পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয়। এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় পাঁচ টাকা বেশি। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয় ৫৫ থেকে ৬০ টাকা। যদিও এই উদ্যোগ নেওয়া হয়েছিল চামড়া বাজারে স্থিতিশীলতা আনতে, কিন্তু বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। রাজশাহীতে চামড়ার বাজারে সিন্ডিকেটের কারণে দর কমে গেছে উল্লেখযোগ্য হারে।
চামড়ার দর পতনের জন্য কিছু আড়তদার কৌশলে ‘ল্যাম্পি স্কিন’ রোগ, অ্যানথ্রাক্স এবং চামড়ার মান খারাপ হওয়াকে অজুহাত হিসেবে দাঁড় করান। যদিও প্রাণিসম্পদ অধিদফতর বলছে, কোরবানির সময় রাজশাহীর কোনো হাটে রোগাক্রান্ত গরু বিক্রি হয়নি এবং অসুস্থ গরু কোরবানি দেওয়ার সুযোগও ছিল না। তাদের মতে, এই অজুহাত ভুয়া এবং উদ্দেশ্যমূলক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, “কোরবানির জন্য নিখুঁত এবং সুস্থ পশুর প্রয়োজন হয়। চোখ, হাঁটা ও স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করেই কোরবানি দেওয়া হয়। অসুস্থ পশু কোরবানি দেওয়া ইসলামি দৃষ্টিকোণ থেকেও বৈধ নয়।”
সরকার নির্ধারিত দর অনুযায়ী গরুর কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল ১১৫০ টাকা, খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা। কিন্তু বাস্তবে অনেক মৌসুমি ব্যবসায়ী ছাগল ও ভেড়ার চামড়ার জন্য কোনো দরই পাননি। অনেকে বাধ্য হয়ে এই চামড়া নদী বা পুকুরে ফেলে দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও সিন্ডিকেটের কারণে বাজারে দরপতন ঘটেছে। রাজশাহী জেলা ও মহানগরে প্রায় তিন হাজার মৌসুমি ব্যবসায়ী এবার বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন, ৮০০ থেকে ১০০০ টাকা দিয়ে চামড়া কিনলেও তা বিক্রি করতে গিয়ে গড়ে ৫০০ টাকাও পাচ্ছেন না। লবণ, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে এতে চূড়ান্তভাবে লোকসান গুনতে হচ্ছে। তাদের মতে, শুধু দর নির্ধারণ করলেই হবে না, দর বাস্তবায়নে কঠোর মনিটরিং, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো এবং মৌসুমি ব্যবসায়ীদের জন্য সহায়তা দরকার।
রাজশাহী জেলায় এ বছর কোরবানি হয়েছে তিন লাখ ৪১ হাজার ৪৪৬টি পশু। রাজশাহী বিভাগের আট জেলায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে কোরবানির পর সংরক্ষিত চামড়ার সংখ্যা দুই লাখ ৮৭ হাজার ৫২৪টি। এর মধ্যে গরু ও মহিষের চামড়া ছিল এক লাখ ১০ হাজার ৯০৫টি এবং ছাগলের চামড়া এক লাখ ৭৬ হাজার ৬১৯টি।
জেলাভিত্তিক সংরক্ষিত চামড়ার পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহীতে ৬৭ হাজার ২৪৭টি, নাটোরে ৫৩ হাজার ৫১৩টি, চাঁপাইনবাবগঞ্জে ১৬ হাজার ৭৩৮টি, বগুড়ায় ২৩ হাজার ৪৩৬টি, পাবনায় ১৫ হাজার ৯৮৪টি, সিরাজগঞ্জে ২৩ হাজার ২২২টি, নওগাঁয় ২১ হাজার ২৭৩টি এবং জয়পুরহাটে ৬৬ হাজার ১১১টি চামড়া সংরক্ষিত হয়েছে।
চামড়ার যথাযথ সংরক্ষণে সরকার দেশের বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তবুও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য মৌসুমি ব্যবসায়ীদের কষ্টার্জিত টাকা হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। পবার এক ব্যবসায়ী মুস্তাক আহমেদ জানান, “সরকার দর বাড়ানোর পর ৭০০ থেকে ৯০০ টাকায় ৩০০ পিস চামড়া কিনেছি। কিন্তু প্রথম ৪-৫ ঘণ্টা কেউ দরও বলেনি। শেষ পর্যন্ত গড়ে ৩৩০ টাকায় সব বিক্রি করেছি। এতে ৬০ শতাংশ ক্ষতি হয়েছে। সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে চামড়া ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই।” মোহনপুরের ব্যবসায়ী আবদুর রউফ জানান, তিনি ৫০০ থেকে ৭০০ টাকায় দেড় হাজার চামড়া কিনেছেন এবং সেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করেছেন। তার মতে, রোগের অজুহাতের পাশাপাশি ট্যানারি মালিকদের দর নির্ধারণ প্রক্রিয়াটিও পর্যবেক্ষণের দাবি রাখে।
রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ দাবি করেন, প্রায় ৩০ শতাংশ চামড়া নষ্ট। তবুও আমরা ঝুঁকি নিয়ে কিনেছি, যাতে কেউ ক্ষতির মুখে না পড়ে। তবে প্রাণিসম্পদ বিভাগের দাবি, ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু রাজশাহীর কোনো হাটে বিক্রি হয়নি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, রোগটি চোখে দেখা যায় এবং এমন পশু কোরবানি দেওয়ার অনুমতি নেই। কাজেই এসব অজুহাত ভিত্তিহীন। রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী জানান, যদি ব্যবসায়ীরা দাবি করেন চামড়ায় রোগ আছে, তাহলে পরীক্ষার প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা তা পরীক্ষা করব।
চামড়ার বাজারে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে হলে সরকারি দর নির্ধারণের পাশাপাশি বাস্তবায়নে কঠোর ব্যবস্থা, সঠিক নজরদারি, সিন্ডিকেটবিরোধী কার্যক্রম এবং মৌসুমি ব্যবসায়ীদের জন্য প্রণোদনা নিশ্চিত করতেই হবে। তা না হলে প্রতিবছরই ঈদের পর চামড়ার বাজার নিয়ে হতাশার গল্পই পুনরাবৃত্তি হবে।

