টানা আন্দোলনের পরে ঢাকার কাস্টমস হাউজে অবশেষে স্বাভাবিক কার্যক্রম ফিরে এসেছে। সোমবার, ২৬ মে সকাল থেকেই কর্মকর্তারা নিজ নিজ দাফতরিক দায়িত্বে যোগ দিয়েছেন। এর ফলে আমদানি পণ্য খালাস ও রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
ঢাকা কাস্টমস হাউজের মুখপাত্র বরুণ দাস বাংলা ট্রিবিউনকে জানান, “সোমবার সকাল থেকেই আমাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিটি ইউনিট এক্সপোর্ট, ইমপোর্ট, কুরিয়ারসহ পূর্ণভাবে সচল রয়েছে। কর্মকর্তারা সকলে স্বাভাবিক দায়িত্ব পালন করছেন।”
এর আগে, গত ১২ মে মধ্যরাতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি হওয়ার পর থেকেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা চরম অসন্তোষ প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় আন্দোলন। তাঁদের চার দফা দাবি ছিল- অবিলম্বে জারিকৃত অধ্যাদেশ বাতিল করা, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।
আন্দোলনের প্রেক্ষিতে রবিবার, ২৫ মে বিকেলে সরকারের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সমঝোতা চুক্তি হয়। ওইদিন সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় স্পষ্ট হয়েছে যে, এনবিআর বিলুপ্ত করা হচ্ছে না। বরং একে সরকারের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে, রাজস্ব নীতি প্রণয়নের জন্য আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং চলমান অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন না আনা পর্যন্ত তা কার্যকর না করার সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, এই ঘোষণাকে তারা স্বাগত জানালেও এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অসহযোগ কর্মসূচি আপাতত অব্যাহত থাকবে। তবে পূর্ণাঙ্গ ধর্মঘট কিংবা কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে।
অর্থ উপদেষ্টার দফতর থেকে জারি করা পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআরকে একটি বিশেষায়িত বিভাগ হিসেবে গড়ে তোলা হবে এবং রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার কাঠামো পৃথকীকরণের লক্ষ্যে সংশোধিত অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হবে। সেই পর্যন্ত বর্তমান অধ্যাদেশটি কার্যকর হবে না বলেও নিশ্চিত করা হয়।
এই ঘোষণার পর আন্দোলন স্থগিত হলে সোমবার থেকে কাস্টমস হাউজে আবারো সচল হয়ে ওঠে সরকারি কাজকর্ম। এতে স্বস্তি ফিরে এসেছে আমদানি-রফতানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝেও। সরকারি কার্যক্রম সচল থাকায় রাজস্ব আদায় প্রক্রিয়াও স্বাভাবিক হতে শুরু করেছে যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

