সরকার জ্বালানি, সার, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য আমদানির লক্ষ্যে দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং দেশের একটি প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের ক্রয় প্রস্তাব এবং পুনর্বাসন কার্যক্রমের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
গতকাল অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আরও কিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার মেসার্স পসকো ইন্টারন্যাশনাল করপোরেশনের কাছ থেকে এ এলএনজি আমদানি করতে খরচ হবে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪৫ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কিনবে সরকার। এ তেল সরবরাহ করবে মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড। মোট খরচ ধরা হয়েছে ৭১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা, প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সা।
শিল্প মন্ত্রণালয়ের সুপারিশে সংযুক্ত আরব আমিরাত থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে এই সার কিনতে ব্যয় হবে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের মাদেন কোম্পানি ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা, যেখানে প্রতি টনের মূল্য ৭০৯ মার্কিন ডলার।
রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় আখাউড়া-আগরতলা ডুয়াল গেজ রেল সংযোগ নির্মাণে ব্যয় বাড়িয়ে ৯ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়াল গেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পে কারিগরি সহায়তার জন্য ১৪১ কোটি ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকায় পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সাতক্ষীরা জোনে “সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ” প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-৫ এর আওতায় কালীগঞ্জ ফুলতলা মোড় থেকে শ্যামনগর চৌরাস্তা পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের জন্য জহিরুল লিমিটেডকে কাজ দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ৮৭৪ টাকা।
সিলেট সড়ক জোনের আওতায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণের জন্য “ডব্লিউপি-৩” প্যাকেজে ১৯১ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৫২২ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। একই প্রকল্পের ডব্লিউপি-৬ প্যাকেজের অধীনে ১৪৪ কোটি ৮১ লাখ ২ হাজার ৯২০ টাকার কাজ পাবে ওহিদুজ্জামান চৌধুরী ও মেসার্স জন্মভূমি নির্মাতা (জেওএন) যৌথভাবে।
এ ছাড়া কুমিল্লা সড়ক বিভাগের অধীন চারটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের একটি প্যাকেজে পুনরায় দরপত্র আহ্বানের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের গতকালের সভায় আরও তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে কক্সবাজারের হিমছড়ি থেকে রেজুখাল পর্যন্ত কেবল কার নির্মাণ প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী টিসিবি কর্তৃক নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইনের আওতায় সরাসরি ক্রয় বা বিকল্প কোনো পদ্ধতির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন, পণ্যের সময়মতো সরবরাহ এবং ব্যয়ের যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা শেষে জানানো হয়।

