বাংলাদেশে এক অভূতপূর্ব ব্যবসায়িক সফরে আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। আগামী ৩১ মে তিনি প্রায় ৩০০ সদস্যের বিশাল ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় বিদেশি ব্যবসায়িক প্রতিনিধিদল একযোগে ঢাকা সফর করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
চীনা প্রতিনিধিদলের সদস্যরা মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স এবং কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট। বিডা এবং সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সফর যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে। সফরের প্রেক্ষিতে প্রস্তুতির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়, বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম ইতোমধ্যেই শুরু করেছে।
৩১ মে দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণ করার পর বিকেলেই চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
পরদিন ১ জুন দিনভর পাঁচটি সেশনে চীনা ব্যবসায়ীরা বাংলাদেশি উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে মিলিত হবেন। ওই দিন সকালেই এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিনের সেশনগুলো গার্মেন্টস ও টেক্সটাইল, কৃষি, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং অন্যান্য সম্ভাবনাময় খাতকে ঘিরে আয়োজিত হবে।
বিডা ও বেজার কর্মকর্তারা জানান, এই সফরে অংশগ্রহণকারী চীনা ব্যবসায়ীদের অনেকে প্রধান উপদেষ্টার পূর্ববর্তী চীন সফর ও বিনিয়োগ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেই সময় তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে বিডা ও বেজার এক কর্মকর্তা বলেন, চীনা বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী যেকোনো অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চলগুলোও তাদের জন্য উন্মুক্ত রাখা হবে। এই ম্যাচমেকিং সেশনগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যৌথ বিনিয়োগের উপযোগী ক্ষেত্র খুঁজে বের করা।
১ জুন রাতে চীনা প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এরপর ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। চীনের পক্ষের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশের পক্ষের নেতৃত্বে থাকবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ বিষয়ে চীনা বাণিজ্যমন্ত্রী অর্থ উপদেষ্টাকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন।
সেই দিনেই বিজিএমইএ কার্যালয়ে গার্মেন্টস খাতের ওপর একটি পৃথক ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে যেখানে চীনের ১৪টি কোম্পানির ৩০ জন প্রতিনিধি অংশ নেবেন। বিজিএমইএ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই কোম্পানিগুলো মূলত ম্যান মেড ফাইবার, টেক্সটাইল গ্রিন ইনোভেশন ও হোম টেক্সটাইল খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা খুঁজবে। এর ফলে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ তৈরি হবে।
চীনা সফরসঙ্গীদের একটি দল ২ জুন গাজীপুরের লিজ ফ্যাশন গার্মেন্টস পরিদর্শন করবেন। ওইদিন রাতেই চীনের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।
যদিও এ সফরে আনুষ্ঠানিক কোনো বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। তবে বিডা ও বেজা সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও চীনের মধ্যে আমদানি-রপ্তানির পথে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা এবং বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই এমওইউ-এর খসড়া গত মার্চ মাসে চীন বাংলাদেশকে পাঠিয়েছে।
চীনা বিনিয়োগে আগ্রহ থাকলেও চীনে বাংলাদেশের রপ্তানি তুলনামূলকভাবে এখনও খুবই সীমিত। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে চীনে পণ্য রপ্তানি হয়েছে মাত্র ৭১৫ মিলিয়ন ডলারের যা দেশের মোট রপ্তানির ১.৬১ শতাংশ মাত্র। অপরদিকে একই সময়ে বাংলাদেশ চীন থেকে আমদানি করেছে প্রায় ২৮ বিলিয়ন ডলারের পণ্য যা মোট আমদানির এক-তৃতীয়াংশ। এসব আমদানির বেশিরভাগই শিল্প খাতের কাঁচামাল ও যন্ত্রপাতি।
চীনা বিনিয়োগকে আকৃষ্ট করতে চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ চাইনিজ অর্থনৈতিক অঞ্চল ইতোমধ্যে চূড়ান্ত করেছে বেজা। এছাড়া চাঁদপুর ও ভোলাতেও আরও দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ দৃশ্যমানভাবে বেড়েছে। এর পেছনে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক এবং বিভিন্ন বিনিয়োগ সম্মেলনে চীনের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র বাংলাদেশ সফর এই আগ্রহ বৃদ্ধিতে বড় প্রভাব ফেলেছে।
চীনের সঙ্গে এমন উচ্চপর্যায়ের ব্যবসায়িক যোগাযোগ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হতে পারে।

