জাপান বাংলাদেশকে মোট ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে—যা বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে অনুদান হিসেবে ব্যবহৃত হবে। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার-এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ সহায়তা অনুমোদন করে জাপান সরকার।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই আর্থিক সহায়তার আওতায় তিনটি প্রধান খাতে অর্থ বরাদ্দ থাকবে। প্রথমত, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাপান ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন দেবে। এই ঋণ মূলত বাজেট সহায়তা হিসেবে ব্যবহৃত হবে, যার মাধ্যমে সরকারের সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাসহ পরিবেশবান্ধব উন্নয়ন উদ্যোগকে জোরদার করা সম্ভব হবে।
দ্বিতীয়ত, রেলপথ উন্নয়নের জন্য উল্লেখযোগ্য সহায়তা আসছে জাপান থেকে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেললাইনকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে টোকিও। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে, যা দেশের পণ্য পরিবহন এবং যাত্রীসেবায় বড় অবদান রাখবে।
তৃতীয়ত, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়েছে জাপান। দেশটি শিক্ষাবৃত্তির জন্য ৪.২ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে, যা তরুণ প্রজন্মের দক্ষতা ও জ্ঞান উন্নয়নে সহায়ক হবে।
এই সহায়তা প্রস্তাব শুধু দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের দৃঢ়তার পরিচায়ক নয়, বরং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাপানের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। অর্থনীতি, পরিবহন ও মানবসম্পদ—তিনটি গুরুত্বপূর্ণ খাতে এই অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

