বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। কোনো কড়াকড়ি, কোনো পদক্ষেপ বা সংস্কারই এই ঋণের লাগাম টানতে পারছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে এটি বেড়েই চলেছে চক্রবৃদ্ধি হারে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকায়। এর পাশাপাশি আরও ৪৪ হাজার কোটি টাকা নতুন করে খেলাপির পথে রয়েছে।
এই বিপুল ঋণের কিস্তি দুই মাসের বেশি সময় ধরে বকেয়া রয়েছে। ব্যাংকিং পরিভাষায় এসব ঋণকে এসএমএ (স্পেশাল মেনশন অ্যাকাউন্ট) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এক মাসের মধ্যেই, অর্থাৎ তিন মাস পরেই এসব ঋণ আনুষ্ঠানিকভাবে খেলাপিতে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে, এসএমএ অবস্থায় থাকা ৪৪ হাজার কোটি টাকা যদি খেলাপি ঋণে রূপ নেয় তাহলে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা আরও গভীর সংকটে পড়বে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঋণ শ্রেণিকরণের সময়সীমা কমিয়ে এনেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন কোনো ঋণের কিস্তি তিন মাস বকেয়া থাকলেই তা খেলাপি হিসেবে বিবেচিত হবে পূর্বে যা ছিল ছয় মাস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে এ নীতিমালা বাস্তবায়ন শুরু হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে যদিও দেশের অনেক ব্যবসায়ীর আপত্তি ছিল এই বিষয়ে। সময়সীমা কমিয়ে আনার ফলে খেলাপির পরিসংখ্যানে আরও ঋণ যুক্ত হওয়ার আশঙ্কা প্রবল।
বর্তমানে খেলাপি ঋণ দেশের মোট ব্যাংকঋণের ২০ শতাংশেরও বেশি। তবে ব্যাংকারদের মতে, প্রকৃত খেলাপির অঙ্ক আরও বেশি হতে পারে, কারণ পুনঃতফসিলকৃত ঋণ, লিখে ফেলা ঋণ এবং প্রতারণামূলক ঋণ এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিতরণকৃত ঋণের মধ্যে ৪২.৮৩ শতাংশই খেলাপি অবস্থায় রয়েছে আর বেসরকারি ব্যাংকে এই হার ১৫.৬০ শতাংশ।
বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংক খাতে এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে দুর্বল প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক হস্তক্ষেপ এবং বিচারহীনতা। বহু প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ঋণ নিয়ে তা ফেরত না দিয়েই দায়মুক্তি পেয়েছে। এমনকি কেউ কেউ দেশও ছেড়ে পালিয়ে গেছেন। গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগও রয়েছে যা দেশের রিজার্ভ এবং অর্থনীতির স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর থেকে এই অঙ্ক কেবল বেড়েই চলেছে। অর্থনীতিবিদদের মতে, এই সময়কালে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে অনেক ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট হয়েছে যার একটি বড় অংশই বিদেশে পাচার হয়েছে।
শিল্প খাতও বর্তমানে মারাত্মক চাপের মধ্যে রয়েছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি প্রভাব ফেলছে ঋণগ্রহীতাদের আয় সক্ষমতার ওপর। অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছেন না উদ্যোক্তারা।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের (সিএসপিএস) নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান বলেন, “খেলাপিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, সম্পদ বাজেয়াপ্তকরণ, ঋণ প্রদানে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভরতা নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংক খাতের সংস্কার অত্যাবশ্যক।” তিনি আরও বলেন, “গত ১৫ বছরে ব্যাংকগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। সরকারঘনিষ্ঠ কিছু পরিচালক ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে। তারা নামে-বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে, যা এখন খেলাপিতে পরিণত হয়ে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে জামানত বিক্রি করেও ১০ শতাংশ টাকা আদায় সম্ভব নয়।”
তাঁর মতে, এ অবস্থায় ইন্টারপোলের সহায়তায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা দরকার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “খেলাপি ঋণের বিষয়ে আমরা কোনো তথ্য গোপন করছি না। বরং প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে। ব্যাংকগুলোকে ঋণ বিতরণে যাচাই-বাছাই করে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, গত ৯ মাসে কিছুটা হলেও সুশাসন ফিরেছে ব্যাংক খাতে এবং ঋণ আদায়ের হারও কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার ও বাংলাদেশ ব্যাংককে সময়ক্ষেপণ না করে এখনই সুদূরপ্রসারী ও কঠোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এমনটাই মত অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের। তা না হলে দেশের ব্যাংক খাতের এই টালমাটাল অবস্থা পুরো অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দিতে পারে।

