চলতি ২০২৪-২৫ অর্থবছরেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। এখন পর্যন্ত সাড়ে ৩২ লাখ কনটেইনার, ১২ কোটি মেট্রিক টনেরও বেশি কার্গো পণ্য হ্যান্ডলিং এবং প্রায় চার হাজার জাহাজ নোঙর করিয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বন্দরটি। অথচ বছরটির শুরুটা ছিল অর্থনৈতিক অস্থিরতা আর প্রাকৃতিক দুর্যোগে ভরা। রাজনৈতিক টানাপোড়েন এবং আকস্মিক বন্যার কারণে বছরের প্রথম তিন মাসে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল প্রায় স্থবির।
২০২৪-২৫ অর্থবছরের সূচনা হয় ছাত্র ও সাধারণ মানুষের ব্যাপক আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় আকস্মিক বন্যা, যার প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। ফলে দেশের অর্থনীতিও এক সময় বিপর্যয়ের মুখে পড়ে। তবে অক্টোবরে এসে দৃশ্যপট বদলাতে থাকে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং নতুন উদ্যমে এগোতে থাকে দেশের বাণিজ্য। জুনের মাঝামাঝি পর্যন্ত চট্টগ্রাম বন্দর ৩১ লাখ ৬৩ হাজার কনটেইনার এবং সাড়ে ১২ কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের মাধ্যমে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। এই সময়ে বন্দরে ভিড়েছে ৩ হাজার ৯০০ পণ্যবাহী জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ জানান, আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে বন্দরের অব্যাহত সংস্কার ও আধুনিকীকরণ কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের পাশাপাশি ২১টি বেসরকারি অফডকও রেকর্ড গড়েছে। তারা চলতি অর্থবছরে ৬ লাখ ৮৮ হাজার রপ্তানি এবং ২ লাখ ৫৪ হাজার আমদানি কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা দেশের বেসরকারি লজিস্টিক খাতের সক্ষমতার দিকটি স্পষ্ট করে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব জানান, দেশের সার্বিক রপ্তানি কার্যক্রমের বড় একটি অংশই এখন অফডকগুলোর মাধ্যমে পরিচালিত হয়। ফলে এ প্রবৃদ্ধি শুধু ডিপোগুলোর নয়, বরং দেশের রপ্তানি খাতের সামগ্রিক উন্নয়নেরই প্রতিফলন।
তৈরি পোশাক খাতের রপ্তানি কার্যক্রম এই অগ্রগতির অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। মার্চ পর্যন্ত তিন প্রান্তিকে শুধু চট্টগ্রাম বন্দর দিয়েই প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। একই সময়ে গার্মেন্টসসহ অন্যান্য শিল্প খাতের কাঁচামালও এসেছে এই বন্দর দিয়েই। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও শিল্পকারখানা সচল রাখতে ব্যবসায়ীরা অতিরিক্ত সময় কাজ করেছেন এবং কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বিশ্বখ্যাত সামুদ্রিক বাণিজ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লয়’ড লিস্টের মতে, বিশ্বের ১০০টি ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৭তম। এই র্যাংকিং নির্ধারণে মূল বিবেচ্য হয় কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দরটি ক্রমেই তার অবস্থান শক্ত করছে।

