বাংলাদেশের কৃষি খাতে নতুন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে আজ বুধবার, ২৮ মে ২০২৫। প্রথমবারের মতো চীনের বাজারে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশে উৎপাদিত সুস্বাদু আম। প্রাথমিকভাবে প্রায় ৫০ টন আম চীনে রপ্তানি করা হচ্ছে যা দেশের আম রপ্তানি খাতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট এলাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত এই আয়োজনে অংশ নেবেন কৃষক, উদ্যোক্তা, রপ্তানিকারক, চীনা দূতাবাসের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
এছাড়াও বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটেও আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ জানিয়েছেন, এই রপ্তানিকে কেন্দ্র করে কৃষি মন্ত্রণালয় গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং রপ্তানিতে রেকর্ড গড়ার লক্ষ্যে কাজ করছে। তিনি জানান, শুধু আম নয়, কাঁঠাল ও লিচু রপ্তানির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে উৎপাদিত ফলমূলের মান, চাহিদা ও বাজার অনুযায়ী দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানান, বিমান ভাড়া কমাতে বাণিজ্যিক কার্গো ফ্লাইট ব্যবহার নিয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা চলছে।
বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির পথ সুগম হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে। ওই সফরে তার আলোচনার ভিত্তিতে চীন বাংলাদেশের আম রপ্তানি বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কেন্দুয়া ঘাসুড়া এলাকার একটি আমবাগান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যা ছিল রপ্তানির প্রস্তুতির অংশ।
রপ্তানির এই সফল উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদি ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’, যা ২০২২ সালের জুলাই মাসে শুরু হয়। প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলে এবার আম রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা নেই এবং রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে কৃষকদের সহায়তার ফলাফল ইতিবাচক।
বাংলাদেশের জন্য এটি কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেও একটি গুরুত্বপূর্ণ অর্জন। চীনের বিশাল বাজারে বাংলাদেশের আম প্রবেশ করায় দেশীয় ফল রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা হলো। কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

