Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতায় অনিশ্চিত হাজারো কর্মজীবন
    অর্থনীতি

    প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতায় অনিশ্চিত হাজারো কর্মজীবন

    ইভান মাহমুদমে 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতায় অনিশ্চিত হাজারো কর্মজীবন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা এখন অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলো থেকে একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসছে যার ফলে গোটা প্রযুক্তি খাতে কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে গভীর অনিশ্চয়তা।

    যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ পর্যবেক্ষণ সংস্থা লে অফস এফওয়াইআইয়ের এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৩০টি কোম্পানি তাদের ৬১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এতটাই গুরুতর যে সামনের দিনগুলোতে আশার কোনো আলো দেখা যাচ্ছে না।

    এই বছরের ১৩ মে মাইক্রোসফট ঘোষণা দেয় তারা ছয় হাজার কর্মী ছাঁটাই করবে। ২০২৩ সালের পর এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গণছাঁটাই। কেবল ওয়াশিংটন স্টেটেই এক দিনে দুই হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরাও কর্মী ছাঁটাই থেকে নিজেদের দূরে রাখতে পারছে না।

    গুগলও পিছিয়ে নেই। বিগত কয়েক বছর ধরেই ধাপে ধাপে ছাঁটাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসের শুরুতে গুগল তাদের বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে। এর আগে পিক্সেল, অ্যান্ড্রয়েড ও ক্রোম ক্লাউড বিভাগের একাধিক কর্মীকেও চাকরি থেকে ছাঁটাই করা হয়। গুগল ২০২৩ সালে একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছিল যা তাদের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই।

    অ্যামাজন বেশ কয়েক বছর ছাঁটাই বন্ধ রাখলেও আবার সেই পথে ফিরে এসেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিভাইস ও পরিষেবা বিভাগে ১০০টি পদ বাতিল করেছে। ছাঁটাইয়ের তালিকায় রয়েছে অ্যালেক্সা, কিন্ডল ও স্বচালিত গাড়ি প্রকল্প জুক্সের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এতে স্পষ্ট যে, প্রতিষ্ঠানটি খরচ নিয়ন্ত্রণে এনে নতুন করে কার্যক্ষমতা বাড়াতে চাইছে।

    সাইবার নিরাপত্তা কোম্পানি ক্রাউডস্ট্রাইক মে মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণা দেয় তারা তাদের কর্মীবাহিনীর ৫ শতাংশ ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দীর্ঘমেয়াদি মুনাফার লক্ষ্যকে সামনে রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

    এই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে ইকোনমিক টাইমস বলেছে, ২০২৫ সালে প্রযুক্তি খাতে ব্যাপক ছাঁটাইয়ের পেছনে রয়েছে তিনটি মূল কারণ যেগুলো আবার একে অপরের সঙ্গে সম্পর্কিত।

    প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এখনো বিদ্যমান। ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ সুদের হার এবং মূল্যস্ফীতির চাপ প্রযুক্তি কোম্পানিগুলোকে খরচ কমাতে বাধ্য করছে। যার ফলে কর্মী ছাঁটাই একটি অবশ্যম্ভাবী কৌশলে পরিণত হয়েছে।

    দ্বিতীয়ত, মহামারি-পরবর্তী সময়ের প্রবৃদ্ধি এখন সংশোধনের পর্যায়ে রয়েছে। কোভিড-১৯-এর সময় প্রযুক্তি খাত অতুলনীয়ভাবে বেড়ে উঠেছিল এবং বাড়তি চাহিদা সামলাতে দ্রুতগতিতে কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই চাহিদা স্বাভাবিক হয়ে আসায় কোম্পানিগুলো কর্মীবাহিনী সংকোচন করছে যাতে ভবিষ্যতের জন্য টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়।

    সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি লক্ষণীয়, তা হলো এই ছাঁটাই শুধুই উদ্ভাবন বা প্রযুক্তিগত অগ্রগতির ফল নয় বরং প্রযুক্তি খাতে বৃহত্তর পুনর্গঠনের অংশ। এই পুনর্গঠনের কারণে অনেক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তন আনতে হচ্ছে যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে।

    বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি কোম্পানিগুলো ছাঁটাইয়ের ঘোষণা দিতে আগের চেয়ে অনেক বেশি কৌশলী হয়ে উঠেছে। তারা এখন ছাঁটাইয়ের তথ্য উপস্থাপন করে এমনভাবে যেন তা তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হয় এবং জনসাধারণের প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত থাকে।

    বিশেষজ্ঞদের মতে, এ ছাঁটাইয়ের ধারা চলমান থাকবে এবং অদূর ভবিষ্যতে নতুন নিয়োগের সম্ভাবনাও সীমিত থাকবে। ফলে বৈশ্বিক প্রযুক্তি খাতে কর্মরত পেশাজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়ছে।

    এই পরিস্থিতি শুধু চাকরির বাজার নয় উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিকাশের ওপরও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। তাই, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এখন প্রয়োজন মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি ভারসাম্যপূর্ণ কৌশল, যেখানে কর্মসংস্থানের নিরাপত্তা এবং ব্যবসায়িক লক্ষ্য দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.