গত এক দশকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে। বিশ্বের ৫১টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৮তম। দেশের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ মাত্র ৩ দশমিক ৩২ শতাংশ যেখানে ভুটান তাদের বাজেটের ৮ দশমিক ০৫ শতাংশ ব্যয় করছে এ খাতে।
এই চিত্র উঠে এসেছে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় আয়োজিত একটি আলোচনা সভায় যার শিরোনাম ছিল ‘শিক্ষা ও স্বাস্থ্যে জাতীয় বাজেট’। বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মাহবুব হাসান, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক আবদুল্লাহ নাদভী।
সভায় আবদুল্লাহ নাদভী বলেন, যে দেশগুলো স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে তারা এই পরিবর্তনের পূর্ববর্তী সময়গুলোতে গড়ে জাতীয় বাজেটের ১৬ শতাংশ শিক্ষা ও ৯ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েছে। অথচ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার লক্ষ্যে থাকা বাংলাদেশে গত এক দশকে এই দুই খাতে গড়ে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে ১২ শতাংশ ও ৩ শতাংশ। এর ফলে বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই উন্নয়নশীল দেশের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে প্রবেশ করতে হতে পারে যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে।
প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিক থেকেও বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয়। গত ১০ বছরে ২৬টি নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম। বাংলাদেশের বর্তমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১ দশমিক ৯৪ শতাংশ। যদিও চলতি অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় ১৩ দশমিক ৯ শতাংশ।
আলোচনায় অংশ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার বলেন, “স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেটের যে বিনিয়োগ করা হয় তার সুফল পেতে সময় লাগে। দেশে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন থাকলেও শিক্ষা নিয়ে কোনো কমিশন নেই যা অত্যন্ত দুঃখজনক। কাঠামোগত পরিবর্তনের জন্য প্রশাসনিক সংস্কার ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী ফারুক হোসেন বলেন, “শিক্ষা এখন দেশে এক ধরনের বাজারপণ্যে পরিণত হয়েছে। গ্রামীণ এলাকায় শিক্ষকরা আর পড়াতে আগ্রহী নন। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসে পান মাত্র ১২ হাজার টাকা। বাজেটে বরাদ্দের পাশাপাশি প্রয়োজন এই বরাদ্দের সঠিক বাস্তবায়ন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান আলোচনায় বলেন, “তরুণ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলতে হলে শিক্ষা ও স্বাস্থ্য উভয় খাতেই মানোন্নয়ন অপরিহার্য। কিন্তু আমাদের দেশে এই দুই খাত দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা খাতে বিনিয়োগ হচ্ছে সাধারণ মানুষের টাকায় কিন্তু সেই মেধাবীদের ধরে রাখতে না পারায় জাতীয় সম্পদের অপচয় ঘটছে।”
সভায় বক্তারা একমত হন যে, স্বাস্থ্য ও শিক্ষা খাতে যথাযথ বরাদ্দ এবং তার কার্যকর বাস্তবায়ন ছাড়া উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন সম্ভব হলেও তা টেকসই হবে না। জাতীয় অগ্রগতির পথ সুগম করতে হলে এই দুই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এটাই ছিল আলোচনা সভার সারকথা।

