সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া লেনদেনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করছে। প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত ডিজিটাল মুদ্রা “এই কয়েন” ব্যবহার করে ফ্লাইট টিকিট কেনার সুবিধা চালু করছে। এই উদ্যোগ দেশটিতে প্রথমবারের মতো ডিজিটাল মুদ্রার মাধ্যমে ফ্লাইট বুক করার সুযোগ এনে দিলো। এমন খবর প্রকাশ করেছে খ্যাতনামা গণমাধ্যম দ্য ন্যাশনাল।
শারজাহভিত্তিক বাজেট ক্যারিয়ার এয়ার অ্যারাবিয়া এই ডিজিটাল লেনদেন সুবিধা চালু করছে আল মারিয়াহ কমিউনিটি ব্যাংকের (এমব্যাংক) সহায়তায়। যাত্রীরা ‘এইসি ওয়ালেট’ নামক একটি অ্যাপ ব্যবহার করে তাদের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। সংস্থাটি দাবি করেছে, এটি মধ্যপ্রাচ্যের প্রথম এয়ারলাইনস যারা সরকার অনুমোদিত স্টেবলকয়েনের মাধ্যমে ফ্লাইট বুক করার সুযোগ দিচ্ছে।
গত ডিসেম্বরে আরব আমিরাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই কয়েন ব্যবহারে চূড়ান্ত অনুমোদন দেয়। এই কয়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর স্থিতিশীল বিনিময় হার, যা আমিরাতি দিরহামের সঙ্গে ১:১ অনুপাতে নির্ধারিত। অর্থাৎ ১ এই কয়েনের মূল্য ১ দিরহামের সমান। ফলে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো এর দামে ওঠানামা হয় না যা এই ডিজিটাল মুদ্রাটিকে নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলে।
এয়ার অ্যারাবিয়ার গ্রুপ সিইও আদেল আলী জানিয়েছেন, “আমাদের এই নতুন পেমেন্ট অপশন ডিজিটাল পরিষেবার অগ্রগতিতে একটি বড় পদক্ষেপ। এটি যাত্রীদের জন্য একটি সহজ, নিরাপদ এবং আধুনিক লেনদেনের পথ উন্মুক্ত করবে।”
যাত্রীরা যদি এই কয়েন ব্যবহার করে টিকিট কিনতে চান তাদের প্রথমে ‘এইসি ওয়ালেট’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এমব্যাংক বা অন্য কোনো অনুমোদিত উৎস থেকে ওয়ালেটে অর্থ যোগ করতে হবে। এই প্রক্রিয়াটি ডিজিটাল নিরাপত্তা বজায় রেখেই সম্পন্ন হবে।
এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র বিমান সংস্থাটির সেবার মানই উন্নত হচ্ছে না বরং এটি সংযুক্ত আরব আমিরাতের সামগ্রিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সরাসরি সাযুজ্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও পর্যটন খাতে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষণা সংস্থা স্ট্র্যাটেজিকঅ্যারো রিসার্চের প্রধান বিশ্লেষক সাজ আহমদ বলেন, “এই কয়েনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন থাকার কারণে ভোক্তারা এটিকে বেশি আস্থার সঙ্গে গ্রহণ করতে পারবেন। এটা একটি বিশ্বাসযোগ্য ডিজিটাল পেমেন্ট পদ্ধতির প্রতিচ্ছবি।”
এই উদ্যোগকে সংযুক্ত আরব আমিরাতের ‘ডিজিটাল দিরহাম’ প্রকল্পেরই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার এই পরিকল্পনার মাধ্যমে একটি নিরাপদ, নিয়ন্ত্রিত এবং আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে চায়। এয়ার অ্যারাবিয়ার এই পদক্ষেপ সেই লক্ষ্য অর্জনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে নীতিনির্ধারক ও প্রযুক্তি বিশ্লেষকরা।
সার্বিকভাবে, ডিজিটাল মুদ্রায় ফ্লাইট বুকিংয়ের এই সুবিধা শুধু প্রযুক্তিনির্ভর গ্রাহক অভিজ্ঞতা নয় বরং একটি বৃহৎ আর্থিক ও নীতিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন যেখানে আধুনিকতা, নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার সমন্বয়ে ভবিষ্যতের লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

