দেশে টানা দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই এখন সাধারণ মানুষকে কিনতে হচ্ছে বেশি দামে। এতে একদিকে যেমন মানুষের প্রকৃত আয় কমছে অন্যদিকে দারিদ্র্য বৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৫–২৬ অর্থবছরের বাজেট আসছে এমন এক সময়ে যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হয়ে উঠেছে সরকারের বড় চ্যালেঞ্জ।
চলতি অর্থবছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত টানা ১০ মাস সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ থেকে ১০ শতাংশের ওপরে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেশ উদ্বেগজনক। জুলাই ২০২৩-এ খাদ্য মূল্যস্ফীতি পৌঁছায় ১৪ দশমিক ১০ শতাংশে, যা গত ১৩ বছরে সর্বোচ্চ। এরপর কিছুটা কমলেও বছরের বেশির ভাগ সময়ই তা ১০ শতাংশের ওপরে ছিল। এতে সীমিত আয়ের মানুষের কষ্ট আরও বেড়েছে। অনেকেই বাধ্য হয়ে কম খাচ্ছেন কম কিনছেন কিংবা ধারদেনা করে সংসার চালাচ্ছেন।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান খাদ্য মূল্যস্ফীতির কারণে ২০২৫ সালে আরও ৩০ লাখ মানুষ অতিদারিদ্র্যের কাতারে চলে যেতে পারে। অতিদারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে ৯ দশমিক ৩ শতাংশ যা ২০২৪ সালে ছিল ৭ দশমিক ৭ শতাংশ।
মূল্যস্ফীতির পেছনে একাধিক কারণ চিহ্নিত করা হচ্ছে। ডলার সংকট অনেকটাই সামাল দেওয়া গেলেও বাজার তদারকির অভাব, চাঁদাবাজি এবং পণ্যের সরবরাহ চেইনে অসঙ্গতির কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৫ শতাংশ অন্য চালের দাম বেড়েছে ১০ থেকে ১১ শতাংশ। ভোজ্যতেল, ডিম, পেঁয়াজ, রসুন, মাছ-মাংস সব কিছুর দাম বেড়েছে ৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত।
পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চালের মূল্যস্ফীতিতে এককভাবে ২০ শতাংশ অবদান যা সর্বোচ্চ। ফলে চালের দাম বাড়লে সার্বিক মূল্যস্ফীতিতেও বড় প্রভাব পড়ে।
এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাস্তবমুখী পদক্ষেপ থাকা জরুরি। খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার ব্যবস্থাপনায় কৌশল নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে দরিদ্র ও অতিদারিদ্র জনগোষ্ঠীকে নগদ সহায়তা ও খাদ্য সহায়তা দিয়ে সুরক্ষা দিতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, “সাধারণ মানুষ কষ্টে আছে। অনেক সময় মানুষ কিছুটা মানিয়ে নেয় যেমন- কম খায়, কম কেনে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘমেয়াদি হতে পারে এবং এতে মানুষের ক্ষোভ বাড়ছে।” তিনি আরও বলেন, “কোভিড-পরবর্তী সময়ে অনেকেই গরিব হয়েছেন। এরপর বিনিয়োগ কমেছে, কর্মসংস্থান হয়নি তরুণেরা কাজ পাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।”
মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। ২০২৪ সালের মে মাস থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত গড় মূল্যস্ফীতি যেখানে ১০ দশমিক ২১ শতাংশ সেখানে এই সময়ের কোনো মাসেই জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ ছাড়ায়নি। বিবিএস বলছে, দেশের প্রায় ৮৬ শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন যাদের সংখ্যা প্রায় ৬ কোটি। এই বিশাল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্তর্বর্তী সরকার ডলার সংকট সামাল দিতে নানা পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি। সুদের হার বাড়িয়ে এবং কিছু নিত্যপণ্যে শুল্ক ও কর কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, পণ্যের সরবরাহপথে চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি যা বাজারে অস্থিরতা তৈরি করছে।
একই সঙ্গে মূল্যস্ফীতির সরকারি পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাস্তব পরিস্থিতির তুলনায় সরকারি তথ্য অনেক সময় কম দেখানো হচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, এখন বিবিএস সঠিক ও সময়োপযোগী পরিসংখ্যান প্রকাশ করছে।
বাংলাদেশে দারিদ্র্যের সংজ্ঞা অনুযায়ী, একজন ব্যক্তির মাসিক আয় যদি ৩,৮২২ টাকার নিচে হয় তবে তিনি দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে এখন সার্বিক দারিদ্র্যের হার ২০ শতাংশ। গ্রামে তা ২০ দশমিক ৩ শতাংশ আর শহরে ১৭ দশমিক ৭ শতাংশ।
এই বাস্তবতায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা এবং বাস্তবমুখী সামাজিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের পরামর্শ, শুধু পরিসংখ্যান নয় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা নিতে হবে। তাহলেই টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

