দেশে অনলাইন জুয়াভিত্তিক অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৮ মে) এ বিষয়ে একটি নির্দেশনামূলক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, প্রতিটি এমএফএস ও পেমেন্ট প্রতিষ্ঠানকে তাদের গ্রাহক ও মার্চেন্টদের কার্যক্রম নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে। প্রয়োজনে এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তা নিতে হবে। শুধু প্রযুক্তির মাধ্যমে নয় সন্দেহভাজন গ্রাহক বা মার্চেন্টের কার্যক্রম সরেজমিনে যাচাই করার জন্য সশরীরে পর্যবেক্ষণ চালানোর কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার ও প্রতারণার আশঙ্কা বেড়েছে। ফলে, গ্রাহকদের অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করাও এখন সময়ের দাবি। প্রতিটি প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে তাদের মার্চেন্টরা যে ঠিকানায় ব্যবসা পরিচালনার দাবি করছেন, তারা প্রকৃতপক্ষে সেই ভৌগোলিক অবস্থানেই কার্যক্রম চালাচ্ছেন কি না।
এছাড়া সার্কুলারে সম্প্রতি প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর পূর্ণাঙ্গ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে এই আইনের আওতায় নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
ডিজিটাল অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইন লেনদেন যেমন বাড়ছে, তেমনি এর সুযোগে জুয়াভিত্তিক এবং প্রতারণামূলক লেনদেনও নানামুখী রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের নিয়ন্ত্রক পদক্ষেপ অত্যন্ত জরুরি ও সময়োপযোগী। অনলাইনে জুয়ার বিস্তার শুধু অর্থনৈতিক ক্ষতির দিক থেকেই নয়, সামাজিক এবং নৈতিক ক্ষতির দিক থেকেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই তদারকি নির্দেশনা শুধু আর্থিক অপরাধ রোধেই সহায়ক হবে না বরং ডিজিটাল লেনদেনের ওপর মানুষের আস্থা বাড়াতেও ভূমিকা রাখবে। তথ্যপ্রযুক্তি ও আর্থিক খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে পারলে ডিজিটাল অর্থনীতির নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

