কর ব্যবস্থায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারচার্জের নিয়মে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে। বিদ্যমান ব্যবস্থায় যেভাবে অগ্রিম কাটা করের (এআইটি) ওপর সারচার্জ আরোপ করা হয় তা পরিবর্তন করে কেবল করদাতার প্রকৃত করের ওপর সারচার্জ বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে উচ্চ সম্পদধারী করদাতারা যেমন উপকৃত হবেন তেমনি উৎসাহিত হবেন প্রকৃত আয় ও সম্পদ স্বচ্ছভাবে দেখাতে।
বর্তমানে, যেকোনো ব্যক্তির নিট সম্পদ ৪ কোটি টাকা ছাড়ালেই তাঁকে তার প্রদেয় করের ওপর অতিরিক্ত সারচার্জ দিতে হয়। এ হার ১০ শতাংশ থেকে শুরু করে ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বিদ্যমান পদ্ধতিতে একটি বড় অসংগতি রয়েছে। আমদানি পর্যায়ে ব্যক্তি খাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগেই এআইটি কেটে নেওয়া হয়। বছর শেষে প্রকৃত কর হিসাব করে দেখা যায়, অনেক সময় এআইটির পরিমাণ প্রকৃত করের তুলনায় অনেক বেশি। অথচ সারচার্জ ধরা হয় কাটা পড়া করের ওপর প্রকৃত করের ওপর নয়।
এজন্য অনেক ব্যবসায়ী ও আমদানিকারক দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিলেন। কারণ এই ব্যবস্থায় একদিকে বাড়তি কর দিতে হচ্ছে আবার সেই বাড়তি করের ওপরও সারচার্জ বসানো হচ্ছে যা কার্যত দ্বিগুণ আর্থিক বোঝা তৈরি করে।
উদাহরণস্বরূপ, একজন আমদানিকারকের কাছ থেকে আমদানি পর্যায়ে ১০০ টাকা এআইটি কাটা হয়েছে। কিন্তু বছর শেষে দেখা গেল তার প্রকৃত কর দাঁড়ায় মাত্র ৫০ টাকা। বর্তমানে যেহেতু সারচার্জ ১০০ টাকার ওপর বসে তাই যদি করদাতার সম্পদ ৫০ কোটি টাকার বেশি হয় তাকে ৩৫ শতাংশ হারে ৩৫ টাকা সারচার্জ দিতে হয়। অথচ প্রকৃত কর ৫০ টাকার ওপর হিসাব করা হলে সারচার্জ হতো মাত্র ১৭.৫ টাকা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বর্তমানে অগ্রিম করসহ মোট কাটা টাকাই সারচার্জের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় যা কর ন্যায্যতার পরিপন্থী। করদাতারা যাতে নিরুৎসাহিত না হন এবং স্বচ্ছতা বজায় রাখেন, সেজন্য কেবল প্রকৃত করের ওপর সারচার্জ আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, করদাতাদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে এবং বাস্তবতা বিবেচনা করেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ২ জুন অর্থ অধ্যাদেশ জারির সময় অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এই সংশোধন ঘোষণা করবেন।
বিশেষজ্ঞরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির কর বিশেষজ্ঞ ও ম্যানেজিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া বলেন, “বাংলাদেশে উৎস থেকে কেটে নেওয়া কর প্রায়শই ন্যূনতম কর হিসেবে গণ্য করা হয় ফলে কার্যত করহার বেড়ে যায়। এই বাড়তি করের ওপর আবার সারচার্জ বসানো সত্যিকার অর্থেই বৈষম্য তৈরি করে।”
তিনি আরও বলেন, “এই সমস্যা দূর করতে কেবল সারচার্জ ব্যবস্থা সংশোধন করলেই চলবে না উৎসে কর কর্তনের হারও যৌক্তিকীকরণ করতে হবে। যাতে অতিরিক্ত কর আদায়ের প্রবণতা রোধ করা যায়।”
এইচএনএস গ্রুপের চেয়ারম্যান এবং বারভিডার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “বর্তমান ব্যবস্থায় একদিকে অতিরিক্ত কর কাটা হয় যা রিফান্ড করা হয় না। অন্যদিকে সেই কাটা টাকার ওপর আবার সারচার্জ নেওয়া হয়। এটি অত্যন্ত অযৌক্তিক এবং বিশ্বের আর কোথাও এমন ব্যবস্থা দেখা যায় না।”
তিনি বলেন, “এই ব্যবস্থার ফলে করদাতারা সম্পদ গোপন করতে বাধ্য হন। অথচ প্রকৃত করের ভিত্তিতে সারচার্জ বসলে মানুষ প্রকৃত সম্পদ দেখাতে আগ্রহী হবেন।”
বর্তমানে ৪ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদের ক্ষেত্রে কোনো সারচার্জ দিতে হয় না। তবে যদি কারও সম্পদ ১০ কোটি থেকে ২০ কোটির মধ্যে হয়, অথবা দুটির বেশি ব্যক্তিগত গাড়ি বা ৮ হাজার বর্গফুটের বেশি গৃহসম্পত্তি থাকে তাহলে তার প্রদেয় করের ওপর ১০ শতাংশ সারচার্জ দিতে হয়।
সম্পদের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারচার্জ হারও বাড়ে। ১০ কোটি থেকে ২০ কোটি টাকার মধ্যে হলে ২০ শতাংশ, ২০ কোটি থেকে ৫০ কোটি টাকার নিচে হলে ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি হলে সর্বোচ্চ ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়।
যেমন, কেউ যদি অগ্রিম ও অন্যান্য করসহ মোট ১ কোটি টাকা কর পরিশোধ করেন এবং তার সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার বেশি হয় তাহলে তাকে সারচার্জ হিসেবে আরও ৩৫ লাখ টাকা পরিশোধ করতে হয়।
তবে দেশে কতজন করদাতা বর্তমানে সারচার্জের আওতায় রয়েছেন, তার নির্দিষ্ট কোনো সরকারি তথ্য নেই। তবে গ্লোবাল ওয়েলথ ডেটাবুক ২০২১ অনুসারে, বাংলাদেশে ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ থেকে ৫০ কোটি টাকা) মূল্যের সম্পদধারীর সংখ্যা ২৮ হাজার ৯৩১ জনে দাঁড়িয়েছে।
এদের সবাই যে সারচার্জ পরিশোধ করেন এমন নয়। তবে সারচার্জের ভিত্তি হিসেবে কেবল প্রকৃত করকে ধরা হলে এই শ্রেণির করদাতাদের মধ্যে কর প্রদানের স্বচ্ছতা ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সরকারের এই পদক্ষেপ কার্যকর হলে, এটি শুধু কর ন্যায্যতার দিকেই বড় অগ্রগতি হবে না বরং করদাতাদের আস্থাও বাড়াবে যা সামগ্রিকভাবে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

