নতুন অর্থবছরের বাজেটে দেশীয় গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোর কর অব্যাহতি সীমিত করার পরিকল্পনা করছে সরকার। রাজস্ব নীতিতে এটি একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে যা কার্যকর হলে উৎপাদন, নির্মাণ ও ই-কমার্সসহ বেশ কয়েকটি খাতে করের বোঝা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে শিল্প ও ব্যবসা খাতে চাপ তৈরি হওয়ার পাশাপাশি সরাসরি ভোক্তার ওপরও প্রভাব পড়বে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, টয়লেট্রিজ, এলপিজি সিলিন্ডার, লিফট, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসরসহ বেশ কিছু উৎপাদন শিল্পে বড় অঙ্কের কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে উৎপাদিত তুলার সুতা ও কৃত্রিম তন্তুর ওপরও বাড়তি কর আরোপের চিন্তা রয়েছে। নির্মাণ খাত ও রড তৈরির কাঁচামালের ওপর কর বাড়ানোর পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত।

নির্মাণ খাতও এই চাপ থেকে বাদ পড়ছে না। ডুপ্লেক্স বোর্ড, কোটেড কাগজ ও সিমেন্ট শীট তৈরিতে অতিরিক্ত ভ্যাট আরোপের প্রস্তাব রাখা হয়েছে। নির্মাণ কোম্পানিগুলোর জন্য বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট হার বাড়িয়ে ১০ শতাংশ করার চিন্তা করছে সরকার। এতে অতিরিক্ত প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখা হচ্ছে।
ডিজিটাল খাতে, বিশেষ করে ই-কমার্সে বড় পরিবর্তনের আভাস মিলেছে। অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে কমিশনের ওপর ভ্যাট তিনগুণ বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এর ফলে ই-কমার্স ব্যবসা ও সংশ্লিষ্ট বিক্রেতারা বড় ধরনের চাপের মুখে পড়তে পারেন।
এছাড়া অন্তত ১৪টি শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওপর আমদানি শুল্ক ছাড় কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার ফলে আমদানির সময়েই উচ্চ শুল্ক দিতে হবে এবং উৎপাদন ব্যয় বাড়বে। পাশাপাশি ১৫২টি পণ্য ও কাঁচামালের আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রস্তাব রয়েছে। এসব পরিবর্তন শিল্প খাতে বাড়তি ব্যয় চাপিয়ে দিতে পারে। কিছু কিছু খাতে করপোরেট টার্নওভার করও বাড়ানো হতে পারে।
তবে পরিবেশবান্ধব পণ্য ও বৈদ্যুতিক বাইক উৎপাদনের মতো নির্দিষ্ট খাতগুলোতে সীমিত কর-সুবিধা বজায় রাখার প্রস্তাব রয়েছে।
সিপিডি’র সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত ভ্যাট ও কর বৃদ্ধির ফলে শিল্পখাতে চাপ বাড়বে এবং তার সরাসরি প্রভাব ভোক্তাদের ওপর পড়বে। তিনি বলেন, দীর্ঘদিন কর রেয়াত পাওয়া খাতগুলোকে ধাপে ধাপে এই সুবিধা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যা সঠিকভাবে বাস্তবায়িত না হলে বাজারে পণ্যের দাম বাড়তে পারে। এ চাপ কমাতে ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং লজিস্টিকস খাতের উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নতুন বাজেট আগামী ২ জুন উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। সেদিনই বাজেট অধ্যাদেশ পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বাজেটে সরকার অতিরিক্ত কর ও ভ্যাট থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যে কাজ করছে। মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা।
সবচেয়ে বেশি চাপ পড়তে পারে দেশের বস্ত্র খাতে। বর্তমানে তুলা ও কৃত্রিম তন্তুর ওপর কেজিপ্রতি ৩ টাকা হারে ভ্যাট রয়েছে, যা ৫ টাকায় বাড়ানোর প্রস্তাব এসেছে। তুলা আমদানিতে বিদ্যমান শূন্য কর সুবিধা তুলে দিয়ে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। করপোরেট করহারও ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২২.৫ বা ২৭.৫ শতাংশ করা হতে পারে।
বস্ত্র খাতের ব্যবসায়ীরা মনে করছেন, এই পরিবর্তনে দেশীয় উৎপাদন সংকটে পড়বে। লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, গ্যাস সংকটে এরই মধ্যে কারখানার উৎপাদন মাত্র ৩০ শতাংশে নেমে এসেছে। এই অবস্থায় সুতা উৎপাদনে ভ্যাট বাড়লে মিল বন্ধ হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, রপ্তানির ক্ষেত্রে ভ্যাট নেই কিন্তু স্থানীয় তাঁতিরা এই বাড়তি করের চাপ সামলাতে পারবেন না ফলে পোশাকের দাম বাড়বে।
হার্ডওয়্যার খাতেও ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এতে বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাতারা পড়বেন চাপে। ওটিটি ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রেও তিনটি ভ্যাট হার- ২, ৫ ও ৭.৫ শতাংশ বাড়িয়ে যথাক্রমে ৪, ৭.৫ ও ১০ শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে যা দুই বছরের জন্য প্রযোজ্য হবে।
তবে এলিভেটর এবং কিছু ছোট ইলেকট্রনিক পণ্যের (যেমন ব্লেন্ডার, আয়রন, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি) উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট ছাড় দেওয়া হতে পারে। অন্যদিকে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন ও এলপিজি সিলিন্ডার নির্মাণে ভ্যাট বাড়ানো হতে পারে।
সাবান ও শ্যাম্পুর কাঁচামালেও সাময়িক ৫ শতাংশ ভ্যাট ছাড় দেওয়া হতে পারে যদিও ভবিষ্যতে তা বাড়ানো হতে পারে। সিগারেট প্রস্তুতকারকদের টার্নওভার ট্যাক্স ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার পাশাপাশি আমদানি করা সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে ৩০০ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রয়েছে।
ইলেকট্রিক বাইক নির্মাতাদের জন্য ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব থাকলেও ফ্রিজ, ফ্রিজার, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর নির্মাণেও একই হারে ভ্যাট কার্যকর করার চিন্তা রয়েছে।
তবে কিছু খাতে কর ছাড় বজায় রাখতে চায় সরকার। যেমন, প্রান্তিক করদাতাদের জন্য ব্যাংকে বার্ষিক জমার করমুক্ত সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। এলএনজি আমদানিতে বিদ্যমান ভ্যাট ছাড়ও অব্যাহত রাখা হতে পারে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, বলপেন, যাত্রী পরিবহনের বিমা ভাড়ার সম্পূরক শুল্ক, এবং আইসক্রিমের ওপর করও কিছুটা কমানো হতে পারে।
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল, হাসপাতালের বেড তৈরির সরঞ্জাম, ওষুধশিল্পে ব্যবহৃত অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) তৈরির কাঁচামালে ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট ছাড় বজায় রাখার চিন্তা রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, উৎসে কর ও করপোরেট করের মধ্যে ভারসাম্য আনতে গিয়ে কিছু খাতে উৎসে কর বাড়ানো ও কিছু খাতে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৫০টির বেশি পণ্যের আমদানিতে ২ শতাংশ উৎসে কর আরোপের প্রস্তাব রয়েছে, যার প্রভাব পড়বে পণ্যের দামে। সিগারেট খাতের উৎসে কর বাড়িয়ে ৫ শতাংশ ও টার্নওভারভিত্তিক উৎসে কর ০.৬ শতাংশ থেকে ১ শতাংশ করার চিন্তা করা হচ্ছে।
অন্যদিকে মোবাইল ফোন কোম্পানি, ঠিকাদারি ও কৃষিপণ্যে উৎসে কর কমানোর পরিকল্পনা রয়েছে। ঠিকাদারি খাতে উৎসে কর ৭ শতাংশ থেকে ৫ শতাংশ এবং চাল, গম ও আলুসহ ২৭টি কৃষিপণ্যে এই হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব আছে।
জমি রেজিস্ট্রেশনে করহার ৪, ৬ ও ৮ শতাংশ থেকে কমিয়ে ৩, ৪ ও ৬ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। পুনর্ব্যবহারযোগ্য শিল্পের কাঁচামালে কর কমিয়ে ১.৫ শতাংশ, গ্যাস বিতরণ কোম্পানিতে ০.৬ শতাংশ এবং তেল পরিশোধন কোম্পানিতে ১.৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
ইন্টারনেট সেবায় কর ১০ শতাংশ থেকে ৫ শতাংশ, বিদ্যুৎ বিলের কর ৬ শতাংশ থেকে ৪ শতাংশ এবং মোবাইল অপারেটরদের কর ২ শতাংশ থেকে ১.৫ শতাংশে নামানোর প্রস্তাবও আলোচনায় আছে।
এনবিআরের এক কর্মকর্তা জানান, করহার সমন্বয়ের মূল উদ্দেশ্য হলো কর আদায়ে ভারসাম্য আনা যাতে করে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত উৎসে কর দিয়ে রিফান্ডের দাবিতে না পড়ে। এজন্য সরকার বিভিন্ন খাতে গড় মুনাফা বিশ্লেষণ করে উৎসে কর হার পুনর্নির্ধারণ করছে। এতে কিছু খাতে কর বাড়বে আবার কিছু খাতে তা কমবে।
এই পরিবর্তনের ফলে শিল্প, ব্যবসা, আমদানি-রপ্তানি ও ভোক্তাপর্যায়ে একটি বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে যা আগামী অর্থবছরের রাজস্ব কাঠামো ও অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

