দেশের শিল্প খাতে গ্যাস সংকট কাটিয়ে উঠতে আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার, ৩১ মে সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “এ সিদ্ধান্ত আরও দুই একদিন আগেই কার্যকর হতো। তবে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস খালাস সম্ভব হয়নি। আজ থেকেই সরবরাহ বাড়ছে। ইতোমধ্যে প্রতিদিন ৫০ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) হারে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে। আগামী এক থেকে দেড়শ এমএমসিএফডি সরবরাহ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।” একইসঙ্গে তিনি জানান, গ্যাস সংকট মোকাবেলায় আরও চারটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আনার প্রস্তুতি চলছে।
এদিন সকালেই তিনি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ও পরিদর্শন করেন। সেখানে চলমান কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আগামীকাল একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) মধ্যে সম্পর্ক ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।” তিনি আরও জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি আগামীকালই চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা।
চলমান আন্দোলন প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, “বিষয়গুলো নিয়ে আমরা ইতোমধ্যে কাজ করছি এবং খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে। মিছিল-মিটিং করে এসব বিষয়ে লাভ নেই বরং এতে ক্ষতি হয়। এর আগেও প্রায় ২৬-২৭টি স্থানে বিদ্যুৎ সরবরাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল যা নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। ফলে সরকার বাধ্য হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
শনিবারের পরিদর্শনের বিষয়ে উপদেষ্টা বলেন, “মূলত শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি প্রত্যক্ষ করার উদ্দেশ্যেই আমাদের এই সফর। আমরা প্রথমে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিদর্শনে যাচ্ছি, সেখানকার বাস্তব অবস্থা দেখব। এরপর চন্দ্রা, মির্জাপুর, কালিয়াকৈর, ভালুকা ও টঙ্গী অঞ্চলের বিভিন্ন শিল্প এলাকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।”
উপদেষ্টার সফরের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পরিদর্শন করেও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পদক্ষেপ শিল্পখাতের জন্য স্বস্তির বার্তা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ভুগছিল দেশের উৎপাদনমুখী খাতগুলো। উপদেষ্টার আশ্বাস অনুযায়ী, নতুন সরবরাহ ব্যবস্থা কার্যকর হলে উৎপাদন সচল রাখতে সহায়তা করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

