আসন্ন অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃচ্ছ্রসাধনের নীতি বজায় রাখার পাশাপাশি বাজারভিত্তিক বিনিময় হার বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হলেও এতে অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছে অর্থ মন্ত্রণালয়।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তুতির অংশ হিসেবে প্রণীত “মধ্যমেয়াদি অর্থনৈতিক নীতি” (মিডিয়াম-টার্ম ম্যাক্রোইকোনমিক পলিসি স্টেটমেন্ট – এমটিএমপিএস) অনুযায়ী, বাজারভিত্তিক বিনিময় হার চালু হলে ডলারের দাম বেড়ে যেতে পারে। এর ফলে আমদানি ব্যয় বাড়বে এবং তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই স্টেটমেন্টে আগামী তিন অর্থবছরের (২০২৫-২৬ থেকে ২০২৭-২৮) দেশি-বিদেশি আর্থিক প্রেক্ষাপট এবং তার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বহির্বিশ্বের আর্থিক অনিশ্চয়তা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর রপ্তানি খাতে চাপ বাড়তে পারে। এর ফলে কিছুটা মূল্যস্ফীতি হ্রাস পেলেও রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা সামগ্রিকভাবে জিডিপি প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে দুটি স্বতন্ত্র সংস্থায় ভাগ করতে পারলে আগামী তিন বছরের মধ্যে রাজস্ব আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন সম্ভব।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এক সাক্ষাৎকারে বলেন, এক্সচেঞ্জ রেট বাড়লে বিদেশি ঋণের আসল ও সুদের পরিশোধে সরকারের ব্যয় বাড়বে। একই সঙ্গে খাদ্য ভর্তুকিসহ অন্যান্য খাতেও বাড়তি ব্যয় দেখা দেবে যা রাজস্ব খাতে চাপ তৈরি করবে। তিনি আরও বলেন, রপ্তানি কমে গেলে তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক নাও হতে পারে।
এ প্রসঙ্গে সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকবে সরকার।” তিনি জানান, গত আট মাসে সরকার গাড়ি কেনা, রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন এবং বিদেশ ভ্রমণের মতো খরচ বন্ধ রেখেছে এবং তা অব্যাহত থাকবে।
এদিকে ড. জাহিদ হোসেন সতর্ক করে বলেন, রপ্তানি কমে গেলে তা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ ফেলবে যা আবারও বিনিময় হার বাড়িয়ে মূল্যস্ফীতি ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক না-ও হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের স্টেটমেন্টে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে রাজস্ব ঝুঁকি মূল্যায়ন, যেখানে আর্থিক ঝুঁকি, বৈদেশিক ধাক্কা, প্রাকৃতিক দুর্যোগ এবং সম্ভাব্য দায়বদ্ধতার মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং সংশ্লিষ্ট সংস্কার কর্মসূচির প্রভাব নিয়ে এতে কোনো বক্তব্য নেই।
বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতি সম্পর্কে স্টেটমেন্টে বলা হয়েছে, দেশের অর্থনীতি বর্তমানে কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি। তবে বাস্তব জিডিপি প্রবৃদ্ধির হার ২০২৪-২৫ অর্থবছরে ৫ শতাংশ থেকে ২০২৫-২৬ অর্থবছরে ৫.৫ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৬.৫ শতাংশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের লক্ষ্যও তুলে ধরা হয়েছে। কঠোর মুদ্রানীতি এবং সচেতন রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে গড় মূল্যস্ফীতি ২০২৫-২৬ অর্থবছরে ৯ শতাংশ থেকে কমে ৬.৫ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৫.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে চাহিদা হ্রাসের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করবে সরকার।
তবে তিনি এবং অন্যান্য অর্থনীতিবিদ মনে করেন, বাজেটে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা অর্জন সম্ভব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.১৭ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর গত ২৬ মাস ধরে এটি ৯ শতাংশের উপরে রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় গভীর সংকট তৈরি করেছে।
এদিকে, রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এনবিআর পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ইতোমধ্যে অধ্যাদেশ জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করার উদ্যোগ নিয়েছে একটি কর নীতি বিভাগ এবং অন্যটি কর প্রশাসন বিভাগ। তবে এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন এনবিআরের কর্মকর্তারা।
অর্থ মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে, এনবিআরের কাঠামোগত সংস্কার এবং কর ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে কর-জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে কর অঞ্চল সম্প্রসারণ, কর অব্যাহতির পরিমাণ হ্রাস এবং কর পরিশোধ ব্যবস্থার স্বয়ংক্রিয়করণসহ একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ৮.৩৭ শতাংশ হতে পারে এবং মধ্যমেয়াদে এই হার গড়ে ১০.৪ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
বাজেট ঘাটতি কমিয়ে আনতে সরকারের উদ্যোগও স্পষ্টভাবে উঠে এসেছে এই নীতিমালায়। সেখানে বলা হয়েছে, জরুরি খাত ছাড়া ব্যয় সংযত রাখা হবে এবং আর্থিক সংহতির নীতি অনুসরণ করা হবে। বাজেট ঘাটতি ২০২২-২৩ অর্থবছরের ৪.৬ শতাংশ থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ৩.৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ঋণ ব্যবস্থাপনার কার্যকরী কৌশলের মাধ্যমে দেশের ঋণ-জিডিপি অনুপাত ৩৭ শতাংশে স্থিতিশীল রাখা হবে।
বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি, কঠোর মুদ্রানীতি এবং চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি এখনো ধীর। পণ্য ও জ্বালানির বাজারে অস্থিরতা অব্যাহত এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপও বাড়ছে।
এই প্রেক্ষাপটে, বাংলাদেশ এখন স্থিতিশীলতা রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে একটি সুনির্দিষ্ট সামষ্টিক অর্থনৈতিক সমন্বয়ের মাধ্যমে অগ্রসর হওয়ার সময় পার করছে বলে মন্তব্য করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি নীতিমালায়।

