রাজধানীর বাজারে পণ্যের কোনো ঘাটতি না থাকলেও বৃষ্টির অজুহাতে শুক্রবার বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। ছুটির দিনে বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতা সমাগম ছিল তুলনামূলকভাবে কম তবে তাতেও থেমে থাকেনি মূল্যবৃদ্ধির ধারা। বিক্রেতারা সরবরাহ কমে যাওয়ার কথা বললেও বাস্তবে অধিকাংশ পণ্যের সরবরাহে বড় কোনো সংকট দেখা যায়নি। ফলে অনেকটাই অজুহাত নির্ভর করে মূল্য বাড়িয়ে দিয়েছেন তারা।
শুক্রবার রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার, রামপুরা ও মালিবাগের কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতা-বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে মুরগি, ডিম, মাছ, চাল, ডাল এবং মসলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। তবে সবজির দামে এখনো স্থিতিশীলতা বজায় রয়েছে।
বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়ে হয়েছে সর্বোচ্চ ১৯০ টাকা যেখানে একদিন আগেও তা ছিল ১৮০ টাকা। সোনালি মুরগির দাম বাজারভেদে ২৩০ থেকে ২৬০ টাকার মধ্যে উঠানামা করছে আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬২০ থেকে ৭০০ টাকা কেজি দরে, যা সাত দিন আগেও ছিল ৬০০-৬৮০ টাকার মধ্যে। গরুর মাংসের দামেও রয়েছে উর্ধ্বগতি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়।
ডিমের ক্ষেত্রেও দেখা গেছে মূল্যবৃদ্ধি। ফার্মের ডিম প্রতিডজন ১৩৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে একদিন আগেই এই দাম ছিল অন্তত ৫ টাকা কম।
নয়াবাজারের মুরগি বিক্রেতা মো. খলিল বলেন, “পাইকারি আড়ৎ কাপ্তান বাজারে সরবরাহ কম। পাইকাররা বলছেন খামার থেকেই মুরগির জোগান কমছে। তার ওপর বৃষ্টির কারণে পরিবহন খরচ বেড়েছে। তাই আমাদের বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।”
মাছের বাজারেও প্রভাব পড়েছে একইভাবে। বৃষ্টিকে পুঁজি করে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার রুই মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা, কাতল ৩৫০-৪০০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা, চিংড়ি ৬৫০-৮০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, কৈ ২৫০-২৮০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা এবং পাঙাশ ১৮০-২০০ টাকায়। দেশি জাতের মাছের দাম আরও বেশি দেশি শিং বিক্রি হয়েছে ১২০০ টাকা এবং দেশি কৈ ১০০০ টাকা কেজিতে।
কাওরান বাজারের মাছ বিক্রেতা মো. জাকির হোসেন বলেন, “বৃষ্টির কারণে মাছের সরবরাহ কমেছে। আড়তে মাছ কম আসছে। তাই দাম বেড়েছে। আগের চেয়ে এখন ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আবহাওয়া ভালো হলে সরবরাহ বাড়বে তখন হয়তো দাম কিছুটা কমবে।”
খাদ্যশস্যের বাজারে চালের দামে কিছুটা স্বস্তি থাকলেও ডালের দামে বেড়েছে চাপ। পাইজাম চাল প্রতি কেজি ৬২ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৬৫ টাকা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০-৮৬ টাকায়, যা আগের চেয়ে ২-৩ টাকা কম। তবে মসুর ডালের বড় দানা কেজি প্রতি ১০০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগের সপ্তাহে তা ছিল ৯৫-১১০ টাকার মধ্যে।
এছাড়া, কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার বাজারেও প্রভাব পড়েছে। খুচরা বাজারে দারুচিনির দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৮০ টাকা প্রতি কেজি যা এক সপ্তাহ আগেও ছিল ৫৫০ টাকা। একইসঙ্গে লবঙ্গের দামেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
সব মিলিয়ে বাজারে ঘাটতি না থাকলেও বৈরী আবহাওয়া ও সরবরাহ হ্রাসের যুক্তি দেখিয়ে একাধিক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব ও ন্যায্য বাজার ব্যবস্থাপনার ঘাটতি মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে বলে অভিযোগ অনেকের।

