দেশীয় প্রকল্পে সংশ্লিষ্টদের যেকোনো পাওনা এখন থেকে ডলারে পরিশোধ করা যাবে—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৯ মে) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এখন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিড বন্ড, পারফরমেন্স বন্ড ও গ্যারান্টির বিপরীতে স্থানীয় প্রকল্প কর্তৃপক্ষের ডলার চাহিদা মেটাতে পারবে। তবে যদি কোনো প্রকল্প বাতিল বা স্থগিত হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট পাওনা টাকায় পরিশোধ করতে হবে—ডলারে নয়।
বিশেষভাবে উল্লেখ করা হয়, কোনো স্থানীয় প্রতিষ্ঠান যদি কোনো যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) বা সমবায়ী ভিত্তিতে কোনো বিদেশি অংশীদারের সঙ্গে কাজ করে, সে ক্ষেত্রে বিদেশি অংশীদারদের প্রাপ্য অর্থ ডলারে পরিশোধ করতেই হবে।
এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, টেন্ডারের শর্ত অনুযায়ী সব নথিপত্র যাচাই করে এবং আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) পদ্ধতিতে এই পরিশোধ নিশ্চিত করতে হবে।

