২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী ২ জুন বিকাল ৪টায় বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। এই রেকর্ডকৃত বক্তৃতা বিটিভির ফিড নিয়ে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনেও একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারের পক্ষ থেকে দেওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, জনজীবনের মানোন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর একটি বড় অংশ বিদেশি উৎস থেকে এবং বাকিটা ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়ে পূরণ করার পরিকল্পনা রয়েছে।
নতুন অর্থবছরে পরিচালন ও অনুন্নয়ন খাতে বরাদ্দ হতে পারে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা, আর উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হচ্ছে প্রায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।
এই বাজেট এমন একটি সময়ে প্রণীত হচ্ছে, যখন ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন পরিচালনার খরচ হিসেবে বাজেটে বরাদ্দ রাখা হতে পারে ২ হাজার ৮০ কোটি টাকা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাজেট চাওয়া হয়েছিল ৫ হাজার ৯২২ কোটি টাকা, তবে অর্থ মন্ত্রণালয় পুরো চাহিদা মঞ্জুর না করার ইঙ্গিত দিয়েছে।
সামগ্রিকভাবে এবারের বাজেট এমন এক সময় আসছে, যখন দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে। এই বাজেটের মাধ্যমে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে চায়, একই সঙ্গে আগাম নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের আস্থাও অর্জনের চেষ্টা থাকবে বাজেট পরিকল্পনায়।

