বাংলাদেশের বাজার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগের মতো শুধু পণ্যের আদান-প্রদান নয়, এখন বাজারকে ঘিরে গড়ে উঠেছে এক জটিল অর্থনৈতিক কাঠামো। যেখানে প্রযুক্তি, করপোরেট বিনিয়োগ, মধ্যস্বত্বভোগী এবং নীতিনির্ধারকদের ভূমিকা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অথচ এই পরিবর্তনের মূল প্রশ্নটি এখনো আলোচনার কেন্দ্রে নেই—বাজারের এই পরিবর্তন আসলে কাদের জন্য?
একদিকে আমরা দেখতে পাচ্ছি আধুনিক বিপণন ব্যবস্থার প্রসার, সুপারশপের সংখ্যা বৃদ্ধি এবং অনলাইন কেনাকাটার চল। অন্যদিকে দিন এনে দিন খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক ও নিম্নআয়ের শ্রমজীবী শ্রেণি ক্রমেই পিছিয়ে পড়ছে এই নতুন বাজার ব্যবস্থার মূল স্রোত থেকে। পণ্যের দাম বাড়ছে কিন্তু আয় বাড়ছে না, সুযোগ বাড়ছে কিন্তু সবার জন্য নয়।
বাজার ব্যবস্থার রূপান্তর: বাংলাদেশের বাজার ব্যবস্থা গত এক দশকে এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নগরায়ণ, প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং মানুষের জীবনযাত্রার মানে যে পরিবর্তন এসেছে, তার সরাসরি প্রভাব পড়েছে বাজারের কাঠামোতে। এক সময় যেখানে বাজার মানেই ছিল পাশের মোড়ের মুদি দোকান, হাট বা ছোটখাটো দোকানপাট। সেখানে এখন যুক্ত হয়েছে ই-কমার্স, সুপারশপ, অনলাইন গ্রোসারি অ্যাপ এবং দেশি-বিদেশি করপোরেট ব্র্যান্ডের প্রভাবশালী উপস্থিতি।
এই পরিবর্তনকে শুধু আধুনিকতা বা সহজলভ্যতার দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল হবে। বাস্তবতা হলো বাজার ব্যবস্থার এই রূপান্তর অনেকাংশেই সমাজের শ্রেণিভেদকে আরও স্পষ্ট করে তুলেছে। নিম্নআয়ের মানুষ এখনও নির্ভর করছেন স্থানীয় দোকানের ওপর, যেখানে পণ্য কেনা যায় বাকিতে কিংবা অল্প পরিমাণে। কিন্তু মধ্য ও উচ্চবিত্ত শ্রেণি ঝুঁকছে সুপারশপ, ব্র্যান্ডেড পণ্য এবং ডিজিটাল কেনাকাটার দিকে। যেখানে অফার, ডিসকাউন্ট এবং সাশ্রয়ী প্যাকেজিং বড় ভূমিকা রাখছে।
প্রযুক্তির ব্যবহার যেমন বাজার ব্যবস্থাকে আরও দ্রুত ও সহজ করে তুলেছে, তেমনি এটি ক্রেতা-বিক্রেতার মধ্যকার সম্পর্ককেও বদলে দিয়েছে। এখন আর বিক্রেতার সঙ্গে সামনাসামনি দরকষাকষির সুযোগ নেই। ডিজিটাল পেমেন্ট, হোম ডেলিভারি এবং রিভিউ-ভিত্তিক কেনাকাটা ক্রেতাদের অভ্যাস পরিবর্তন করে ফেলেছে। ফলে ঐতিহ্যবাহী বাজার ব্যবস্থার গুরুত্ব কমে যাচ্ছে এবং সেখানে যারা নির্ভরশীল ছিল, তারা একপ্রকার কোণঠাসা হয়ে পড়ছে।
অর্থনীতির দিক থেকেও এই রূপান্তরের প্রভাব লক্ষণীয়। করপোরেট প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম নিয়ন্ত্রণ করছে, মাঝেমধ্যে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা আনছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, উৎপাদকের কাছ থেকে পণ্য কম দামে কিনে শহরের ভোক্তাদের কাছে তা দ্বিগুণ বা ততোধিক দামে বিক্রি করা হচ্ছে।
এছাড়া জনসংখ্যা বৃদ্ধি, মানুষের আয় ও ব্যয়ের ধরণে পরিবর্তন এবং শহরমুখী জীবনের প্রভাবও বাজার ব্যবস্থার পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। গ্রামে যেসব পণ্য একসময় প্রয়োজন ছিল না, সেগুলোর চাহিদা এখন বাড়ছে। শহরে আবার জীবনযাত্রা দ্রুতগতির হওয়ায় মানুষ চায় এক জায়গায় সব পেতে—এজন্যই সুপারশপ ও অনলাইন কেনাকাটা জনপ্রিয় হচ্ছে।
সব মিলিয়ে বলা যায় বাজার ব্যবস্থার এই রূপান্তর যতটা না সমতাভিত্তিক, তার চেয়ে বেশি শ্রেণিভেদ তৈরি করছে। এটি এমন এক বাস্তবতা যেখানে প্রযুক্তি ও আধুনিকতার সুবিধা পাচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণি, আর অপরদিকে প্রান্তিক মানুষগুলো প্রতিদিন টিকে থাকার লড়াইয়ে নেমেছে। সুতরাং এই রূপান্তর আমাদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি করেছে, তেমনি নতুন চ্যালেঞ্জও এনেছে—যা নীতিনির্ধারকদের জন্য এক গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়।
বাজার ব্যবস্থাপনার রূপান্তরের প্রভাব: বাজার ব্যবস্থার রূপান্তর আমাদের সমাজ ও অর্থনীতিতে নানা দিক থেকে প্রভাব ফেলছে। প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার ধরণও বদলে যাচ্ছে। একসময়ের প্রচলিত দোকানপাট বা হাটবাজারের জায়গা নিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস, অ্যাপভিত্তিক কেনাকাটা ও ক্যাশলেস লেনদেন। এই পরিবর্তনের ফলে আমাদের কেনাকাটার অভ্যাস, কর্মসংস্থানের ধরন এবং জীবনযাত্রার মানে নতুন ধারা সৃষ্টি হয়েছে।
বর্তমানে অনেক তরুণ-তরুণী অনলাইনভিত্তিক ব্যবসা শুরু করছেন, যা তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। শুধু শহর নয়, গ্রামের শিক্ষিত যুবকরাও এখন ফেসবুক, ইন্সটাগ্রাম বা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করছেন। এতে করে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, লজিস্টিকস, কাস্টমার সার্ভিস এবং প্রযুক্তিভিত্তিক সেবা খাতে।
বাজার ব্যবস্থার এই রূপান্তর জীবনযাত্রার মানেও ইতিবাচক প্রভাব ফেলছে। এখন ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বৈচিত্র্যময় দেশি-বিদেশি পণ্য কেনা যাচ্ছে। ফলে সময়, শ্রম ও ভ্রমণ ব্যয় কমে আসছে। দূরদূরান্তের গ্রাহকরাও এখন সহজে শহরের সেবা ও পণ্য পাচ্ছেন অনলাইনের মাধ্যমে, যা আগে কল্পনাও করা যেত না।
তবে এই সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। এখনও অনেক এলাকায় ইন্টারনেট সুবিধার অভাব, ডিজিটাল লেনদেনে নিরাপত্তা ঝুঁকি এবং তথ্যের অপ্রতুলতা সাধারণ মানুষকে পিছিয়ে রাখছে। তাই বাজার ব্যবস্থার এই রূপান্তরকে সবার জন্য সমান সুযোগে পরিণত করতে হলে ডিজিটাল শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে আরও জোর দিতে হবে।
সার্বিকভাবে বাজার ব্যবস্থাপনার পরিবর্তন সমাজে একটি নতুন গতিশীলতা এনেছে। এটি একদিকে যেমন আধুনিকতা ও সুযোগ তৈরি করছে, অন্যদিকে তেমনি বৈষম্য ও চ্যালেঞ্জের দিকটিও সামনে আনছে। যার মোকাবিলায় চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত নীতি।
মূল্যবৃদ্ধি ও ভোক্তার বাস্তবতা: বাংলাদেশের বাজার ব্যবস্থার পরিবর্তন এখন আর কেবল চেহারার বা কাঠামোর বিষয় নয়, এটি সরাসরি প্রভাব ফেলছে মানুষের জীবনযাত্রায়—বিশেষ করে সাধারণ ভোক্তার পকেটে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিনে দিনে বেড়ে চলেছে, অথচ মানুষের আয় সেই হারে বাড়ছে না। ফলে বাজারে গেলেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের মানুষ এখনো উচ্চ মূল্যস্ফীতির চাপ সামলাচ্ছে। ২০২৪ সালের মার্চ শেষে দেশে খাদ্যসামগ্রীর মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ৯ শতাংশ, আর সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।
২০২৪ সালের এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতে এই হার আরও বেশি—৯ দশমিক ৬১ শতাংশ। এর মানে দাঁড়ায়, আপনি যদি গত বছর এপ্রিল মাসে ১০০ টাকায় একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য ও সেবা কিনে সংসার চালাতে পারতেন, তবে এবার সেই একই পণ্য ও সেবার জন্য গুনতে হচ্ছে ১০৯ টাকা ১৭ পয়সা। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৯ টাকা ১৭ পয়সা।
যদিও সাম্প্রতিক মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমতির দিকে, তবুও পুরো বছরের চিত্রটা অনেক বেশি উদ্বেগজনক। ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছর জুড়ে গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ২১ শতাংশ, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
এই উচ্চ মূল্যস্ফীতির কারণে স্বল্প ও নির্ধারিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। একই আয় দিয়ে আগের মতো বাজার করা বা সংসারের খরচ চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে। যেসব পণ্য আগে সপ্তাহের বাজারে সহজে কেনা যেত, সেগুলো এখন অনেকের জন্য বিলাসে পরিণত হয়েছে। এই বাস্তবতা বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জন্য দুঃসহ হয়ে উঠেছে।
একসময়ের স্বস্তির বাজার এখন দুশ্চিন্তার জায়গা। অনেক পরিবারই নিরুপায় হয়ে পছন্দের পণ্য বাদ দিয়ে কমদামি বিকল্প খুঁজছে, অথবা আগের মতো পরিমাণে কিনতে পারছে না। শিশুদের পুষ্টিকর খাবার থেকে শুরু করে বৃদ্ধ সদস্যের ওষুধ—সবকিছুতেই হিসাব করতে হচ্ছে। অথচ একই সময়ে এক শ্রেণির মানুষের জন্য বাজার ব্যবস্থার এই পরিবর্তন যেন আরও সুযোগ সৃষ্টি করেছে। ডিজিটাল পেমেন্ট, এক্সক্লুসিভ অফার, অনলাইন ডিসকাউন্ট—এসব সুবিধা তারা পাচ্ছে প্রযুক্তির সহজ ব্যবহার এবং অর্থনৈতিক সক্ষমতার কারণে।
অন্যদিকে যেসব মানুষ দিন আনে দিন খায়, তারা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে খোলা বাজারে বিক্রি হওয়া পণ্যের দাম নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়ায় তারা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছেন না। সরকার মাঝে মাঝে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করলেও তা চাহিদার তুলনায় খুবই সীমিত এবং সবার কাছে পৌঁছায় না।
বাজারে সিন্ডিকেট, মজুতদারদের দৌরাত্ম্য এবং পর্যাপ্ত নজরদারির অভাব মূল্যবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে। ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে নিচ্ছেন, যা নীতিনির্ধারকদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
কৃষকের দুর্দশা বনাম মধ্যস্বত্বভোগীর মুনাফা: বাংলাদেশের কৃষিখাত এখন এক জটিল বাস্তবতার মুখোমুখি। কৃষক মাঠে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছেন, কিন্তু সেই ফসল বাজারে এনে বিক্রি করতে গিয়ে পাচ্ছেন না ন্যায্য দাম। অথচ শহরের ভোক্তাদের সেই একই পণ্য কিনতে হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি দামে। এর মাঝখানে সবচেয়ে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা ও কিছু করপোরেট প্রতিষ্ঠান, যারা কৃষিপণ্য বিপণনের চেইনকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।
কৃষক যে দামে ফসল বিক্রি করছেন, তার সাথে ভোক্তার কেনার দামের ব্যবধান এতটাই বেশি যে তা শুধু পরিবহন বা মজুত খরচ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে এই ব্যবধান তৈরি হচ্ছে অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা, অসাধু দালালদের দৌরাত্ম্য এবং কৃষকের বাজারে সরাসরি প্রবেশাধিকারের অভাবের কারণে।
অনেক সময় কৃষক বাধ্য হন মৌসুমের শুরুতেই কম দামে পণ্য বিক্রি করতে, কারণ তাদের হাতে সংরক্ষণ বা সরাসরি বাজারজাত করার মতো অবকাঠামো নেই। অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা সেই পণ্য মজুত করে রেখে কৃত্রিম সংকট তৈরি করেন, পরে দ্বিগুণ দামে বাজারে ছাড়েন। এতে একদিকে কৃষক লোকসানে পড়েন, অন্যদিকে সাধারণ মানুষকে পণ্য কিনতে হয় অতিরিক্ত দামে।
এই পরিস্থিতি আরও জটিল হয়েছে কিছু করপোরেট কোম্পানির আধিপত্যে। তারা কৃষিপণ্যের সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বিপণনের পুরো চেইন নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। একদিকে কৃষক তাদের নির্ধারিত দামে পণ্য দিতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে ভোক্তারা তাদের নির্ধারিত উচ্চ মূল্যে তা কিনতে বাধ্য হচ্ছেন। ফলে লাভের বড় অংশ চলে যাচ্ছে কোম্পানির পকেটে, আর কৃষক ও ভোক্তা—উভয়ই বঞ্চিত হচ্ছেন।
এই বৈষম্য দূর করতে হলে দরকার একটি স্বচ্ছ, কৃষকবান্ধব এবং ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা। কৃষকদের জন্য সরকারি সহায়তায় সরাসরি বিপণনের সুযোগ, ন্যায্যমূল্য নির্ধারণে কার্যকর ভূমিকা এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য তার হাতে পৌঁছাতে না পারলে দেশের খাদ্য নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি ভোক্তার আস্থাও হারাবে বাজার ব্যবস্থার ওপর।
বাজার নিয়ন্ত্রণে কার ভূমিকা?
বাজারের অস্থিরতা ও পণ্যমূল্য বৃদ্ধির এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—কে নিয়ন্ত্রণ করবে বাজার? সরকার নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণের কথা বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিয়ন্ত্রণমূলক কার্যক্রম অনেক সময়েই কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, মাঠপর্যায়ে তার বাস্তব প্রভাব খুব কমই দেখা যায়।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কিছু নির্দিষ্ট মৌসুমে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও তা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যথেষ্ট নয়। সীমিত পরিসরে পরিচালিত এই বিক্রয় কার্যক্রম পণ্যের চাহিদার তুলনায় নগণ্য, ফলে বাজারে এর প্রভাবও ক্ষণস্থায়ী।
অন্যদিকে মজুতদার ও অসাধু সিন্ডিকেট চক্র এখনো সক্রিয়। তারা পরিকল্পিতভাবে পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। দুঃখজনক হলেও সত্য, এই চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা প্রায় অনুপস্থিত।
সরকার বিভিন্ন সময়ে নীতিমালা ও ভর্তুকি কার্যক্রম চালু করলেও সেগুলোর সুফল অনেক সময় প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছায় না। যাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়, তারা থেকে যান উপেক্ষিত।
বর্তমান বাজার বাস্তবতায় নীতিনির্ধারকদের ভূমিকা যেন ক্রমেই পর্যবেক্ষকের রূপ নিচ্ছে। কার্যকর বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হলে শুধু নিয়মনীতি করাই যথেষ্ট নয়—তার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। দরকার স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা, জবাবদিহিতামূলক প্রশাসনিক কাঠামো এবং বাজার নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ।
পরিবর্তনের সুফল কার ঝুলিতে?
বর্তমান বাজার ব্যবস্থার রূপান্তর যে হয়েছে তা নিঃসন্দেহে প্রযুক্তি, নগরায়ণ ও বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য জরুরি ছিল। তবে প্রশ্ন হলো—এই পরিবর্তনের সুফল আসলে কারা পাচ্ছে?
বস্তুনিষ্ঠভাবে দেখলে বোঝা যায়, বাজারের এই নতুন চেহারায় প্রকৃত লাভবান হয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলো ও উচ্চবিত্ত শ্রেণি। তারা পাচ্ছে উন্নত মানের পণ্য ও সেবা, প্রযুক্তিনির্ভর স্মার্ট শপিং সুবিধা, বাড়িতে বসে পণ্য অর্ডার করার স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানের ভোগ্যপণ্যের সহজ প্রবাহ। তাদের জন্য সময় বাঁচছে, পরিশ্রম কমছে, আর পণ্যের মান ও প্যাকেজিংও দিন দিন উন্নত হচ্ছে।
কিন্তু বিপরীতে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য এই পরিবর্তন যেন হয়ে উঠেছে এক দুর্ভোগের নাম। বাজারে তাদের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী পণ্যের প্রাপ্যতা কমে যাচ্ছে। মূল্যবৃদ্ধির ধাক্কা আর সীমিত আয় মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাও হয়ে উঠছে কঠিন।
তাদের বাজার এখন আর আগের মতো সহজলভ্য নয়—যেখানে পসরা সাজিয়ে বসতেন পরিচিত দোকানি, যিনি পণ্যের দাম একটু কমিয়ে দিতেন বা বাকিতে দিতেন। এখন সেই জায়গায় এসেছে বড় বড় ব্র্যান্ড ও অচেনা অনলাইন প্ল্যাটফর্ম। যাদের কাছে মানুষের নাম বা সম্পর্ক নয়, বরং প্রাধান্য পায় ট্রানজেকশন হিসাব। অতএব স্পষ্টভাবে বলা যায়—বাজার ব্যবস্থার এই রূপান্তরের সুফল এখন মূলতঃ পৌঁছে যাচ্ছে করপোরেটদের হাতে, আর সাধারণ জনগণের কাঁধে জমছে এর খরচ।
কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত ও বাজার নিয়ন্ত্রণে করণীয়: বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি এখনো কৃষিকে ঘিরেই গড়ে উঠেছে। দেশের একটি বড় অংশ—প্রায় ৪০ শতাংশ মানুষ—প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। অথচ কৃষি খাতের প্রধান কারিগর আমাদের কৃষক, দিনশেষে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হন। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না, কিন্তু বাজারে সেই পণ্যের দাম থাকে অনেক বেশি। ফলে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে শহরের ভোক্তাকেও বাড়তি দামে পণ্য কিনতে হয়। এই দুই পক্ষের মাঝখানে লাভ করে কিছু মধ্যস্বত্বভোগী ও করপোরেট চেইন, যারা পুরো বিপণন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কৃষককে পণ্যের ন্যায্য দাম না দিয়ে কম দামে কিনে, সেই পণ্য অনেক গুণ বেশি দামে বিক্রি করা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এর পেছনে মূল সমস্যা হলো—কৃষকের সরাসরি বিক্রির সুযোগ নেই, নেই পণ্য সংরক্ষণের ব্যবস্থা, নেই পর্যাপ্ত সরকারি হস্তক্ষেপ। অনেক কৃষক পাকা ধান বা শাকসবজি মাঠেই নষ্ট হতে দেখেন। কারণ বিক্রির পরিবহন বা সংরক্ষণের সুযোগ না থাকায় তারা বাধ্য হন কম দামে তা ছেড়ে দিতে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ এবং সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৭ শতাংশ। অথচ সেই সময়েও কৃষকরা ধান, আলু বা সবজির ন্যায্য মূল্য পাননি। এই বৈসাদৃশ্য প্রমাণ করে কৃষকের আয় না বাড়লেও ভোক্তার খরচ বেড়েছে, আর মধ্যস্বত্বভোগীর মুনাফাই সবচেয়ে বেশি হয়েছে।
এই চিত্র পাল্টাতে হলে কিছু সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ জরুরি—
প্রথমতঃ কৃষকের উৎপাদিত ফসলের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম মূল্য (Minimum Support Price) কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এতে কৃষক তার উৎপাদন খরচের নিরাপত্তা পাবেন এবং লোকসান কমবে।
দ্বিতীয়ত: বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে হবে। তারা দামের ফারাক তৈরি করে বাজারকে অস্থির করে তোলে। কৃষক যেন সরাসরি বাজারে প্রবেশ করতে পারেন, সেজন্য প্রয়োজন সরকারি সহায়তায় সংগ্রহ কেন্দ্র, কৃষক বাজার ও ডিজিটাল প্ল্যাটফর্ম।
তৃতীয়ত: কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য হিমাগার ও আধুনিক গুদাম গড়ে তুলতে হবে গ্রামাঞ্চলে। এতে মৌসুমি পণ্যের অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে রাখা যাবে এবং কৃষককে কম দামে তা বিক্রি করতে হবে না।
চতুর্থতঃ কৃষকদের জন্য প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ এবং তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এতে উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি কৃষক ভালো মানের ফসল উৎপাদন করে প্রতিযোগিতামূলক দামে বিক্রি করতে পারবে।
উদাহরণ স্বরূপ- দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ফল উৎপাদনের সময় দেখা যায়—পণ্যের প্রাচুর্যে কৃষক তাৎক্ষণিকভাবে খুব কম দামে বিক্রি করে দেন। অথচ সেই ফলই শহরে কয়েকগুণ বেশি দামে বিক্রি হয়। মধ্যস্বত্বভোগী লাভ করে, কৃষক বঞ্চিত থাকেন। এই ব্যবধান দূর করতেই দরকার সংরক্ষণ, সরাসরি বিক্রয় ও ন্যায্য মূল্য কাঠামো।
পরিশেষে বাজার কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি ন্যায্যতা ও অর্থনৈতিক ভারসাম্যের প্রতিফলন। এই ভারসাম্য তখনই আসবে যখন উৎপাদকের অধিকার নিশ্চিত হবে এবং ভোক্তাও সঠিক দামে পণ্য পাবে। কৃষকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের কৃষি হবে লাভজনক, গ্রামীণ অর্থনীতি হবে শক্তিশালী এবং সার্বিকভাবে জাতীয় উন্নয়ন হবে আরও টেকসই।

