দেশের জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা ৯টি বেসরকারি প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য করছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই করছাড় সুবিধার ঘোষণা দেওয়া হয় যা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনটি আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জারি করা হয়েছে। এতে উল্লেখিত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।
এনবিআর সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের কার্যক্রম করদাতাদের মধ্যে সামাজিক দায়িত্ব পালনের আগ্রহ বাড়াবে বলে আশা করছে এনবিআর। একইসঙ্গে এই করছাড় সুবিধা প্রতিষ্ঠানগুলোর আর্থিক টেকসইতাও নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানগুলোর কাজের পরিধি ও গুরুত্ব বিবেচনায় নিয়ে এই করছাড় সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা, রক্ত সংগ্রহ, স্ক্রিনিং ও সচেতনতা তৈরিতে কাজ করছে। মাস্তুল ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুনর্বাসন খাতে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। পথশিশুদের জন্য স্কুল, বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প এবং আশ্রয়কেন্দ্র পরিচালনাও করছে তারা।
গণস্বাস্থ্য কেন্দ্র দেশের চিকিৎসা খাতে একটি সুপরিচিত নাম। এই প্রতিষ্ঠানটি কম মূল্যে ওষুধ উৎপাদন, মা ও শিশু স্বাস্থ্যসেবা, গণচিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে যুগান্তকারী ভূমিকা রেখে আসছে। অন্যদিকে এসওএস চিলড্রেনস ভিলেজ, ঢাকা আহছানিয়া মিশন, এবং বাংলাদেশ জাতীয় বধির সংস্থা দীর্ঘদিন ধরে শিশু অধিকার, শিক্ষা উন্নয়ন ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ জীবনসায়াহ্নে থাকা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, আর আগামী এডুকেশন ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণিকে এগিয়ে নিতে নিরবিচারে কাজ করছে।
এনবিআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের করছাড়ের মাধ্যমে জনকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠানগুলোকে আরো উৎসাহিত করা হবে এবং ভবিষ্যতে সমাজের নানা সংকটে তাদের কার্যকর ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই উদ্যোগকে অর্থনৈতিক ন্যায়বিচার এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষার এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তাঁদের মতে, বেসরকারি খাতে এমন জনসেবামূলক উদ্যোগকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও করছাড়ের মাধ্যমে সহযোগিতা করা হলে সামগ্রিকভাবে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তি গড়ে উঠবে।

