আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য আয়করের ক্ষেত্রে বাড়তি চাপ আসতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার আয়কর আদায়ে নতুন করে মধ্যবিত্তকে টার্গেট করছে। বাজেটে আয়করের স্ল্যাব পরিবর্তন এবং করহারের বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে যা মধ্যবিত্ত শ্রেণির ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। তবে এ প্রস্তাবিত বাজেটে প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করতে যাওয়া করদাতাদের জন্য রয়েছে স্বস্তির খবর।
বর্তমান কর কাঠামো অনুযায়ী, সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা যা নারীদের জন্য ৪ লাখ, প্রতিবন্ধীদের জন্য ৪ লাখ ৭৫ হাজার এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা নির্ধারিত আছে। বিদ্যমান স্ল্যাব অনুসারে, করমুক্ত সীমার পরে প্রথম এক লাখ টাকার আয়ে ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখে ১০ শতাংশ, এরপরের ৫ লাখে ১৫ শতাংশ, আবার পরবর্তী ৫ লাখে ২০ শতাংশ, ২০ লাখ পর্যন্ত আয় হলে ২৫ শতাংশ এবং ৩৮ লাখ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ হারে কর প্রযোজ্য।
আগামী বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এর সঙ্গে করস্ল্যাবের পরবর্তী ধাপও বাড়ানো হচ্ছে বর্তমান ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা করা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় ধাপটি গিয়ে ঠেকছে ৬ লাখ ৭৫ হাজার টাকায়। এই ধাপে করহার দ্বিগুণ করে ৫ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হচ্ছে। বাংলাদেশে সাধারণত মধ্যবিত্তের বার্ষিক আয় এই সীমার মধ্যেই পড়ে ফলে তাদের ওপর বাড়তি করচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে।
একটি উদাহরণে বিষয়টি আরও পরিষ্কার বোঝা যায়- কোনো ব্যক্তির বার্ষিক আয় যদি ৭ লাখ ২০ হাজার টাকা হয় তবে আয়করের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ কর অব্যাহতি পাওয়া যায় বলে ধরে নেওয়া হয়। এই ক্ষেত্রে তার করযোগ্য আয় দাঁড়ায় ৪ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে এই আয় অনুযায়ী তাকে ৪.৫ লাখ টাকার জন্য ৫ শতাংশ হারে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৩০ হাজার টাকার জন্য ১০ শতাংশ হারে ৩ হাজার টাকা কর দিতে হয় মোট ৮ হাজার টাকা।
তবে প্রস্তাবিত নতুন বাজেটে করমুক্ত সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত হলে করযোগ্য আয় দাঁড়ায় ১ লাখ ৫ হাজার টাকা। এই পূর্ণ আয়টি ১০ শতাংশ হারে করযোগ্য হওয়ায় সেই ব্যক্তির করের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বর্তমানের তুলনায় অতিরিক্ত আড়াই হাজার টাকা বেশি কর দিতে হবে।
তবে প্রথমবার রিটার্ন দাখিল করতে যাওয়া নতুন করদাতাদের জন্য রয়েছে আশার খবর। বাজেটে এমন করদাতাদের জন্য সর্বনিম্ন এক হাজার টাকা কর প্রদানের সুযোগ রাখা হচ্ছে। নতুন করদাতাদের আয় অনুযায়ী এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যে কোনো অঙ্কের আয়কর দেওয়ার বিধান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত নতুন করদাতাদের উৎসাহিত করা এবং করভীতি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ঋণপত্রের ওপর উৎসে কর কমানোর উদ্যোগ নিচ্ছে। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার সময় আরোপিত কমিশনের ওপর উৎসে কর বর্তমানে ১ শতাংশ থাকলেও, তা কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর আওতায় ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, বাদাম, লবঙ্গ, খেজুর, কম্পিউটার ও এর যন্ত্রাংশসহ সব ধরনের ফল ক্রয়ের ক্ষেত্রেও এই কম করহার প্রযোজ্য হবে।
তবে একই সময়ে মধ্যবিত্ত যেসব সঞ্চয় নিরাপদ মনে করে তাতে বিনিয়োগ করে থাকে যেমন সরকারি ট্রেজারি বিল, সেখানেও উৎসে কর বাড়ানো হচ্ছে। এই উৎসে কর দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে মধ্যবিত্তের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ে করের পরিমাণও বাড়বে।
সব মিলিয়ে আসন্ন বাজেটে মধ্যবিত্ত শ্রেণিকে একদিকে যেমন বাড়তি করচাপের মুখে পড়তে হবে অন্যদিকে নতুন করদাতাদের কর সংযুক্তির আওতায় এনে রাজস্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারের এই দুইমুখী নীতিতে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি কর কাঠামোয় ন্যায্যতা বজায় রাখা এবং অর্থনীতির মূল চালিকাশেন্দ্র মধ্যবিত্ত শ্রেণির জন্য দীর্ঘমেয়াদি প্রভাব নির্ধারণ করবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

