বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একাধিক ফ্রন্টে চরম চাপের মুখে পড়েছে। ব্যবসা-বাণিজ্য মন্দার মুখে, শিল্প-কারখানা টিকে থাকার লড়াইয়ে, এবং কর্মসংস্থান আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, জ্বালানি খাতে অস্থিরতা এবং ঋণের চড়াসুদে দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশে নেমে এসেছে সংকটের ঘন ছায়া।
শিল্পপতিরা জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে ৬০ শতাংশের বেশি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ব্যাংকে সুদের হার বেড়েছে, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, আর আইন-শৃঙ্খলার অবনতির কারণে শিল্প কারখানাগুলো একের পর এক বন্ধ হওয়ার পথে। সরকারের পক্ষ থেকে সহযোগিতার পরিবর্তে হুমকি-ধমকির অভিযোগও তুলেছেন উদ্যোক্তারা। তাঁরা বলছেন, বর্তমান বাস্তবতায় তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এক সংবাদ সম্মেলনে বলেন, “২০২৫ সালে শুধু শিল্প নয় শিল্পোদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে। এটা কোনো স্বাভাবিক অবস্থা নয় বরং আমরা একে ষড়যন্ত্র মনে করি। শিল্প বাঁচাতে না পারলে দুর্ভিক্ষ হবে।” তিনি আরও জানান, চলতি মূলধন সংকুচিত হয়ে এসেছে গ্যাসের সংকটে শিল্পপ্রতিষ্ঠানগুলো মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করাও অনিশ্চিত হয়ে পড়েছে।
বিটিএমএর সহসভাপতি সালেউদ জামান খান জানান, “বর্তমানে গ্যাস সরবরাহ না থাকলেও গ্যাস কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিল নিচ্ছে। আমরা গ্যাস না পেয়ে বিদ্যুৎ লাইন স্থাপন করেছি কিন্তু সেখানে দিনে সাত ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে শিল্প টিকে থাকবে?” তিনি বলেন, “এই পরিস্থিতি যদি না বদলায় তাহলে বাংলাদেশে আর কোনো শিল্প উদ্যোক্তা তৈরি হবে না।”
২০২৩ সালে গ্যাসের মূল্য ১৭৮ শতাংশ এবং চলতি বছরে ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে, অথচ গ্যাসের সরবরাহ বাড়েনি। এতে টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রায় ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
অর্থনীতির আরেকটি গুরুতর দিক হলো ব্যাংকঋণের সুদের হার। বর্তমানে এই হার ১৬ শতাংশ ছাড়িয়ে গেছে। এতে সাধারণ জনগণের আয় ও কর্মসংস্থান হ্রাস পেয়েছে। ব্যাংকগুলো আমানত টানতে হিমশিম খেলেও ঋণ বিতরণে সংকটে পড়ছে যার ফলে বিনিয়োগে দেখা দিয়েছে স্থবিরতা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদহার বিনিয়োগকারীদের মধ্যে ভয় তৈরি করছে। তারা এখন বিনিয়োগে অনাগ্রহী।”
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির অবস্থা আরও করুণ। ফেব্রুয়ারিতে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ৬.৮২ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। মার্চে কিছুটা বেড়ে ৭.৫৭ শতাংশ হলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক। রাজনৈতিক অনিশ্চয়তা, জালিয়াতির অভিযোগে চিহ্নিত ব্যাংকগুলোর নতুন ঋণ কার্যক্রম বন্ধ থাকা এবং রমজানে পণ্য আমদানির চাপ ঋণ প্রবৃদ্ধিকে সাময়িকভাবে বাড়ালেও দীর্ঘমেয়াদে তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, দেশের কর্মসংস্থানের অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজারে। এক বছরে বেকার বেড়েছে তিন লাখ ৩০ হাজার যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায় বলেন, “সেবা খাতে বেকারত্ব সবচেয়ে বেশি বেড়েছে, এবং এতে নারী শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
রাজস্ব আদায়েও দেখা দিয়েছে বড় ধরনের স্থবিরতা। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.২৪ শতাংশ, যা কভিড পরবর্তী পাঁচ বছরে সর্বনিম্ন। এনবিআর কর্মকর্তারা এই ধীরগতির জন্য এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে দায়ী করেছেন।
সরকার রাজস্ব ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে যার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ব্যাহত হচ্ছে। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫.৭৯ বিলিয়ন টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এই ঋণের বোঝা বেড়ে যাওয়ায় বেসরকারি বিনিয়োগ আরও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, “যে পরিবেশে ব্যবসা-বিনিয়োগ হয় তা বর্তমানে অনুপস্থিত। রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা ছাড়া বিনিয়োগ সম্ভব নয়।”
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, “গ্যাস ও ঋণের সুদের হার বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে যা প্রতিযোগিতামূলক পরিবেশকে ধ্বংস করছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করছে।”
অর্থনীতিবিদ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ বলেন, “ব্যালান্স অব পেমেন্ট স্থিতিশীল হলেও এখনো কিছু ক্ষেত্রে উদ্বেগ রয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চাহিদা কমেছে, যার ফলে শিল্প উৎপাদন কমে গেছে এবং বিনিয়োগ আসছে না। এর পেছনে রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত অনিশ্চয়তা দায়ী।” তিনি আরও বলেন, “বিনিয়োগ, কর্মসংস্থান, জ্বালানি ও এসএমই খাতগুলো ভালো অবস্থায় নেই। সরকারকে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে।”
সব মিলিয়ে দেশের সামগ্রিক অর্থনীতি এখন গভীর সংকটে। ব্যবসা-বাণিজ্যের বিকাশ, শিল্পের টিকে থাকা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য জরুরি ভিত্তিতে নীতিনির্ধারকদের কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প নেই। নয়তো অর্থনীতির এই ধস ভয়াবহ সামাজিক ও মানবিক সংকট তৈরি করতে পারে।

