মার্কিন শুল্কের চাপ ও বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাব ইউরোপীয় গাড়ি শিল্পে স্পষ্টভাবে পড়েছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো খরচ কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করলেও গত এপ্রিল মাসে ইউরোপের গাড়ি বাজারে দেখা গেছে শ্লথগতি। এমন প্রেক্ষাপটে মার্কিন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নির্মাতা টেসলা ইউরোপীয় বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে এপ্রিল মাসে সামগ্রিক গাড়ি বিক্রি গত বছরের তুলনায় ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সংগঠন এসিইএ (ACEA) জানিয়েছে, এই সময়ে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। তবে সেই ইতিবাচক প্রবৃদ্ধিও সামগ্রিক বাজারে গতি ফেরাতে পারেনি।
বিশেষ করে টেসলার পারফরম্যান্স ছিল সবচেয়ে হতাশাজনক। এপ্রিল মাসে ইউরোপে কোম্পানিটির গাড়ি বিক্রি কমেছে ৪৯ শতাংশ। যেখানে একই সময়ে ব্যাটারিচালিত গাড়ির সামগ্রিক বিক্রি বেড়েছে ২৭.৮ শতাংশ। যদিও মডেল ওয়াইয়ে কিছু হালনাগাদ করা হয়েছে, তবে তাও ইউরোপে টেসলার ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারে খুব একটা কার্যকর হয়নি। বাজার বিশ্লেষকদের মতে, চীনা ইভি নির্মাতাদের শক্ত অবস্থান এবং ইলোন মাস্কের রাজনৈতিক মন্তব্যের কারণে ইউরোপে ক্রেতাদের একটি অংশ টেসলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
গাড়ি বাজারে এই ধীরগতির পেছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিও ভূমিকা রেখেছে। যদিও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে, তবে আমদানিকৃত গাড়ির ওপর মার্কিন শুল্ক এখনও বহাল রয়েছে। এ পরিস্থিতির সঙ্গে বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি যুক্ত হয়ে গাড়ি শিল্পের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এসিইএর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত (ইএফটিএ) দেশগুলোতে মোট গাড়ি বিক্রি দাঁড়িয়েছে ১০ লাখ ৭ হাজার ইউনিট, যা আগের মাসের তুলনায় ০.৩ শতাংশ কম। মার্চ মাসে যেখানে ২.৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, সেখানে এপ্রিলের এই হ্রাস বাজারে হতাশা তৈরি করেছে।
অন্যদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাতা এসএআইসি মোটরের গাড়ি নিবন্ধন বেড়েছে ২৪.৫ শতাংশ এবং জাপানের মিৎসুবিশি মোটরসের নিবন্ধন বেড়েছে ২২.১ শতাংশ। তবে জাপানি গাড়ি নির্মাতা মাজদার নিবন্ধন কমেছে সমান হারে অর্থাৎ ২৪.৫ শতাংশ।
টানা চার মাস ধরে ইউরোপে টেসলার বিক্রি কমছে। কোম্পানিটির বাজার হিস্যা এক বছর আগে যেখানে ছিল ১.৩ শতাংশ এখন তা নেমে এসেছে মাত্র ০.৭ শতাংশে।
শুধু ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই (ব্রিটেন ও ইএফটিএ বাদে) গাড়ি বিক্রি আগের বছরের এপ্রিলের তুলনায় কমেছে ১.২ শতাংশ, যা টানা চতুর্থ মাসের পতন। তবে এই ধীরগতির মাঝেও আশার আলো হিসেবে দেখা যাচ্ছে ইভি খাতের প্রবৃদ্ধি। এ সময় ব্যাটারিচালিত, প্লাগ-ইন হাইব্রিড এবং হাইব্রিড ইলেকট্রিক গাড়ির নিবন্ধন বেড়েছে যা ভবিষ্যতের বাজার প্রবণতা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
ইইউর প্রধান গাড়ি বাজারগুলোর মধ্যে স্পেন এবং ইতালিতে এপ্রিল মাসে গাড়ি বিক্রি বেড়েছে যথাক্রমে ৭.১ এবং ২.৭ শতাংশ। অন্যদিকে ব্রিটেনে গাড়ি নিবন্ধন কমেছে ১০.৪ শতাংশ যা ইউরোপীয় বাজারের বৈচিত্র্যময় পরিস্থিতিকে তুলে ধরে।
এই চিত্র পরিষ্কারভাবে দেখায়, ইউরোপে গাড়ি শিল্প বর্তমানে এক জটিল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্যনীতি ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে না পারলে অনেক কোম্পানির জন্য এই সংকট আরও গভীর হতে পারে। তবে ইভি ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি বাজারের ক্রমবর্ধমান আগ্রহ ভবিষ্যতের জন্য কিছুটা আশাবাদের জায়গা তৈরি করছে।

