বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত রিটার্ন নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রকল্পগুলোতে সামাজিক অডিট, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (২৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা ও মূল্যায়নের গুরুত্ব’ শীর্ষক এই সেমিনারে সরকারি বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে শাসনব্যবস্থাকে শক্তিশালী করতে হলে বৈদেশিক সহযোগিতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এজন্য প্রকল্প বাস্তবায়নে শুধু আর্থিক ব্যয়ের হিসাব নয়, বরং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিকভাবে তা মূল্যায়ন করাও জরুরি।
তিনি বলেন, আমাদের অনেক প্রকল্পেই দেখা যায়, বিনিয়োগ হয়েছে কিন্তু তার বাস্তবিক সুফল নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই সামাজিক অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে প্রকল্প বাস্তবায়ন হবে, সেখানকার স্থানীয় জনগণকে এর তথ্য জানাতে হবে—প্রকল্পের নাম কী, কাজ কী, ব্যয় কত এবং কত সময়ের মধ্যে তা শেষ হবে। যেমন, কোনো সড়ক নির্মাণ প্রকল্পে জানাতে হবে, কত কিলোমিটার রাস্তা তৈরি হবে। এর ফলে জনগণ প্রকল্প সম্পর্কে সচেতন হবে এবং তদারকির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য অডিটরদের প্রস্তুত হতে হবে, যাতে কোনো রকম ম্যানিপুলেশন বা তথ্য গোপন না ঘটে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা উন্নয়ন সহযোগীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখি। তাই তাদের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোতেও সামাজিক মূল্যায়ন অপরিহার্য।
সেমিনারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং তা স্থানীয় বাস্তবতায় খাপ খাইয়ে নেওয়ার বিকল্প নেই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিশেষজ্ঞরা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অংশগ্রহণ এই সংলাপকে ফলপ্রসূ করে তুলেছে। এটি জ্ঞান বিনিময়ের জন্য একটি দারুণ সুযোগ।
এডিবির প্রিন্সিপাল প্রফেশনাল স্পেশালিস্ট হেনরিক পিসাইয়া বলেন, জবাবদিহিতা এবং মূল্যায়ন উন্নয়ন প্রকল্পে ভালো ফলাফল অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চলমান প্রকল্পগুলোতে আরও নিবিড় পরিবীক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে ভালো রিটার্ন নিশ্চিত করা সম্ভব হবে।
সেমিনারে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিও উঠে আসে। উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশ ব্রিকস-বহির্ভূত প্রথম দেশ হিসেবে এনডিবিতে যোগ দেয়। এরপর থেকে দেশটির অবকাঠামোগত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে এনডিবি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
ব্যাংকটি জানায়, বাংলাদেশ সরকার অবকাঠামো ও টেকসই উন্নয়নে যে অগ্রাধিকার দিচ্ছে, তা জাতীয় উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এনডিবি ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে। বিশেষ করে প্রকল্পগুলো যেন দীর্ঘমেয়াদে টেকসই হয় এবং জনগণের বাস্তবিক চাহিদা পূরণ করে সে দিকেই থাকবে তাদের প্রধান মনোযোগ।
এই সেমিনারে বক্তারা সম্মিলিতভাবে মত দেন যে, উন্নয়ন প্রকল্পে শুধু বিনিয়োগ নয় বরং ফলাফলমুখী পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং সার্বিক মূল্যায়নই টেকসই উন্নয়নের সঠিক পথ দেখাতে পারে।

