বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৯ মে) স্থানীয় সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মাস্ক বলেন, “বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।” তিনি আরও উল্লেখ করেন, “ডিওজিই’র মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এটি সরকারের কাঠামোতে একটি জীবনধারা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
মাস্কের এই পদত্যাগের পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন বাজেট বিল নিয়ে তার প্রকাশ্য অসন্তোষ। ‘বিগ, বিউটিফুল বিল’ নামে পরিচিত এই বাজেট প্রস্তাব ঘাটতি হ্রাসের বদলে বরং তা বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মাস্ক। তার ভাষায়, “এই খরচবহুল বিল দেখে আমি হতাশ। এতে ঘাটতি কমানোর পরিবর্তে তা আরও বাড়ানো হয়েছে। যা ডিওজিই টিমের কাজকে ব্যাহত করছে।”
আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন। তার লক্ষ্য ছিল ফেডারেল বাজেট থেকে অন্তত ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো। কিন্তু ডিওজিই’র ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটি এখন পর্যন্ত মাত্র ১৭৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে সক্ষম হয়েছে যা মার্কিন নাগরিকপ্রতি গড়ে ১,০৮৮.৯৬ ডলার।
ট্রাম্প প্রশাসনে মাস্কের দায়িত্বকাল ছিল ১৩০ দিনের জন্য, যা ৩০ মে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল। হোয়াইট হাউসের এক অজ্ঞাতনামা কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মাস্কের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিওজিই’র কার্যক্রম চালু থাকবে এবং সরকারি কাঠামোকে আরও ছোট ও দক্ষ করে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ট্রাম্পের নতুন বাজেট বিলটি সম্প্রতি প্রতিনিধি পরিষদে পাস হয়েছে এবং বর্তমানে এটি সিনেটের আলোচনার অপেক্ষায় রয়েছে। এই বিলের আওতায় ২০১৭ সালের কর ছাড়ের মেয়াদ বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা এবং মেডিকেইড প্রাপ্তির জন্য কর্মশর্ত সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগে বাজেট বাড়ানো হয়েছে।
কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) আশঙ্কা প্রকাশ করেছে যে, যদি এই বিল পাস হয় তবে ২০৩৪ সালের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ৩.৯ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে দিতে পারে। এতে ডিওজিই’র সব প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
বাজেট বিল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে মাস্ক বলেন, “একটা বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে কিন্তু আমার মনে হয় দুইটা একসাথে হওয়া কঠিন। এটি আমার ব্যক্তিগত মতামত।”
মাস্কের এই পদত্যাগ প্রযুক্তি ও রাজনীতির জগতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে যেখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতির বিরুদ্ধে সরব হয়ে পদত্যাগ করলেন এবং নিজের অবস্থান স্পষ্ট করলেন। এটি ভবিষ্যতে প্রযুক্তিখাত ও সরকারি ব্যয় নীতির মধ্যে সম্পর্ক কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে নতুন প্রশ্নও উত্থাপন করছে।

