বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীন সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন। বহুল প্রত্যাশিত এই সম্মেলন আগামী ১ জুন ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে। চীন থেকে ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন, যা এই খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ঘোষণা দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, সম্মেলনটি হবে দিনব্যাপী এবং এটি আয়োজিত হবে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে। এতে অংশগ্রহণ করবেন চীনের প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ২৫০ জন প্রতিনিধি, যাদের মধ্যে Fortune 500 তালিকাভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।
এছাড়া চীনের চারটি গুরুত্বপূর্ণ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন বিডা প্রধান। এতে করে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আশিক চৌধুরীর ভাষায়, “বাংলাদেশে এই প্রথম একক কোনো দেশের এত সংখ্যক বিনিয়োগকারী ও ব্যবসায়ী একসঙ্গে সফরে আসছেন। এই সফর আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ এনে দেবে।”
এর আগে গত ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় বিডার উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দেশি-বিদেশি বহু বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতায় এবার চীনের সঙ্গে দ্বিপাক্ষিক এই সম্মেলন আয়োজন দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
চীনের বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণ এবং উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের আগমন বাংলাদেশে চীনের আগ্রহ এবং আস্থার প্রতিফলন। এ সম্মেলনের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা করা হচ্ছে।

