানে এখন খেলাপি ঋণের হার সর্বোচ্চ। তার মালিকানাধীন ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অনিয়মের রেশ এখনও কাটেনি। এসব অনিয়মের ফল পুরো খাতকেই আজও বহন করতে হচ্ছে।
বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, “এনবিএফআই খাতে অনিয়মগুলো ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে প্রকাশ্যে আসে। বিপরীতে ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম অনেকদিন গোপন ছিল যা সম্প্রতি বিশেষ করে গত ৫ আগস্টের পর প্রকাশ হতে শুরু করেছে। ফলে এখন ব্যাংক খাতে নতুন করে ব্যাপক পরিমাণে খেলাপি ঋণ দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ে ভালো করছে। যার প্রভাব পড়ছে সামগ্রিক খাতে। আমাদের প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সাল পুরো দেশের জন্যই চ্যালেঞ্জিং ছিল। এ বছর বড় কোনো করপোরেট ঋণে না গিয়ে এসএমই ও ক্ষুদ্র ঋণ খাতে গুরুত্ব দিয়েছি। আশা করছি সামনে খেলাপি ঋণ আরও কমবে।”
সামগ্রিকভাবে, এনবিএফআই খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হলেও খেলাপি ঋণের উচ্চহার এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অপরদিকে ব্যাংকিং খাতে হঠাৎ করে ঋণখেলাপির হার যে হারে বেড়েছে তা গোটা আর্থিক খাতের স্থিতিশীলতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই সুদূরপ্রসারী ও কার্যকর সংস্কার এখন সময়ের দাবি।

