বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর ডলারের মূল্য হঠাৎ করে বেড়ে যাওয়ার যে শঙ্কা ছিল বাস্তবে তার বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। সীমিত ওঠানামার মধ্যেই ব্যাংক এবং খোলাবাজার উভয় ক্ষেত্রেই ডলারের লেনদেন রয়ে গেছে তুলনামূলকভাবে স্থিতিশীল।
নতুন ব্যবস্থার আওতায় ব্যাংক পর্যায়ে ডলারের দর যেখানে আগে ছিল ১২২ টাকার ঘরে, সেখানে গত ১১ দিনে মূল্য সর্বোচ্চ বেড়েছে মাত্র ৮৯ পয়সা। অর্থাৎ ডলারের কেনাবেচা হয়েছে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৮৯ পয়সার মধ্যে। এর ফলে হঠাৎ করে বাজারে চাপ তৈরির সম্ভাবনা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আন্তব্যাংক লেনদেনেও ফিরেছে স্বাভাবিকতা যা বাজারনির্ভর দামের ওপর সংশ্লিষ্ট মহলের আস্থা বাড়িয়ে তুলেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ রোববার ব্যাংকগুলোর ডলার কেনাবেচার রেট ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৮৯ পয়সা, যার গড় দর দাঁড়িয়েছে ১২২ টাকা ৮৬ পয়সা। তার আগের দিন শনিবার আন্তব্যাংকে লেনদেন হয়েছে ৫০ দশমিক ২৫ মিলিয়ন ডলারের, গড় মূল্য ছিল ১২২ টাকা ৭৭ পয়সা। আর বৃহস্পতিবার ১১ মিলিয়ন ডলারের লেনদেন হয় ১২২ টাকা ৫৪ পয়সা থেকে ১২২ টাকা ৬৪ পয়সার মধ্যে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বর্তমানে ডলারের সরবরাহ বেড়েছে বাজারে কোনো আতঙ্ক নেই। কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরাসরি হস্তক্ষেপ না করে পরিস্থিতি স্বাভাবিক চাহিদা ও জোগানের ভিত্তিতে পরিচালনার সুযোগ দিচ্ছে। এর ফলে কারসাজির সুযোগ কমে এসেছে ডলার পাচারও হ্রাস পেয়েছে এবং সামগ্রিকভাবে বাজারে একটি স্থিতিশীলতা দেখা যাচ্ছে।

খোলাবাজারেও একই রকম চিত্র পরিলক্ষিত হয়েছে। রোববার মানি চেঞ্জাররা ডলার কেনার মূল্য নির্ধারণ করেছিলেন ১২৫ টাকা এবং বিক্রির মূল্য ১২৬ টাকা। তবে বাস্তবে ডলার কেনাবেচা হয়েছে ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৫ টাকা ৮০ পয়সার মধ্যে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ মে বাজারভিত্তিক বিনিময় হার কার্যকর হওয়ার পর প্রথম দুই দিন কিছুটা মূল্যবৃদ্ধি হলেও নিয়মিত নজরদারির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রকৌশলী গৌতম দে বলেন, বাজারে ডলারের দামে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। রোববার তাদের মাধ্যমে প্রায় ১৩ হাজার ৬০০ ডলার বিক্রি হয়েছে যার দর ছিল ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৫ টাকা ৮০ পয়সার মধ্যে।
বাজার স্থিতিশীল রাখার পেছনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থাকা ডলারের মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে বর্তমানে প্রায় ৫ বিলিয়ন ডলার রয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের রেফারেন্স রেট ছিল যথাক্রমে ১২২ দশমিক ৬৯৮৮ টাকা এবং ১২২ দশমিক ৫২৭৭ টাকা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, বর্তমানে ডলারের দাম কিছুটা কমেছে এবং মূল্যস্ফীতিও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ব্যাংকগুলোর হাতে এখন পর্যাপ্ত ডলার মজুত থাকায় বাজারও স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সারা দেশে ডলার সংক্রান্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। সীমিত ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে বাজার স্বাভাবিক গতিতে চলছে। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হস্তক্ষেপ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অর্থনীতিবিদেরা মনে করছেন, বাজারভিত্তিক বিনিময় হার চালু থাকা অবস্থায় দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা রক্ষার জন্য নিয়মিত নজরদারি অত্যন্ত জরুরি। বর্তমানে জোগান ও চাহিদার ভারসাম্য বজায় থাকলেও ভবিষ্যতে নজরদারির ঘাটতি দেখা দিলে বাজারে অস্থিরতার ঝুঁকি থেকেই যায়। তাই এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদি ও সুসংহত মনিটরিং প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

