সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন সত্ত্বেও বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমে বড় ধরনের পতন দেখা যায়নি। বরং ভারতীয় অর্থবছর ২০২৪-২৫ (এপ্রিল-মার্চ) সময়ে বাংলাদেশে ভারতের পণ্য রফতানি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে বাংলাদেশে ১ হাজার ১৪৫ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য রফতানি করেছে ভারত যেখানে আগের অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ ডলার।
দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন শুরু হয় গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর। প্রথমে তা শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা রূপ নেয় পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায়। এর মধ্যে বাংলাদেশ ভারতের কিছু পণ্যের আমদানি বন্ধ করে অন্যদিকে ভারত বন্ধ করে দেয় ট্রানজিট সুবিধা এবং বাংলাদেশের তৈরি পোশাকসহ কয়েকটি পণ্যের আমদানি। এছাড়া ভারত বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়াও কঠোর করে তোলে। এসব পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে জটিল করে তুললেও বাণিজ্যের ক্ষেত্রে এর প্রভাব এখনো সীমিতই বলা যায়।
ভারতের বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে দেশটির পণ্যের প্রধান রফতানি উপকরণ হলো তুলা যা সবচেয়ে বেশি পরিমাণে আমদানি করা হয়। এরপর রয়েছে খাদ্যশস্য, খনিজ ও জ্বালানি পণ্য, বিদ্যুৎ এবং অন্যান্য ভোগ্যপণ্য। অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রফতানি হয় তৈরি পোশাক।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, রাজনীতি, কূটনীতি ও অর্থনীতির বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন পথে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, “অনেকে ভেবেছিল ভারত থেকে বাংলাদেশের আমদানি এবং বাংলাদেশ থেকে ভারতের রফতানি কমে যাবে। বাস্তবে তা হয়নি। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের নিরাপত্তা বা কৌশলগত দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতার বাস্তবতাকে অগ্রাহ্য করা সম্ভব নয়।”
বিশ্লেষকরা মনে করেন, দুই দেশের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা গড়ে উঠেছে তা রাতারাতি ভাঙার মতো নয়। ভারতের বাজারে বাংলাদেশের চাহিদা যেমন রয়েছে তেমনি বাংলাদেশও ভারতের অন্যতম বড় পণ্য গন্তব্য। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক গত এক দশকে দৃঢ় হয়েছে। যদিও রাজনৈতিক অস্থিরতা বা কূটনৈতিক টানাপড়েন রয়েছে তবু পরিসংখ্যান বলছে, তা রফতানি প্রবণতায় উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেনি।”
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বিশাল জনসংখ্যা এবং সীমিত অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতার কারণে বিভিন্ন ভোগ্যপণ্য, কাঁচামাল ও কৃষিপণ্যের আমদানির ক্ষেত্রে ভারতের উপর নির্ভরতা দীর্ঘদিন ধরেই রয়েছে। একইভাবে ভারতের জন্য বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ বাজার, যা সহজে হারানোর মতো নয়। আন্তর্জাতিক বাণিজ্যে ভৌগোলিক নিকটতা, সাংস্কৃতিক মিল এবং যুগপৎ অর্থনৈতিক প্রয়োজনীয়তা এই তিনটি উপাদান দুই দেশের মধ্যকার বাণিজ্যকে একটি বাস্তব ভিত্তির উপর দাঁড় করিয়েছে।
তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের দীর্ঘস্থায়ী উপস্থিতি ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি করেছে। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ জানান, সাম্প্রতিক সময়ে সুতা ও কিছু পণ্যের আমদানি বন্ধ, ট্রানজিট সুবিধা প্রত্যাহার এবং ভারতীয় নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর মতে, “এ সমস্যার সমাধান দ্রুত সম্ভব একমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই। অন্তর্বর্তী সরকার থাকাকালীন এ টানাপড়েন অব্যাহত থাকবে।”
ভারতের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানির পরিমাণ ছিল প্রায় ১৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১১ দশমিক ০৬ বিলিয়ন ডলারে। তবে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে শেষ হওয়া পরিসংখ্যানে দেখা যায়, তা ৩ দশমিক ৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৫ বিলিয়নে।
অন্যদিকে, বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানির প্রবণতাও ধীরে ধীরে বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছিল ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের, যা পরবর্তী অর্থবছরে বেড়ে ২ বিলিয়ন ডলার ছাড়ায়। ২০২৪-২৫ অর্থবছরে তা আরও ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.০২ বিলিয়ন ডলারে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিসংখ্যান দ্বিপক্ষীয় বাণিজ্যের ইতিবাচক গতিপথের ইঙ্গিত দেয়। ড. সেলিম রায়হান বলেন, “দুই দেশের মধ্যে যদি অবকাঠামো উন্নয়ন, সীমান্ত ব্যবস্থাপনা এবং নীতিগত সহযোগিতা আরো জোরদার করা যায় তবে বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী হবে। ভৌগোলিক নিকটতা, সাংস্কৃতিক সম্পৃক্ততা এবং বাস্তবধর্মী কৌশলগত চিন্তাভাবনার মাধ্যমেই এ সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব।”
সার্বিকভাবে বলা যায়, রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও বাংলাদেশ-ভারত বাণিজ্য একটি স্থিতিশীল গতিপথে রয়েছে। আন্তর্জাতিক পরিসরে এ ধরনের সম্পর্কই প্রমাণ করে আধুনিক বিশ্বে অর্থনৈতিক বাস্তবতা প্রায়ই রাজনৈতিক বাস্তবতার চেয়েও বেশি দৃঢ় এবং স্থায়ী।


