ইরান-ইসরায়েল সংঘাতের ফলে দেশের তৈরি পোশাক শিল্প নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সোমবার (১৬ জুন) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করছে, যার প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয়। বিশেষ করে তৈরিপোশাক খাতের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। মাহমুদ হাসান খান বাবু বলেন, ইরান-ইসরায়েল সংঘাত আমাদের সামনে নতুন এক বাস্তবতা তুলে ধরেছে। যদি এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তাহলে তা পরিবহন ব্যয়সহ উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে, যার সরাসরি প্রভাব পড়বে পোশাক শিল্পে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতায় প্রতিযোগিতায় টিকে থাকাটা আরও কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমরা এমন সময়ে দায়িত্ব নিচ্ছি, যখন দেশের তৈরি পোশাক খাতকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এই প্রতিযোগিতা টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নবনির্বাচিত সভাপতি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা শুল্ক ব্যবস্থা, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, দেশে উচ্চ সুদহার, মুদ্রাস্ফীতি, দুর্বল অবকাঠামো, উৎপাদন ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে তৈরি পোশাক খাত ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়ছে। তিনি জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত ইস্যু নিয়েও ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তা সহনীয় পর্যায়ে রাখা যায়।
এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকেও তিনি বড় একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। বাবু বলেন, এলডিসি থেকে উত্তরণের পর আমরা কর সুবিধা হারাবো। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা আন্তর্জাতিক অংশীদার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনায় বসবো। অনুষ্ঠানে বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সহ-সভাপতি (১) হিসেবে দায়িত্ব নিয়েছেন সেলিম রহমান। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান, মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী নতুন পর্ষদে রয়েছেন।
ঢাকা অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল এবং সামিহা আজিম। চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এসএম আবু তৈয়ব এবং রাকিবুল আলম চৌধুরী।
অনুষ্ঠান শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একইভাবে ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নবনির্বাচিত সভাপতি ও পরিচালকদের অভিনন্দন জানান।

