যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে ২ জুন থেকে শুরু হওয়া গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ বাংলাদেশ থেকে ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। প্রতিনিধি দলে রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, স্টার্টআপ উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা যারা বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে প্রতিনিধিত্ব করছেন। বিস্তারিত তথ্যের জন্য: www.genglobal.org/bangladesh
ড. সবুর খান বলেন স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান এই কংগ্রেস বিশ্বব্যাপী উদ্যোক্তা ইকোসিস্টেমের কার্যক্রম সম্পর্কে জানার এবং বাংলাদেশকে উদ্যোক্তা-বান্ধব দেশ হিসেবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
কংগ্রেসে বাংলাদেশের অংশগ্রহণের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে উদ্ভাবনভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক অর্থায়নের সুযোগ তৈরি, নীতিনির্ধারণে অভিজ্ঞতা আদান-প্রদান এবং বাংলাদেশকে উদ্ভাবনী অর্থনীতির সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে উপস্থাপন।
জিইএন-এর সক্রিয় সদস্য হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের নভেম্বরে জিইএন বাংলাদেশ চালু করবে জিইএন ক্যাম্পাস। এই কেন্দ্রে শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তারা প্রশিক্ষণ, মেন্টরশিপ, ফান্ডিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।
এই কংগ্রেসে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্ব উদ্যোক্তা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে এবং উদ্ভাবননির্ভর অর্থনীতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

