Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাস্তায় মেট্রো, হাঁড়িতে খালি — উন্নয়নের ভারসাম্য কোথায়?
    অর্থনীতি

    রাস্তায় মেট্রো, হাঁড়িতে খালি — উন্নয়নের ভারসাম্য কোথায়?

    কাজি হেলালমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডিজিটাল বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আধুনিক প্রযুক্তি, উঁচু উঁচু ভবন, উড়ালসড়ক আর মেট্রো রেল—সব মিলিয়ে শহরের দৃশ্যপট বদলে যাচ্ছে দ্রুত। কিন্তু এই উন্নয়নের ঝলমলে ছবির আড়ালেই লুকিয়ে আছে আরেকটি কঠিন বাস্তবতা—বাড়ছে দ্রব্যমূল্য, কমছে মানুষের ক্রয়ক্ষমতা, আর অনেক পরিবারেই হাঁড়ি পড়ছে খালি।

    একদিকে ‘উন্নয়নের মহাসড়ক’, অন্যদিকে নিত্যপণ্যের লাগামহীন দাম ও মানুষের ক্রয়ক্ষমতার চরম অবনতি—এই বৈপরীত্য যেন দেশের উন্নয়নের বৈপরীত্যই তুলে ধরে। সাধারণ মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে, আর পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দিতেও কষ্ট হচ্ছে অনেকের। তাই প্রশ্ন জাগে—এই উন্নয়নের সুফল কি সবাই পাচ্ছে? যারা ক্ষুধার্ত, যাদের হাঁড়িতে ভাত নেই, তারা কি এই মেট্রোরেলে ওঠার স্বপ্নও দেখতে পারে।

    রাস্তায় মেট্রো, হাঁড়িতে খালি”—এই কথাটি একটি উপমা, যা এমন এক পরিস্থিতিকে বোঝাতে ব্যবহৃত হয় যেখানে বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক ও উন্নত মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে শূন্যতা, অভাব বা ব্যর্থতা। অর্থাৎ বাইরে ঝলমলে আর ভিতরে ফাঁকা। উদাহরণস্বরূপ- আজ রাস্তায় মেট্রো রেল ছুটছে—দৃষ্টিনন্দন এক দৃশ্য। কিন্তু অনেক মানুষের ঘরে খাবার নেই, তারা এই সুবিধা থেকে বঞ্চিত। তাই এই উন্নয়নের চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন, তা সবার জন্য সুখের বার্তা বয়ে আনে না।

    এই উপমাটি নানা ধরনের বাস্তবতার সাথে ব্যবহার করা যায়-যখন কোনো বড় প্রকল্প ঘোষিত হয়, কিন্তু বাস্তবে বাস্তবায়িত হয় না। যখন কোনো অনুষ্ঠানে জাঁকজমক দেখা যায়, অথচ উদ্দেশ্য পূরণ হয় না। যখন একটি ব্যবসা বাইরে থেকে লাভজনক মনে হয়, কিন্তু আসলে তা ক্ষতির মুখে। সাধারণত এই উপমা এমন অবস্থাকে বোঝাতে বলা হয়, যা আশাব্যঞ্জক মনে হলেও হতাশার বাস্তবতা তুলে ধরে।

    অবকাঠামো উন্নয়নে গতি, মানবিক উন্নয়নে ভাটা:
    বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। এটি দেশের পরিবহন খাতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে—দ্রুত, আধুনিক ও পরিবেশবান্ধব এই যাতায়াত ব্যবস্থা ঢাকাবাসীর অনেকটা সময় ও শ্রম বাঁচাচ্ছে। সরকারের ভাষ্যে এটি উন্নয়নের এক বড় নিদর্শন, যা বাস্তবেও দৃশ্যমান।

    কিন্তু প্রশ্ন হলো—এই উন্নয়নের ফল কি দেশের প্রতিটি মানুষ সমানভাবে পাচ্ছে? মেট্রোরেলের সুফল যারা ভোগ করছেন, তারা মূলতঃ নগরের নির্দিষ্ট শ্রেণির মানুষ। অথচ এই প্রকল্প বাস্তবায়নের খরচ এসেছে জনগণের করের টাকায়—যার ভেতর রয়েছে দিনমজুর থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সবার অবদান।

    এই উন্নয়নের বিপরীতে দেশের অনেক মানুষ প্রতিদিন বাঁচার সংগ্রামে লিপ্ত। খাদ্য, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতেই হিমশিম খাচ্ছে তারা। ২০২৫ সালের মার্চ মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ, যা তার আগের মাস ফেব্রুয়ারির ৯ দশমিক ৩২ শতাংশ থেকে সামান্য বেশি। অর্থাৎ জিনিসপত্রের দাম কিছুটা হলেও বেড়েছে।

    এই সময়ে খাদ্যদ্রব্যের দাম আরও বেশি হারে বেড়েছে। মার্চ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। চাল, ডাল, তেল, ডিম—এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় ভর করেছে চাপ।এরপর এপ্রিল মাসে খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনও তা অনেকের নাগালের বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্যমতে, এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে যেমন: ভাড়া, কাপড়, শিক্ষা ও চিকিৎসা মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।

    একইসাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS) জানিয়েছে, করোনার প্রভাব ও চলমান মূল্যস্ফীতির কারণে দেশে প্রায় ১ দশমিক ৬৪ কোটি থেকে ২ দশমিক ৭৫১ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এরা আগে দরিদ্র ছিল না, কিন্তু বর্তমানে তাদের আয় জীবনধারণের খরচ মেটাতে পারছে না। এই পরিসংখ্যানগুলো বলছে, পণ্যের দাম এখনো অনেক বেশি। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তি আনার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

    জাতিসংঘের “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস” (SDGs)-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো-“No Poverty” (দারিদ্র্য নির্মূল) এবং “Zero Hunger” (ক্ষুধা নিরসন)। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে থাকলেও এই দু‘টি লক্ষ্য অর্জনে এখনও পিছিয়ে। একদিকে অবকাঠামোগত উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, অন্যদিকে পুষ্টিহীনতা ও খাদ্য অনিরাপত্তায় ভুগছে দেশের একটি বড় অংশ। অবকাঠামোগত উন্নয়নের কথা যতই বলা হোক না কেন, যদি সেই উন্নয়নের ছায়া সাধারণ মানুষের পাতে না পড়ে, তবে তা কেবল কংক্রিটের উন্নয়ন, মানবিক উন্নয়ন নয়।

    সমাধানের পথ ও চ্যালেঞ্জসমূহ: এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা। যা কেবল অবকাঠামোর বাহ্যিক উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়নের প্রতিও সমান মনোযোগ দেবে। মূল্যস্ফীতির লাগাম টানতে হলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি অনেকাংশেই সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির ফল। তাই এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কৃষি ও শিল্প উৎপাদনে যেন পণ্যের সরবরাহ ব্যাহত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

    দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের রক্ষায় খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার জোরদার প্রয়োজন। ওএমএস (ওপেন মার্কেট সেল) বা স্বল্পমূল্যে খাদ্য বিক্রির কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করতে হবে, যাতে প্রকৃত প্রয়োজনে থাকা মানুষ এর সুফল পান। একই সঙ্গে ভিজিএফ, ভিজিডি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে হবে।

    বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেট প্রণয়নের সময় কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ বিবেচনায় নেওয়া জরুরি। অবকাঠামো উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার খাতে বরাদ্দ বৃদ্ধি করাও এখন সময়ের দাবি। একটি দেশের টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন মানুষ সুস্থ থাকবে, শিক্ষিত হবে এবং নিরাপত্তার অনুভব পাবে।

    সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাম ও শহরের মধ্যকার উন্নয়নের বৈষম্য। বর্তমানে উন্নয়নের অনেক উদ্যোগ রাজধানীকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক মানুষ পিছিয়ে পড়ছে। এই বৈষম্য কমাতে হবে। উন্নয়নের সুফল সারাদেশে ছড়িয়ে দিতে হবে। শুধু মেট্রো রেল নয়, দরকার প্রত্যন্ত অঞ্চলে ভাল রাস্তাঘাট, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি।

    উন্নয়নের প্রকৃত মানে কেবল চোখ ধাঁধানো অবকাঠামো নয়—মানুষের মৌলিক চাহিদা পূরণ, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সত্যিকারের উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।

    আজকের বাংলাদেশ অবকাঠামো উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে—উচ্চ ভবন, উড়ালসড়ক, মেট্রোরেল যেন আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এই দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে অনেক পরিবারের নীরব কান্না, খালি হাঁড়ি, বেকার যুবক, আর শিক্ষা ও চিকিৎসার অভাবে কষ্টে থাকা মানুষ। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা দেশের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

    আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো উন্নয়নের ভারসাম্য রক্ষা করা—যেখানে অবকাঠামোর সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক চাহিদা, সামাজিক নিরাপত্তা ও জীবনমানের উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়া হবে। শুধু রাস্তায় মেট্রো থাকলেই হবে না, প্রতিটি ঘরে যেন রান্না হয়, প্রতিটি মানুষের মুখে হাসি থাকে—সেই দিকেই তাকাতে হবে আমাদের। উন্নয়নকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, মানবিক এবং টেকসই। তবেই এই দেশের প্রতিটি মানুষ বলতে পারবে—“এই উন্নয়ন আমারও”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.