Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাতে সুদহারের বৈষম্য বাড়ছে, বাড়ছে স্প্রেডও
    অর্থনীতি

    ব্যাংক খাতে সুদহারের বৈষম্য বাড়ছে, বাড়ছে স্প্রেডও

    ইভান মাহমুদমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাংক খাতে সুদহারের বৈষম্য বাড়ছে, বাড়ছে স্প্রেডও
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুদহার বাজারভিত্তিক করার পর থেকে দেশের ব্যাংক খাতে আমানত ও ঋণের মধ্যকার সুদহারের ব্যবধান অর্থাৎ স্প্রেড ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের মার্চে যেখানে গড় স্প্রেড ছিল ২ দশমিক ৯৬ শতাংশ, ২০২৪ সালের মার্চে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৭ শতাংশে। কিছু ব্যাংকে এই স্প্রেড ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৪ শতাংশ সীমার দ্বিগুণেরও বেশি। যদিও কেন্দ্রীয় ব্যাংক স্প্রেড নিয়ন্ত্রণে রাখতে নীতিগত নির্দেশনা দিয়ে যাচ্ছে, বাস্তব চিত্র বলছে- বাজারে এখন এক ধরনের ভারসাম্যহীনতা বিরাজ করছে।

    ব্যাংক খাতে সুদহারের বৈষম্য বাড়ছে, বাড়ছে স্প্রেডও

    মূলত, গ্রাহকদের জমা রাখা আমানত থেকে ঋণ বিতরণ করে ব্যাংক। আমানতের বিপরীতে গ্রাহকদের নির্ধারিত হারে সুদ পরিশোধ করে ব্যাংক যাকে বলা হয় ‘কস্ট অব ফান্ড’ বা তহবিল সংগ্রহ ব্যয়। অন্যদিকে ব্যাংক গ্রাহকের কাছ থেকে ঋণের বিপরীতে যে সুদ আদায় করে সেটাই ব্যাংকের আয়ের উৎস। আমানত ও ঋণের এই দুই সুদহারের ব্যবধানই হচ্ছে স্প্রেড। সাধারণত স্প্রেড যত বেশি হয়, ব্যাংকের মুনাফার সম্ভাবনাও তত বেশি হয়। বর্তমানে অধিকাংশ ব্যাংক আমানতের তুলনায় ঋণে অনেক বেশি সুদ নিচ্ছে ফলে বাড়ছে স্প্রেড এবং এর মাধ্যমে ব্যাংকগুলোর মুনাফা। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ গ্রাহক ও উদ্যোক্তারা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ব্যাংক খাতের এই গড় স্প্রেড গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০২০ সালের এপ্রিল মাসে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশে সীমিত করে দেয়। এর ফলে ব্যাংকগুলোর গড় স্প্রেডও ধীরে ধীরে কমতে থাকে। ২০২০ সালের মার্চে যেখানে গড় স্প্রেড ছিল ৪ দশমিক ০৭ শতাংশ, ২০২১ সালে তা নেমে আসে ৩ দশমিক ০৫ শতাংশে, ২০২২ সালের মার্চে দাঁড়ায় ৩ দশমিক ১০ শতাংশে এবং ২০২৩ সালের মার্চে তা কমে হয় ২ দশমিক ৯৬ শতাংশ।

    তবে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে ঋণের সুদহারের সীমা তুলে নেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ওই সময় চালু করা হয় ‘মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল’ বা স্মার্ট ব্যবস্থা। এর ফলে ঋণের সুদহার আবার বাড়তে শুরু করে আর এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকে স্প্রেড। মাত্র এক বছরের ব্যবধানে গড় স্প্রেড ২ দশমিক ৯৬ থেকে বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ১৯ শতাংশে। এরপর ২০২৪ সালের ৮ মে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের মাধ্যমে সুদহার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। এর পরবর্তীতে মার্চে স্প্রেড পৌঁছে যায় ৫ দশমিক ৮৭ শতাংশে।

    বিশ্লেষকদের মতে, গত দেড় দশকে দেশের অন্তত দুই ডজন ব্যাংক সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে। এই দুর্বল ব্যাংকগুলো আমানতের বিপরীতে ১২ থেকে ১৪ শতাংশ সুদ প্রস্তাব করলেও গ্রাহকরা তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না। বরং গ্রাহকরা এসব ব্যাংক থেকে টাকা তুলে অপেক্ষাকৃত ভালো ব্যাংকে ৪ থেকে ৬ শতাংশ সুদেও জমা রাখছেন। ফলে দুর্বল ব্যাংকগুলোতে আমানত কমে যাওয়ায় স্প্রেড অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। এতে ভালো ব্যাংকগুলো মুনাফায় চাঙা থাকলেও দুর্বল ব্যাংকগুলো পড়ছে লোকসানে। অপরদিকে অতিরিক্ত সুদের চাপে অনেক সৎ উদ্যোক্তা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপির তালিকায় নাম লেখাচ্ছেন।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, স্প্রেড অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার নজরে রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে ব্যাংকগুলোকে স্প্রেড নিয়ে দিকনির্দেশনা দিচ্ছে। কোনো ব্যাংকের স্প্রেড ৪ শতাংশের বেশি হলেই আমরা নোটিস করি। তবে কিছু ব্যাংকের ক্ষেত্রে তা সত্ত্বেও স্প্রেড বেড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “গ্রাহকরা দুর্বল ব্যাংকে বেশি সুদের প্রস্তাব পেলেও তাতে সাড়া দিচ্ছেন না। উল্টো কম সুদের ভালো ব্যাংকেই টাকা জমা রাখছেন। আবার ঋণের ক্ষেত্রে গ্রাহকরা ভালো ব্যাংক থেকে বেশি সুদ দিয়েও ঋণ নিচ্ছেন। এর ফলে বাজারে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।”

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ১৭ শতাংশ এবং ঋণের গড় সুদহার ছিল ১২ দশমিক ০৪ শতাংশ। এর ফলে গড় স্প্রেড দাঁড়ায় ৫ দশমিক ৮৭ শতাংশ। বিদেশী ব্যাংকগুলোর ক্ষেত্রে এই স্প্রেড সবচেয়ে বেশি ৮ দশমিক ৯৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ স্প্রেড রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে, যেখানে গড় স্প্রেড ৬ দশমিক ০৮ শতাংশ। বেসরকারি খাতের ৪২টি ব্যাংকের গড় স্প্রেড ৫ দশমিক ৬০ শতাংশ।

    বিদেশী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমানত ও বিনিয়োগ রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকটি ৩ হাজার ৩০০ কোটি টাকার নিট মুনাফা করেছে। মার্চ মাসে ব্যাংকটির আমানতের গড় সুদহার ছিল মাত্র ০.৬৩ শতাংশ, অথচ ঋণের গড় সুদহার ছিল ১০ দশমিক ৩২ শতাংশ। এতে করে ব্যাংকটির স্প্রেড দাঁড়ায় ৯ দশমিক ৬৯ শতাংশ, যা মুনাফা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।

    বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের আমানতের গড় সুদহার সবচেয়ে কম মাত্র ২ দশমিক ৩৬ শতাংশ। অথচ তাদের ঋণের সুদহার ১২ শতাংশের বেশি, ফলে স্প্রেড দাঁড়ায় ৯ দশমিক ৭৩ শতাংশ। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক গড়ে ৪ দশমিক ২৩ শতাংশ সুদ দিয়ে আমানত সংগ্রহ করে, যা দ্বিতীয় সর্বনিম্ন। এর স্প্রেড ৭ দশমিক ১৪ শতাংশ। প্রাইম ব্যাংকের স্প্রেড ৫ দশমিক ৮২ শতাংশ।

    তবে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত স্প্রেডের তথ্যে গড়মিল রয়েছে বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, “আমাদের ঋণের গড় ইল্ড ৯ দশমিক ৮ শতাংশ আর কস্ট অব ডিপোজিট ৬ শতাংশের ওপরে, তাহলে আমাদের স্প্রেড তো ৩ শতাংশের আশপাশে হওয়া উচিত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তা ৫ দশমিক ৪৭ শতাংশ দেখাচ্ছে।”

    তার মতে, তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো আমানতের সুদ বাড়িয়েছে। বর্তমানে মেয়াদি আমানতের ক্ষেত্রে তারা ১১ থেকে ১১.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে আর ঋণের ক্ষেত্রে সুদ ১২.৫ থেকে ১৩ শতাংশ। ফলে তাদের প্রকৃত মুনাফার মার্জিন খুবই সীমিত।

    অন্যদিকে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের একটি বড় অংশ অনিয়ম-দুর্নীতির কারণে আর ফিরে আসছে না। পাশাপাশি সুদহার বাড়ায় খেলাপি ঋণও উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা যা বিতরণকৃত মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশঙ্কা প্রকাশ করেছেন প্রকৃত খেলাপি ঋণের হার ৩০ শতাংশেরও বেশি হতে পারে।

    সুদহার ও স্প্রেড বৃদ্ধির ফলে দেশের ব্যবসায় পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, “আগে আমরা ৭-৮ শতাংশ সুদে ঋণ পেতাম এখন ১৪ শতাংশ সুদ দিয়েও ঋণ মিলছে না। এই বাড়তি সুদের চাপে ভালো ব্যবসায়ীরাও খেলাপিতে পরিণত হচ্ছেন।”

    তিনি আরও বলেন, “সুদবৃদ্ধির পাশাপাশি ডলারের মূল্যও বাড়ছে ফলে উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে। অথচ কারখানা চালু রাখতে প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমাদের এসব বক্তব্য কেউ শুনছে না।”

    দেশের ব্যাংক খাতে সুদহার ও স্প্রেডের বর্তমান প্রবণতা শুধু ব্যাংকিং ব্যবস্থা নয় সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুশাসন, দক্ষ নিয়ন্ত্রণ ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমেই কেবল এ সংকট উত্তরণ সম্ভব বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.