Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিসংখ্যানে স্বপ্ন, পকেটে শূন্যতা
    অর্থনীতি

    পরিসংখ্যানে স্বপ্ন, পকেটে শূন্যতা

    কাজি হেলালজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ আজ একটি তারুণ্য নির্ভর রাষ্ট্র। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ—প্রায় এক-তৃতীয়াংশ—১৫ থেকে ৩৪ বছর বয়সী তরুণ। এই সংখ্যাটি আমাদের সামনে সম্ভাবনার বিশাল এক দরজা খুলে দেয়। পরিসংখ্যান বলছে, দেশে শিক্ষিত তরুণের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবছর হাজার হাজার তরুণ-তরুণী উচ্চশিক্ষা গ্রহণ করছে, বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিচ্ছে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে।

    কিন্তু পরিসংখ্যান যতই আশাব্যঞ্জক হোক, বাস্তবতা অনেকটাই ভিন্ন। সনদ হাতে নিয়েও চাকরি পাওয়া যাচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ কম, আর দক্ষতা ও শিক্ষার মধ্যে রয়েছে বড় ফারাক। এর সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক বৈষম্য, যা তরুণদের সামনে একটি অদৃশ্য দেয়াল তৈরি করেছে।

    ফলে আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে তরুণরা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ পায় না। তাদের আশার আলো আছে, কিন্তু হাতে নেই বাস্তব কোনো উপার্জনের উপায়। তারা শুধু সংখ্যার হিসেবে সম্ভাবনার প্রতীক—কিন্তু জীবনের বাস্তব মঞ্চে তারা প্রায়শই বেকার, উপেক্ষিত ও হতাশ।

    “পরিসংখ্যানে স্বপ্ন, পকেটে শূন্যতা”—এই বাক্যটি তাই বাস্তবতাকে কঠিন অথচ স্পষ্টভাবে তুলে ধরে। এটি বোঝায় আমাদের তরুণ প্রজন্ম কাগজে-কলমে যতই সম্ভাবনাময় হোক না কেন সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও সহায়তা না থাকলে সেই সম্ভাবনা কেবল স্বপ্নেই রয়ে যায়। আর তাদের পকেটে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর শূন্যতা।

    চমকপ্রদ সংখ্যা, উদ্বেগজনক বাস্তবতা: বাংলাদেশে তরুণদের সংখ্যা যেমন আশার আলো দেখায়, তেমনি তাদের কর্মসংস্থান নিয়ে বাস্তবতা অনেকটাই হতাশাজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সাম্প্রতিক তথ্যানুযায়ী, দেশে তরুণ বেকারত্বের হার বর্তমানে প্রায় ১২ দশমিক ৪ শতাংশ। শহরাঞ্চলে এই হার আরও বেশি, কারণ এখানে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনি সুযোগও সীমিত।

    বর্তমানে দেশে প্রায় ২৭ লাখ তরুণ-তরুণী কর্মহীন অবস্থায় রয়েছেন, যাদের বড় একটি অংশই উচ্চশিক্ষিত—অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। প্রতিবছর নতুন করে প্রায় ২৫ লাখ তরুণ-তরুণী কর্মজীবনে প্রবেশের চেষ্টা করছেন। কিন্তু এদের অনেকেই প্রয়োজনীয় দক্ষতা না থাকার কারণে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না।

    অন্যদিকে বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ লাখ নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়, যা সরকারি ও বেসরকারি—উভয় খাতে সীমিত পর্যায়ে ছড়িয়ে থাকে। অর্থাৎ চাহিদা ও সরবরাহের মধ্যে রয়েছে একটি বিশাল ব্যবধান। ফলে এমন অনেক তরুণ আছেন যাদের শিক্ষা ও আগ্রহ আছে, কিন্তু কাজের সুযোগ নেই। দক্ষতা থাকা সত্ত্বেও তারা বছরের পর বছর বেকার থাকছেন। যা শুধু তাদের ব্যক্তি জীবনে নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

    এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক সংকটও তৈরি করছে। অনেক তরুণ চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন, কেউ কেউ হতাশ হয়ে পেশাগত লক্ষ্য পরিবর্তন করছেন, আবার কেউ বিদেশে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। ফলে আত্মবিশ্বাসে ভাটা পড়ছে, পরিবারে চাপ বাড়ছে এবং তরুণদের সমাজে অবদান রাখার সুযোগ কমে যাচ্ছে।

    এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয়—পরিসংখ্যানে যতই তরুণ জনগোষ্ঠী আমাদের সম্পদ মনে হোক, বাস্তবে তাদের জন্য যদি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন ও দিকনির্দেশনা না থাকে, তবে সেই সম্ভাবনা কেবল সংখ্যা হয়েই থেকে যাবে।

    শিক্ষা ব্যবস্থা শুধুই স্বপ্ন দেখায়, পথ দেখায় না: বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক শিক্ষার ওপর গুরুত্ব অনেক বেশি কিন্তু বাস্তবজ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা কিংবা প্রযুক্তিগত প্রস্তুতির সুযোগ খুবই সীমিত। ফলে শিক্ষার্থীরা সনদ অর্জন করলেও বাস্তব জগতে চাকরি বা কাজের উপযোগী হয়ে উঠতে পারছে না।

    আজকের তরুণদের একটি বড় অংশ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে—যেসব ক্ষেত্রে চাকরির সুযোগ তুলনামূলকভাবে কম এবং প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। বিপরীতে কারিগরি বা প্রযুক্তিভিত্তিক শিক্ষায় তরুণদের অংশগ্রহণ এখনো খুবই কম। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের মোট তরুণ জনশক্তির মধ্যে মাত্র ৫ থেকে ৭ শতাংশ কারিগরি বা প্রযুক্তিগত প্রশিক্ষণপ্রাপ্ত। অর্থাৎ একটি বিশাল শিক্ষিত জনগোষ্ঠী থাকলেও তারা শ্রমবাজারে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।

    এই পরিস্থিতিকে অনেকেই ব্যঙ্গ করে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন শুধু সার্টিফিকেট তৈরি করছে, কিন্তু জীবিকার পথ দেখাচ্ছে না”। বাস্তবতা বলছে এই কথার মধ্যে যথেষ্ট সত্য আছে। কারণ শিক্ষা যখন জীবনের সঙ্গে, কাজের সঙ্গে, আর সময়ের চাহিদার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে না—তখন তা শুধুই স্বপ্ন দেখায়, বাস্তবে এগিয়ে যাওয়ার কোনো পথ দেখায় না।

    অসাম্য ও প্রান্তিকতার ফলে সুযোগ শুধুই সুবিধাভোগীদের হাতে: বাংলাদেশে শিক্ষার সুযোগ-সুবিধা এখনো সমভাবে বিস্তৃত নয়। শহরের তুলনায় গ্রামের তরুণরা আজও অনেক পিছিয়ে। নগরকেন্দ্রিক তরুণরা তুলনামূলকভাবে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, ইন্টারনেট ও কোচিং সুবিধা পেয়ে থাকেন। যেখানে গ্রামের বা প্রান্তিক পরিবারের তরুণরা চরম সংকটে পড়েন।

    অসংখ্য মেধাবী ছাত্র অর্থের অভাবে সময়মতো ভর্তি হতে পারে না, কেউ কেউ জীবিকার প্রয়োজনে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। যারা সব বাঁধা পেরিয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, তাদের অনেকেই কর্মজীবনে প্রবেশের পর দেখতে পান—অভিজ্ঞতা ছাড়া চাকরি পাওয়া কঠিন। আর বেতন এত কম যে নিজের খরচ চালানোই দুঃসাধ্য হয়ে পড়ে, পরিবারে সহযোগিতা তো দূরের কথা।

    এই বৈষম্যমূলক ব্যবস্থায় সুবিধাভোগীরা এগিয়ে যায় আরও অনেক দূর, আর প্রান্তিকরা থেকে যায় পিছনে। ফলে একটি সমাজে সম্ভাবনার চেয়ে বঞ্চনাই বড় হয়ে ওঠে। যার ফলে দেশের সামগ্রিক উন্নয়নও অসমতল হয়ে পড়ে।

    অর্থনৈতিকভাবে নির্ভরশীল ‘স্বপ্নবাজ’ তরুণ প্রজন্ম:অনেক তরুণ এখনও পুরোপুরি স্বাবলম্বী হতে পারেনি। স্নাতক ডিগ্রি অর্জন করেও তারা পরিবারের পাঠানো টাকার উপর নির্ভরশীল। বছর ঘুরে যায় কিন্তু নিজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় না—এতে তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এবং হতাশা জড়িয়ে ধরে মনকে। এই মানসিক চাপ অনেক সময় গুরুতর রূপ ধারণ করে, কিছু ক্ষেত্রে মানসিক অসুস্থতা বা আত্মহননের পথও নেয়।

    অন্যদিকে বিদেশে গিয়ে স্বপ্ন পূরণের আশায় তরুণরা লাখ লাখ টাকা ব্যয় করেন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই মানবপাচারকারীদের জালে পড়ে প্রতারিত হন এবং নিজে নিঃস্ব হয়ে পড়েন, আবার তাদের পরিবারের ওপর অর্থনৈতিক বোঝা আরও বাড়িয়ে দেন।

    এই অর্থনৈতিক নির্ভরশীলতা ও বাস্তবতার ফাঁকে পড়ে তরুণদের স্বপ্নগুলো অনেক সময় ভেস্তে যায়। তাই তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা অর্জনের সুযোগ এবং সুরক্ষিত কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা সময়ের অন্যতম জরুরি দাবি।

    স্বপ্নের পরিসংখ্যান, বাস্তবের বিবর্ণতা: বাংলাদেশের অর্থনীতির কাগুজে চিত্র দেখে অনেকেই আশাবাদী হতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ৮২ ডলার বেশি। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ মাথাপিছু আয়ের রেকর্ড। সরকারের মতে, এটি অর্থনৈতিক অগ্রগতির স্পষ্ট প্রমাণ।

    কিন্তু বাস্তবতার মাটি অনেক কঠিন। এই পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে সাধারণ মানুষের প্রতিদিনের হাহাকার। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আয়-ব্যয়ের অস্বাভাবিক ব্যবধান এবং স্থায়ী আয়বিহীন জীবনের বাস্তবতা মানুষের মুখে হাসির বদলে উদ্বেগ ও ক্লান্তি এনে দিচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। পকেটে টাকা নেই, অথচ পণ্যের দাম বেড়েই চলেছে।

    সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের শেষ দিকে ঢাকায় একজন চার সদস্যের মধ্যবিত্ত পরিবারের মাসিক ন্যূনতম খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার টাকা। খাদ্য, বাসস্থান, পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মিলে এই পরিমাণ দাঁড়ায়। অথচ চাকরিজীবীদের বড় একটি অংশের আয় এই চাহিদা পূরণে পর্যাপ্ত নয়। অনেকেই মাস শেষে ধারদেনা বা সঞ্চয় ভেঙে খরচ চালাতে বাধ্য হচ্ছেন। সরকারি ও বেসরকারি খাতে বেতন যতটা বাড়ছে, তার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে দ্রব্যমূল্য। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান দিন দিন আরও বেড়ে যাচ্ছে।

    অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, তা সমাজের এক ক্ষুদ্র অংশের বাস্তবতাকে প্রতিনিধিত্ব করছে। আর বৃহত্তর জনগোষ্ঠীর জীবন সেই পরিসংখ্যানের বাইরে পড়ে থাকছে—বঞ্চিত, ক্লান্ত ও অনিশ্চয়তার মধ্যে।

    দেশের অর্থনীতিকে টেকসই ও মানবিক করতে হলে শুধুমাত্র সংখ্যার খেলায় নয়, মানুষের জীবনমান উন্নয়নেই গুরুত্ব দিতে হবে। কাগজে যতই উজ্জ্বল দেখাক না কেন, যদি মানুষের পকেটে টাকা না থাকে, তবে সে উন্নয়ন শুধু চোখের ধাঁধা হয়ে থেকে যাবে।

    উত্তরণের পথ: আর্থিক বৈষম্য কমিয়ে সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বাস্তবভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালার দিকে যেতে হবে। বর্তমানে দেশের প্রবৃদ্ধির সুফল একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকায় বড় অংশের জনগণ উন্নয়নের বাইরে থেকে যাচ্ছে। এই বৈষম্য দূর করতে প্রয়োজন আয়ভিত্তিক কর ব্যবস্থা আরও কার্যকর করা, প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিনির্ভর সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার বণ্টন ন্যায্যভাবে নিশ্চিত করা।

    দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনে বড় চাপ তৈরি করেছে। বাজারে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হলে কার্যকর বাজার তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে। মধ্যস্বত্বভোগীদের প্রভাব হ্রাস, পর্যাপ্ত মজুদ ও সময়মতো পণ্য আমদানি-সরবরাহ নিশ্চিতের পাশাপাশি খুচরা বাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বজায় রাখার ব্যবস্থা করতে হবে।

    কর্মসংস্থান তৈরি বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। শুধু সরকারি চাকরির সংখ্যা বাড়ালেই সমস্যার সমাধান হবে না। এর পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে। তরুণদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগের সুযোগ বাড়ালে আত্মকর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব হ্রাস পাবে।

    বর্তমান বাজারে অধিকাংশ চাকরিজীবীর আয় তাদের প্রয়োজন মেটানোর তুলনায় অনেক কম। এই বাস্তবতা বিবেচনায় এনে মজুরি কাঠামো নতুনভাবে নির্ধারণ করতে হবে। সরকারি-বেসরকারি খাতে ন্যূনতম মজুরি সময়োপযোগীভাবে হালনাগাদ করতে হবে। কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, আবাসন, শিশুশিক্ষা ইত্যাদিতে সরকারি ও কর্পোরেট অংশীদারিত্বে সহায়তা বাড়াতে হবে।

    দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবইনির্ভর শিক্ষা ছাড়িয়ে বাস্তবমুখী ও কারিগরি প্রশিক্ষণভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে। বিশেষ করে যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে টিভিইটি (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) খাতের পরিধি বাড়ানো জরুরি।

    অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত সুফল যেন সব শ্রেণি-পেশার মানুষ পায়, তার জন্য বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। মানব উন্নয়ন খাতে যথেষ্ট বরাদ্দ নিশ্চিত না হলে পরিসংখ্যানের উন্নয়ন কেবল মুখরোচক হয়ে থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে জনগণের জীবনমান উন্নত করতে হবে।

    পরিশেষে যেসব পরিসংখ্যানে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়, সেগুলো যেন বাস্তব জীবনের প্রতিফলনও হয়। পরিসংখ্যানে শুধু উচ্চ আয়ের জনগোষ্ঠীর অর্জন নয়, বরং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বাস্তবতা অন্তর্ভুক্ত হওয়া জরুরি। এইসব সমাধান বাস্তবায়ন করতে পারলে পরিসংখ্যান আর বাস্তব জীবনের মাঝে যে ফারাক রয়েছে, তা অনেকটাই কমে আসবে। তখন পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়—মানুষের জীবন, আশা আর সম্মানের একটি জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠবে। এজন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও ব্যাপক করতে হবে। যাতে নীতিনির্ধারণ হয় সবার প্রতিনিধিত্বে, শুধু সংখ্যার সৌন্দর্যে নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.