দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও একবার ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট রিজার্ভ বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৫ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার ৫৮০ কোটি ডলারের সমপরিমাণ।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে, একই সময়ে হিসেব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৬ কোটি ২২ লাখ ডলার।
এর ঠিক আগে, গত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে পাঁচদিনে রিজার্ভে যুক্ত হয়েছে প্রায় ১৬ কোটি ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় ও রেমিট্যান্সের কিছুটা ইতিবাচক প্রবাহ এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকার কারণে রিজার্ভে এই বৃদ্ধি এসেছে। তবে আইএমএফ-এর কঠোর আর্থিক মানদণ্ড এবং স্বচ্ছ হিসাব পদ্ধতির কারণে প্রকৃত রিজার্ভের ছবিটি কিছুটা ভিন্নরূপে ধরা দিচ্ছে।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে বিবেচনা করা হয়। সামনের দিনগুলোতে এই প্রবণতা অব্যাহত থাকলে তা অর্থনীতির জন্য আশার বার্তা হতে পারে।

