স্বাধীনতার পর সদ্য গঠিত বাংলাদেশের জন্য ভারত ছিল একমাত্র ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং মানবিক সহায়তার প্রতিদানস্বরূপ ১৯৭২ সালের ১৯ মার্চ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাক্ষর করেন ঐতিহাসিক ২৫ বছরের মৈত্রী চুক্তি। এটি ছিল দুই দেশের মধ্যে প্রথম কৌশলগত ও কূটনৈতিক সহযোগিতা চুক্তি। চুক্তিটি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বলবৎ থাকলেও ১৯৯৭ সালে তা আনুষ্ঠানিকভাবে নবায়ন করা হয়নি। যদিও একে অনেকেই স্বাধীন বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখেন, তেমনই কেউ কেউ একে ‘ভারতের আধিপত্যবাদ’ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে সমালোচনা করেছেন।
এই মৈত্রী চুক্তির পরপরই ১৯৭২ সালের ২৮ মার্চ, উভয় দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক সীমানার ১৬ কিলোমিটার পর্যন্ত অঞ্চলজুড়ে পণ্যসামগ্রী বিনিময় এবং ট্রানজিট সুবিধার ব্যবস্থা গৃহীত হয়। চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারত থেকে সিমেন্ট, অ্যাসফল্ট, যন্ত্রপাতির খুচরা অংশসহ নানা পণ্য আমদানি করে অন্যদিকে ভারত পায় মাছ, কাঁচা পাট, আয়ুর্বেদীয় ওষুধ ও বইপত্রসহ বিভিন্ন পণ্যের রপ্তানির সুযোগ।
একই বছর ১ নভেম্বর স্বাক্ষরিত হয় ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট ও ট্রেড প্রোটোকল যা অভ্যন্তরীণ জলপথে পারস্পরিক বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। এই চুক্তি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বৃদ্ধিতে সহায়ক হয়। ২০১৫ সালে এই চুক্তি নবায়ন করা হয় এবং ২০২০ সালে এতে দ্বিতীয় সংযোজন যুক্ত হয়ে নতুন রুট ও পোর্ট অব কল সংযুক্ত করা হয়।

১৯৭৩ সালের ৫ জুলাই ঢাকায় তিন বছরের জন্য একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় যাতে নির্ধারিত হয় পণ্যের মূল্যমান, সময়সীমা এবং উভয় দেশের রপ্তানি-আমদানির খাত। এর অধীনেই বাংলাদেশ ভারতে রপ্তানি করে কাঁচা পাট, নিউজপ্রিন্ট, মাছ, চামড়া, ওষুধ, ছায়াছবি ও সংবাদপত্র অন্যদিকে ভারত থেকে আমদানি করে কয়লা, কাঁচা তামাক, সুতা, টুথব্রাশ, বাইসাইকেল ও অন্যান্য যন্ত্রাংশ।
১৯৭৪ সালের ৩০ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড পেমেন্টস অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটি ক্লিয়ারিং অ্যাকাউন্টের মাধ্যমে বাণিজ্য লেনদেন চালু হয়। পরবর্তীতে ১৭ ডিসেম্বর একই বছরের প্রোটোকলের মাধ্যমে রুপিভিত্তিক বাণিজ্য বাতিল করে মুক্ত রূপান্তরযোগ্য মুদ্রায় বাণিজ্যের সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১৯৭৬ সালে নতুন সরকার বাণিজ্য ঘাটতি নিরসনে আলোচনা শুরু করে এবং কয়লা ও নিউজপ্রিন্টের মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যবস্থাপনা পুনর্গঠন করে।
১৯৮০ সালের ৪ অক্টোবর প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় স্বাক্ষরিত হয় একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি, যা ছিল ১৯৭২ সালের বাণিজ্য চুক্তির সম্প্রসারিত রূপ। এরপর ১৯৮৩ সালের ৮ নভেম্বর ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট প্রোটোকল পুনরায় নবায়ন করা হয় এবং নতুন রুট ও পোর্ট অব কল যুক্ত করা হয়।
আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থার প্রসঙ্গে, ১৯৯৩ সালে সার্ক সম্মেলনে বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলো সাপটা চুক্তি স্বাক্ষর করে যা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা রূপে কার্যকর হয়। এর ফলে সদস্য দেশগুলো ধাপে ধাপে পরস্পরের সঙ্গে শুল্ক হ্রাসে সম্মত হয়।
২০০৮ সালে ভারত ‘ডিউটি ফ্রি ট্যারিফ প্রেফারেন্স স্কিম ফর এলডিসিজ’ চালু করে যার আওতায় বাংলাদেশ ৯৮.২ শতাংশ পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। সফরের সময় সমুদ্র, সড়ক ও রেলপথ ব্যবহার, আশুগঞ্জ ও শিলঘাট পোর্ট ব্যবহারের চুক্তি, ১০০ কোটি ডলারের ঋণসহায়তা, নদী খনন, বিদ্যুৎ রপ্তানি এবং তিস্তা চুক্তি ত্বরান্বিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত টহল, ছিটমহলবাসীদের চলাচল ও ৪৬টি পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়। তবে প্রত্যাশিত তিস্তা পানি বণ্টন চুক্তিটি সম্পাদন হয়নি। এর মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র আপত্তি।
২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং ছিটমহল বিনিময়। এ ছাড়া উপকূলীয় শিপিং, রেল সংযোগ, বিদ্যুৎ সহযোগিতা, সীমান্ত হাট সম্প্রসারণ এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মতো ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়।
এই দীর্ঘ সময়ের পথপরিক্রমায়, বিশেষত ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত সময়কে দুই দেশের সম্পর্কের ‘উষ্ণতম’ অধ্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে। কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির জটিলতা বাড়ে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরবর্তী অনিশ্চয়তায় দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন শুরু হয়। পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে এর প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়ছে। সম্পর্কের এই অবস্থান কতটা দীর্ঘস্থায়ী হবে কিংবা কতদূর পর্যন্ত বিস্তৃত হবে সেটাই এখন দেখার বিষয়।
সার্বিকভাবে, ১৯৭২ থেকে ২০২৫ এই ৫৪ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নানা চুক্তি, সমঝোতা, উত্তরণ এবং টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের এই গতিপথ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখন প্রয়োজন পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্ককে আরও টেকসই ও ভারসাম্যপূর্ণ করা।

