চরম আর্থিক দুরবস্থায় থাকা ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা, অতিমাত্রায় খেলাপি ঋণ এবং প্রকট মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি ধরে প্রতিষ্ঠানগুলোকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে একীভূত করে একটি বা দুটি নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গড়ে এসব প্রতিষ্ঠানের মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশই খেলাপি। ২২ হাজার ১২৭ কোটি টাকার আমানতের বিপরীতে তাদের পুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা এবং মূলধন ঘাটতি রয়েছে ১৯ হাজার ২১৮ কোটি টাকা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে এসব প্রতিষ্ঠানের প্রত্যেকটির কাছে একটি করে নোটিশ পাঠিয়েছে, যাতে বলা হয়েছে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা ব্যাখ্যা করতে হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি কমিটি এই ২০ আর্থিক প্রতিষ্ঠানকে ‘সমস্যাগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করে এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থান, ঋণের প্রকৃত চিত্র, তারল্য পরিস্থিতি এবং সম্পদ-দায়ের অনুপাত পর্যালোচনা করে প্রস্তাবনা তৈরি করে। কমিটির ধারণা, এসব প্রতিষ্ঠান একীভূত করলে ব্যক্তি আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে প্রাথমিকভাবে ৪ হাজার ৯৭১ কোটি টাকার তহবিল প্রয়োজন হবে।
সমস্যাগ্রস্ত ২০টি প্রতিষ্ঠান হলো: এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আভিভা ফিন্যান্স, উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স, ন্যাশনাল ফিন্যান্স, হজ ফিন্যান্স, জিএসপি ফিন্যান্স, মেরিডিয়ান ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সিভিসি ফিন্যান্স।
এ বিষয়ে মতামত জানতে চাইলে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব জানান, “একীভূতকরণের উদ্যোগ নিশ্চয়ই ভালো হবে।” তবে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্য কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হেসেন খান জানান, সম্প্রতি প্রণীত ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোরও প্রাথমিক পর্যালোচনা শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এসব উদ্যোগ দৃশ্যমান হবে।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের বরাবর নোটিশ পাঠিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, এসব প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো সম্পদ নেই, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক এবং তারা ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থ। এরই প্রেক্ষিতে ফিন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৭(১) ধারার ‘ঘ’, ‘ঙ’ ও ‘চ’ উপধারার আওতায় কেন লাইসেন্স বাতিলযোগ্য হবে না সে বিষয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
আইন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রমে আমানতকারীর স্বার্থ পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, সম্পদের ঘাটতির কারণে আমানত ফেরত দিতে না পারলে কিংবা মূলধন সংরক্ষণে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স বাতিল করতে পারে। তবে এর আগে অবশ্যই প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে জানান, এই ২০ প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসান করছে। কার্যত তাদের ব্যবসা কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বরং তারা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে সুনামধন্য প্রতিষ্ঠানগুলোও আমানত সংগ্রহে বিঘ্নের সম্মুখীন হচ্ছে। তাই এসব প্রতিষ্ঠান বন্ধ করে ভালো সম্পদের ভিত্তিতে একটি বা দুটি নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো অনেক আগেই দেউলিয়া হয়ে গেছে। এখনই কঠোর সিদ্ধান্ত না নিলে আর্থিক খাতে আস্থা ফিরবে না।”
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বর্তমানে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ঋণ ৭৫ হাজার ৪৫১ কোটি টাকা, যার বিপরীতে বন্ধকি সম্পত্তির মূল্য মাত্র ৩৬ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে ২০টি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের ২৫ হাজার ৮০৮ কোটি টাকার ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ, অর্থাৎ ২১ হাজার ৪৬২ কোটি টাকা খেলাপি। এসব প্রতিষ্ঠানের বন্ধকি সম্পত্তির মূল্য মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা, যা মোট ঋণের মাত্র ২৬ শতাংশ। পাশাপাশি রয়েছে ২৩ হাজার ৪৪৮ কোটি টাকার পুঞ্জীভূত লোকসান এবং ১৯ হাজার ২১৮ কোটি টাকার মূলধন ঘাটতি।
অন্যদিকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকা ১৫টি প্রতিষ্ঠানের মোট ঋণ ৪৯ হাজার ৬৪৩ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ মাত্র ৭ দশমিক ৩১ শতাংশ। তাদের বন্ধকি সম্পত্তির মূল্য ২৯ হাজার ১৬৯ কোটি টাকা এবং গত বছর তারা ১ হাজার ৪৬৫ কোটি টাকা মুনাফা করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মূলধন উদ্বৃত্ত রয়েছে ৬ হাজার ১৮৯ কোটি টাকা।
বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান খাতে মোট আমানত রয়েছে ৪৮ হাজার ৯৬৬ কোটি টাকা এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের পরিমাণ ১৮ হাজার ৬১৩ কোটি টাকা। এর মধ্যে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আমানত ২২ হাজার ১২৭ কোটি টাকা এবং ধার ৫ হাজার ১৬৪ কোটি টাকা। তাদের ব্যক্তি আমানতের পরিমাণ ৫ হাজার ৭৬০ কোটি টাকা হলেও ৭৮৯ কোটি টাকার আমানতের বিপরীতে গ্রাহকরা ঋণ নিয়েছেন, ফলে নিট ব্যক্তি আমানত দাঁড়ায় ৪ হাজার ৯৭১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, মেয়াদপূর্তিতে আমানত ফেরত দিতে না পারায় এসব প্রতিষ্ঠান আমানতকারীদের আস্থা হারাচ্ছে। বাজারে তাদের ‘মার্কেট শেয়ার’ কম হলেও পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুপরিচালিত প্রতিষ্ঠানগুলোও এর ফলে আমানত হারাচ্ছে এবং আস্থা সংকটে পড়ছে।
তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসানে চলছে। গত বছর তাদের আমানতের বিপরীতে সুদ ব্যয় ছিল ২ হাজার ৪৫০ কোটি টাকা, কিন্তু ঋণ থেকে আয় হয়েছিল মাত্র ৮৮১ কোটি টাকা। অর্থাৎ, ঋণাত্মক সুদ আয় ছিল ১ হাজার ৫৬৯ কোটি টাকা। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হয়েছে ১৭২ কোটি টাকা, প্রধান নির্বাহীদের বেতন ১২ কোটি এবং ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় ছিল ২৩ কোটি টাকা।
সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এতটা আর্থিক দুর্বলতার মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে ‘চলমান সত্তা’ হিসেবে রেখে দেওয়া যুক্তিযুক্ত নয়। তাই ফিন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪৯(৩) ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও একীভূতকরণের প্রয়োজনীয়তা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে যেমন আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা বাড়বে অন্যদিকে আর্থিক খাতে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

