২০২৪ সালের ৫ আগস্ট সকালে, সেনা কর্মকর্তারা পদত্যাগ করতে বললে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এমনই প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালে এক শুনানিতে এই কথা বলেন, যা প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।
শুধু তাই নয় — ওই শুনানিতে তিনি ঢাকার চাঁখারপুল এলাকায় ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছেন।
পদত্যাগের চাপ: শুরুটা কোথায়?
তাজুল ইসলাম জানান, ৪ আগস্ট রাতেই গনভবনে এক উত্তপ্ত বৈঠকে পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা এবং সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানরা। বৈঠকে তখনকার স্পিকার শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। যদিও আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দেন।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী সরাসরি হাসিনাকে পদত্যাগ করতে বলেন। কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে তা প্রত্যাখ্যান করেন এবং সেনাপ্রধানকে নির্দেশ দেন যেন যেকোনো মূল্যে আন্দোলন দমন করা হয়।
দুই মাস ধরে চলা কোটা সংস্কার আন্দোলন তখন রূপ নিয়েছে ভয়াবহ সহিংসতায়। ওই পর্যন্ত অন্তত ৫০০ জন প্রাণ হারিয়েছেন।
আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর প্রস্তাব
বৈঠকে সিদ্দিকী এক ধাপ এগিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর পরামর্শ দেন — এমনকি ঢাকার আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালানোরও প্রস্তাব দেন।
এই প্রস্তাবে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিমানবাহিনীর প্রধান। তিনি শেখ হাসিনাকে বলেন, “তারিক আপনাকে একবার ডুবিয়েছে, আবার ডুবাবে।”
শেখ হাসিনার শেষ সকাল
পরদিন, ৫ আগস্ট সকাল। পরিস্থিতি আরও খারাপের দিকে। আন্দোলনকারীরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ কর্মকর্তারা হাসিনাকে জানান, তারা প্রায় নিঃশেষ — অস্ত্র-গুলি ফুরিয়ে গেছে, শারীরিকভাবে ক্লান্তও।
সেনা কর্মকর্তারা ফের তাঁকে পদত্যাগের অনুরোধ জানান। আর তখনই শেখ হাসিনা ক্ষোভে বলেন:
“তাহলে আমাকে এখানেই গুলি করুন, গনভবনের মাটিতেই কবর দিন।”
এই অবস্থায় সেনাবাহিনী আলাদাভাবে আরেকটি জরুরি বৈঠক করে। জানানো হয়, আন্দোলনকারীরা চারদিক থেকে গনভবন ঘিরে ফেলেছে — সময় হাতে আর নেই। তখন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তাঁকে অনুরোধ করেন সরে দাঁড়াতে। এমনকি কাঁদতে কাঁদতে হাসিনার পায়ে লুটিয়ে পড়েন।
তবু শেখ হাসিনা তখনও অনড়।
ছেলের হস্তক্ষেপেই সিদ্ধান্ত
পরিস্থিতি যখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে, তখন সেনাবাহিনী যোগাযোগ করে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে, যিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
জয় মাকে বোঝান, আর রক্তপাত না বাড়িয়ে পদত্যাগ করাই শ্রেয়। অবশেষে শেখ হাসিনা সায় দেন সরে দাঁড়ানোর ব্যাপারে।
পদত্যাগের আগে হাসিনা টেলিভিশনে একটি বক্তব্য দিতে চেয়েছিলেন, যাতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন। কিন্তু সেনাবাহিনী তা নাকচ করে দেয়। তাঁকে জানানো হয় — মাত্র ৪৫ মিনিট আছে, এর মধ্যেই গনভবন ছাড়তে হবে।
হাজার হাজার বিক্ষোভকারী তখন গনভবনের গেটে পৌঁছে গেছে।
অবশেষে, নিরুপায় শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে বাংলাদেশ ছাড়েন।
গন্তব্য: ভারত।
এভাবেই শেষ হয় এক দীর্ঘ অধ্যায় — নাটকীয়, রক্তাক্ত ও অনিশ্চয়তায় ভরা।
সেই সকালের ইতিহাস হয়তো আরও অনেক প্রশ্ন রেখে গেল, যার উত্তর এখনও মেলেনি।

