যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। ট্রাম্প জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে এক ইতিবাচক ফোনালাপের পরই তিনি এই সিদ্ধান্ত নেন। তবে তার হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ এবং পরে তা থেকে সরে আসার প্রবণতা এবারও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ১ জুন থেকেই ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপিত হবে। কিন্তু মাত্র দুদিন পর, রোববার নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অনুরোধ করেছেন, তারা গুরুতর আলোচনায় বসতে চান এবং এজন্য ৯ জুলাই পর্যন্ত সময় চান। ট্রাম্প বলেন, “আমি এতে সম্মত হয়েছি।”
এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ২০ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা কার্যকর করেননি। বারবার এমন ঘোষণা ও পিছু হটার নজির তার প্রশাসনের নীতিগত অস্থিরতারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লেখেন, “আলোচনা দ্রুত শুরু হবে।” অপরদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, “ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। ইউরোপ প্রস্তুত। আমরা দ্রুত ও দৃঢ়তার সঙ্গে আলোচনায় বসতে চাই। একটি ভালো চুক্তি করতে হলে আমাদের ৯ জুলাই পর্যন্ত সময় প্রয়োজন।”
এই ঘোষণার পর সোমবার এশিয়ার পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৮ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ০.৯ শতাংশ বেড়ে যায়। চীনের সাংহাই সূচকও ০.৩ শতাংশ বৃদ্ধি পায়। তবে হংকংয়ের হ্যাংসেং সূচক ০.৩ শতাংশ হ্রাস পায়।
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যমান বাণিজ্য বাধা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ২৩৬ বিলিয়ন ডলার, যা প্রায় ২৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সমান।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি এক বক্তব্যে বলেন, দেশে বস্ত্রশিল্প ফিরিয়ে আনার আর প্রয়োজন নেই। ট্রাম্পও তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, “আমরা আর জুতা বা টি-শার্ট বানাতে চাই না, আমরা সামরিক সরঞ্জাম এবং বৃহৎ শিল্পজাত পণ্য তৈরি করতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কম্পিউটারভিত্তিক প্রযুক্তির দিকেই আমাদের অগ্রাধিকার।”
বিশ্লেষকদের মতে, ৯ জুলাইয়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা বা বাণিজ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে শুল্ক আরোপের ঝুঁকি থেকেই যাচ্ছে যা বৈশ্বিক বাজারকে আরও অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে।

