বিশ্বের সবচেয়ে দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল দেশগুলো বর্তমানে চীনের কাছে রেকর্ড পরিমাণ ঋণের ভারে নুয়ে পড়েছে। ২০২৫ সাল নাগাদ এসব দেশকে চীনের কাছে পরিশোধ করতে হবে প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার, যা এক ধরনের ‘আর্থিক সুনামির’ ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ার বৈদেশিক নীতিনির্ধারক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউট আজ মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণে এই চিত্র তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৭৫টি দরিদ্রতম দেশ বর্তমানে এমন এক ঋণ সংকটের মুখোমুখি যা তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার সক্ষমতাকে হ্রাস করছে। উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক সংকটে থাকাকালীন সময়ে বিপুল পরিমাণ অর্থ চীনের দিকে চলে যাচ্ছে যা তাদের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
এই ঋণগুলোর বড় অংশই এসেছে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নেতৃত্বাধীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের আওতায়। বিআরআই হচ্ছে চীনের বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগ কর্মসূচি, যার মাধ্যমে বিভিন্ন দেশে স্কুল, হাসপাতাল, সেতু, মহাসড়ক, নৌ ও বিমানবন্দর নির্মাণসহ নানা বড় প্রকল্পে অর্থায়ন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে চীন এক সময় বিশ্বের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় ঋণদাতা রাষ্ট্রে পরিণত হয়। ২০১৬ সাল নাগাদ চীনের বার্ষিক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় যা পশ্চিমা সব ঋণদাতাদের সম্মিলিত অর্থায়নের চেয়েও বেশি ছিল।
প্রাথমিকভাবে বিআরআই টার্গেট করে উন্নয়নশীল দেশগুলোকে যেগুলোর সরকারি খাত পুঁজির অভাবে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হচ্ছিল। চীনের অর্থায়ন সেই শূন্যস্থান পূরণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে এতে বাড়তে থাকে রাজনৈতিক ও কূটনৈতিক আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে চীন অনেক দেশকে ‘ঋণের ফাঁদে’ ফেলেছে। যদিও চীন সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে এবং বলেছে এসব ঋণ ছিল পারস্পরিক সুবিধাভিত্তিক।
গত মাসে লোয়ি ইনস্টিটিউট প্রকাশিত আরেক প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস বর্তমানে চীনের অতিরিক্ত ঋণের কারণে গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটির জ্বালানি খাতে চীনের বড় অঙ্কের বিনিয়োগকে এই সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন চীন ব্যাংকার নয় বরং একটি ‘ঋণ সংগ্রাহক’ রূপে আত্মপ্রকাশ করছে। আর এই ঋণ আদায়ের পেছনে রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণস্বরূপ, হন্ডুরাস, নিকারাগুয়া, সলোমন দ্বীপপুঞ্জ, বুরকিনা ফাসো এবং ডোমিনিকান রিপাবলিকের মতো দেশগুলো চীনকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার ১৮ মাসের মধ্যেই চীন থেকে বড় অঙ্কের ঋণ পেয়েছে। এর আগে এসব দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে আসছিল।
চীন এখনো পাকিস্তান, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো কৌশলগত ও খনিজ-সম্পদসমৃদ্ধ দেশগুলোতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। তবে একই সময়ে চীনকেও চাপে পড়তে হচ্ছে। দুর্বল অর্থনীতির দেশগুলোর সঙ্গে ঋণ পুনর্গঠন নিয়ে কূটনৈতিক জটিলতা এবং চীনের অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা এই দুইয়ের চাপে পড়ে তাদের ঋণ আদায় কার্যক্রম জটিল হয়ে উঠেছে।
চীনের ঋণ নীতির স্বচ্ছতা নিয়েও রয়েছে গুরুতর প্রশ্ন। লোয়ি ইনস্টিটিউটের দাবি, চীন তাদের প্রকৃত ঋণের অঙ্ক গোপন করে থাকে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা এইডডেটা জানায়, চীনের ‘লুকানো ঋণের’ পরিমাণ প্রায় ৩৮৫ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে।
এতসব তথ্যের আলোকে বলা যায়, চীনের ঋণ কৌশল শুধু অর্থনৈতিক নয় বরং কৌশলগত প্রভাব বিস্তারের একটি কার্যকর হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের সেইসব দরিদ্র দেশ যারা এই ঋণের ভারে নুয়ে গিয়ে নিজেদের মৌলিক উন্নয়ন চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছে।

