ভারত চলতি অর্থবছরে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ (ডিপিআইআইটি)-এর সচিব অমরদীপ সিং ভাটিয়া। এ অর্জনের মধ্য দিয়ে দেশটির বিনিয়োগ পরিবেশে আস্থা ফিরে আসার ইঙ্গিত মিলেছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে এফডিআই প্রবাহ আরও বাড়বে। এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
ভাটিয়া জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভারতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বেড়ে ৮ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে যা গত তিন বছরে সর্বোচ্চ। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাটিয়া বলেন, ভারতের কোম্পানিগুলো এখন আর শুধুমাত্র অভ্যন্তরীণ বাজারেই সীমাবদ্ধ নেই বরং তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশেরও চেষ্টা করছে। তিনি বলেন, “বর্তমানে ভারতের শিল্পপতিরা বুঝতে পারছেন যে টিকে থাকতে এবং বৃহত্তর পরিসরে সফল হতে হলে আন্তর্জাতিক বাজারে প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তার মতে, শুধু অভ্যন্তরীণ বিষয়ের ওপর নির্ভর করলে চলবে না। কোম্পানিগুলোকে প্রযুক্তি বিষয়ে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সম্পদ সুরক্ষিত রাখা এবং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার দিকেও নজর দিতে হবে।
ডিপিআইআইটির এই কর্মকর্তা জানান, ভারতের সঙ্গে একাধিক দেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর হচ্ছে যা সকল পর্যায়ের ব্যবসার জন্য নতুন দ্বার উন্মুক্ত করবে। তিনি বিশেষভাবে ইলেকট্রনিকস খাতের কথা উল্লেখ করে বলেন, এই খাতে প্রডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পগুলো উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি শিল্পপতিদের প্রতি আহ্বান জানান, স্বল্পমেয়াদি অনিশ্চয়তার দিক থেকে চোখ সরিয়ে দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর মনোযোগী হতে এবং উদীয়মান সুযোগগুলো কাজে লাগাতে হবে।
এই বার্তা দেশটির শিল্প ও বিনিয়োগ খাতে আশাবাদের সঞ্চার করছে যেখানে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি নির্ভরতা আগামী দিনে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

